
India US relations: সোমবার হঠাৎই ভারত-মার্কিন কূটনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। আমেরিকার রাষ্ট্রদূত সের্গিও গোর তাঁর এক্স হ্যান্ডেল @USAmbIndia-তে একটি সংক্ষিপ্ত পোস্ট করে জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। পোস্টে বিস্তারিত কিছু না জানালেও শেষে যোগ করা হয়, “STAY TUNED…”, যা স্বাভাবিকভাবেই জল্পনা আরও উসকে দেয়।
এই এক লাইনের বার্তাতেই এখনও স্পষ্ট নয়, কী আসতে চলেছে। দুই দেশের শীর্ষ নেতৃত্ব ঠিক কোন বিষয়ে আলোচনা করলেন, তা এখনও স্পষ্ট নয়। তবে আন্তর্জাতিক পরিস্থিতি, প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য সম্পর্ক কিংবা ইন্দো-প্যাসিফিক কৌশল, সব দিক থেকেই এই ফোনালাপকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক মহল। ‘স্টে টিউনড’ শব্দবন্ধে স্পষ্ট ইঙ্গিত, খুব শিগগিরই হোয়াইট হাউস বা নয়াদিল্লি থেকে কোনও বড় ঘোষণা সামনে আসতে পারে। ফলে এখন নজর দু’দেশের পরবর্তী পদক্ষেপের দিকেই।
সম্প্রতি মার্কিন প্রশাসনের নতুন ট্যারিফ নীতিকে ঘিরে ভারত-মার্কিন বাণিজ্য সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। কিছু ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্তে ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে অস্বস্তি স্পষ্ট। ভারতের রফতানিকারক মহলের মতে, এই ট্যারিফ সরাসরি প্রতিযোগিতায় প্রভাব ফেলছে, অন্যদিকে আমেরিকার যুক্তি, নিজেদের শিল্প ও কর্মসংস্থান রক্ষা করতেই এই কড়া অবস্থান। কূটনৈতিক স্তরে আলোচনা চললেও আপাতত দু’দেশের বাণিজ্যিক সম্পর্কে এক ধরনের সতর্কতা ও অনিশ্চয়তার আবহ তৈরি হয়েছে, যা ভবিষ্যৎ দ্বিপাক্ষিক চুক্তির পথ কতটা মসৃণ হবে, তা নিয়েই এখন প্রশ্ন উঠছে। তার মধ্যে নতুন করে এমন পোস্টে নতুন কোন দিকে সম্পর্ক গড়ায়, নাকি এই পোস্ট সম্পূর্ণ অন্য কোনও ইস্যুতে তা জানতে আরেকটি অপেক্ষা করতে হবে।