Muslim Population In India: ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হতে চলেছে, আর কত বছর? সার্ভে রিপোর্ট

কয়েক বছরের মধ্যেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে ভারত। পিউ রিসার্চ সেন্টারের (Pew Research Center) নতুন সমীক্ষায় এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশের মোট জনসংখ্যার মধ্যে হিন্দুদের অনুপাত কিছুটা কমে যেতে পারে।

Advertisement
ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হতে চলেছে, আর কত বছর? সার্ভে রিপোর্টভারতে মুসলিম জনসংখ্যা বাড়ছে
হাইলাইটস
  • বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে ভারত
  • সমীক্ষায় এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে
  • মোট জনসংখ্যার মধ্যে হিন্দুদের অনুপাত কিছুটা কমে যেতে পারে

২০৭০ সালের মধ্যে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হয়ে উঠতে পারে। প্রথম স্থানে থাকবে পাকিস্তান। পিউ রিসার্চ সেন্টারের (Pew Research Center) নতুন সমীক্ষায় এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে গবেষণা জানাচ্ছে, আগামী ৫ দশক ভারতে সংখ্যাগরিষ্ঠ থাকবে হিন্দুরাই। যদিও দেশের মোট জনসংখ্যার মধ্যে হিন্দুদের অনুপাত কিছুটা কমে যেতে পারে। একইসঙ্গে বাড়বে মুসলিম জনসংখ্যার অনুপাত। 

এই সমীক্ষায় বলা হয়েছে, ২০৩৫ সালের মধ্যে ইসলাম বিশ্বের বৃহত্তম ধর্ম হিসেবে খ্রিস্টধর্মকে ছাপিয়ে যেতে পারে। পাশাপাশি আগামী ৫০ বছরে ভারতের ধর্মীয় জনসংখ্যার গঠনেও ধীরে ধীরে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

পিউ-এর অনুমান অনুযায়ী, ২০২০ সালে ভারতের মোট জনসংখ্যার ৭৯ শতাংশ ছিলেন হিন্দু। ২০৭০ সালে সেই অনুপাত কমে ৭৬ শতাংশ হতে পারে। অন্যদিকে, মুসলিম জনসংখ্যার অনুপাত ১৫ শতাংশ থেকে বেড়ে ২০ শতাংশে পৌঁছতে পারে। মুসলিমদের গড় বয়স তুলনামূলকভাবে কম এবং সন্তান জন্ম দেওয়ার হার বেশি হওয়াকেই এই পরিবর্তনের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে পিউ।

সমীক্ষাটি প্রকাশিত হয়েছে বুধবার। বিশ্বের ২০১টি দেশের ৭টি প্রধান ধর্মীয় গোষ্ঠীর জনসংখ্যার পরিবর্তন বিশ্লেষণ করে এই রিপোর্ট তৈরি করা হয়েছে। এই দেশগুলিতে সম্মিলিতভাবে রয়েছে বিশ্বের মোট জনসংখ্যার ৯৯.৯৮ শতাংশ। 

২০৭০ সালে কত হতে পারে হিন্দু জনসংখ্যা?
পিউ রিসার্চের সমীক্ষা অনুযায়ী, ২০২০ সালে ভারতে হিন্দু জনসংখ্যা ছিল প্রায় ১১১ কোটি। ২০৭০ সালের মধ্যে তা বেড়ে ১২৯ কোটিতে পৌঁছতে পারে। অর্থাৎ, আগামী ৫০ বছরে হিন্দু জনসংখ্যা প্রায় ১৭.৬ কোটি বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে মোট জনসংখ্যার তুলনায় হিন্দুদের অনুপাত কিছুটা কমবে। 

এর আগে ২০২৪ সালে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদ (EAC-PM)-এর একটি সমীক্ষাতেও ভারতে হিন্দু জনসংখ্যার অনুপাত কমার বিষয়টি উঠে এসেছিল। সেই রিপোর্ট অনুযায়ী, ১৯৫০ থেকে ২০১৫ সালের মধ্যে ভারতে হিন্দুদের জনসংখ্যার অনুপাত ৭.৮ শতাংশ কমেছিল। অন্যদিকে, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ ও শিখ-সহ সংখ্যালঘু সম্প্রদায়ের অনুপাত বেড়েছিল।

Advertisement

কেন বাড়বে মুসলিম জনসংখ্যার অনুপাত?
পিউ-এর সমীক্ষায় এই পরিবর্তনের পিছনে মূলত ২টি কারণের কথা বলা হয়েছে। প্রথমত, মুসলিমদের গড় বয়স তুলনামূলকভাবে কম। দ্বিতীয়ত, তাঁদের মধ্যে সন্তান জন্ম দেওয়ার হার বেশি। ২০২০ সালে ভারতে মুসলিমদের মধ্যবয়স ছিল ২৪ বছর। অন্যদিকে, হিন্দুদের ক্ষেত্রে এই বয়স ছিল ২৯ বছর।

সমীক্ষা অনুযায়ী, গত ৩ দশকে হিন্দু মহিলাদের গড় সন্তান জন্ম দেওয়ার হার ৩.৩ থেকে কমে ১.৯ হয়েছে। ২০২৫ থেকে ২০৩০ সালের মধ্যে ভারতে মুসলিম মহিলাদের গড় সন্তান জন্ম দেওয়ার হার ২.৩ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে পিউ। হিন্দু মহিলাদের ক্ষেত্রে এই হার হতে পারে ১.৮। তবে ২০৭০ সালেও ভারতের তিন-চতুর্থাংশের বেশি মানুষ হিন্দু থাকবেন বলে অনুমান করা হয়েছে।

২০২০ সালে বিশ্বের মোট হিন্দু জনসংখ্যার ৯৪.৫ শতাংশই বসবাস করতেন ভারতে। ২০৭০ সালে ভারতের হিন্দু জনসংখ্যা বেড়ে ১২৯ কোটি হলেও বিশ্বের মোট হিন্দু জনসংখ্যার মধ্যে ভারতের পরিসংখ্যান কমে ৯৩.৬ শতাংশ হতে পারে। বিশ্বের নিরিখে ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে হিন্দু জনসংখ্যা প্রায় ১৯.৯ কোটি বাড়তে পারে। তবে বিশ্বের মোট জনসংখ্যার মধ্যে হিন্দুদের অনুপাত ১৫ শতাংশ থেকে কমে ১৪ শতাংশ হতে পারে।

পাকিস্তান ও আমেরিকাতেও বাড়বে হিন্দু জনসংখ্যা
পিউ-এর সমীক্ষা অনুযায়ী, ২০২০ সালে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যা ছিল ইন্দোনেশিয়ায়। দ্বিতীয় স্থানে ছিল পাকিস্তান এবং তৃতীয় স্থানে ভারত। কিন্তু ২০৭০ সালের মধ্যে পাকিস্তান ইন্দোনেশিয়াকে ছাপিয়ে যেতে পারে। পাকিস্তানে মুসলিম জনসংখ্যা বেড়ে ৪৬.১ কোটিতে পৌঁছতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

২০৭০ সালে ভারতে মুসলিম জনসংখ্যা হতে পারে ৩৩.৪ কোটি। ২০২০ সালে ভারতে মুসলিমদের সংখ্যা ছিল প্রায় ২১.৩ কোটি। ২০৭০ সালের মধ্যে তা বেড়ে ৩৩.৪ কোটিতে পৌঁছতে পারে। এর ফলে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশগুলির তালিকায় ভারতের অবস্থান তৃতীয় থেকে দ্বিতীয় স্থানে উঠে আসতে পারে। ২০৭০ সালের মধ্যে বিশ্বের মোট মুসলিম জনসংখ্যার ৯.২ শতাংশ ভারতে বসবাস করতে পারেন বলে অনুমান।

পাকিস্তান এবং আমেরিকায় হিন্দু জনসংখ্যা বাড়তে পারে। পাকিস্তানে হিন্দু জনসংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে ৫০ লক্ষ থেকে বেড়ে ১ কোটি ৩ লক্ষে পৌঁছতে পারে। জন্মের সংখ্যা মৃত্যুর তুলনায় বেশি হওয়ার কারণে এই বৃদ্ধি ঘটবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, ২০৭০ সালের মধ্যে বিশ্বের পঞ্চম বৃহত্তম হিন্দু জনসংখ্যার দেশ হয়ে উঠতে পারে আমেরিকা। সেখানে হিন্দুদের সংখ্যা বেড়ে ৭৪ লক্ষ হতে পারে। এই বৃদ্ধির পিছনে অভিবাসনকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

 

POST A COMMENT
Advertisement