ভোটারদের বয়স ২১ থেকে ১৮ কবে কেন করা হল?এখন ১৮ বছর বয়স হলেই ভোটার হওয়া যায়। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন দেশের তরুণ-তরুণীরা। কিন্তু সব সময় এমন নিয়ম ছিল না। একসময় ভারতে ভোট দেওয়ার ন্যূনতম বয়স ছিল ২১ বছর। অর্থাৎ, ১৮, ১৯ বা ২০ বছর বয়সি কেউ লোকসভা বা বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারতেন না।
কিন্তু এই নিয়ম বদলে যায় ১৯৮৮ সালে। তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আমলে ভোট দেওয়ার বয়স ২১ থেকে কমিয়ে ১৮ বছর করা হয়। এর ফলে দেশের কোটি কোটি তরুণ ভোট দেওয়ার অধিকার পান। কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? কীভাবেই বা বদলেছিল নিয়ম? রয়েছে মজার ইতিহাস।
কেন ভোট দেওয়ার বয়স কমানো হয়েছিল?
১৯৫০ সালে সংবিধান কার্যকর হওয়ার পর থেকেই ভোট দেওয়ার মিনিমাম বয়স ছিল ২১ বছর। সংবিধানের ৩২৬ নম্বর অনুচ্ছেদে এই নিয়মের কথা বলা হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই নিয়ম বদলানোর দাবি ওঠে।
তখন অনেক দেশেই ১৮ বছর বয়স থেকে ভোট দেওয়ার অধিকার ছিল। ভারতের কয়েকটি রাজ্যেও স্থানীয় নির্বাচনে ১৮ বছর বয়সিদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। পাশাপাশি, দেশের তরুণ প্রজন্মও রাজনীতি নিয়ে সচেতন হচ্ছিল। অনেকেই মনে করছিলেন, দেশের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় তরুণদেরও অংশ নেওয়ার সুযোগ থাকা উচিত।
এই বিষয়গুলি মাথায় রেখেই ভোটের বয়স কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের যুক্তি ছিল, ১৮ থেকে ২১ বছর বয়সি তরুণদেরও দেশের রাজনীতিতে মত প্রকাশের সুযোগ দিতে হবে।
কীভাবে নিয়ম বদলাল?
১৯৮৮ সালের ১৩ ডিসেম্বর লোকসভায় ভোটের বয়স কমানোর জন্য একটি সংশোধনী বিল পেশ করা হয়। প্রথমে এটি ৬২তম সংবিধান সংশোধনী বিল হিসাবে আনা হয়েছিল। পরে নম্বর বদলে হয় ৬১তম সংবিধান সংশোধনী বিল।
লোকসভায় বিলটি পাশ হওয়ার পর রাজ্যসভাতেও আলোচনা হয়। ২০ ডিসেম্বর ১৯৮৮ সালে রাজ্যসভায় বিলটি পাশ হয়। এরপর রাষ্ট্রপতির অনুমোদন মেলে ১৯৮৯ সালের ২৮ মার্চ। এই আইন কার্যকর হওয়ার পর সংবিধানের ৩২৬ নম্বর অনুচ্ছেদে পরিবর্তন আসে। ভোট দেওয়ার ন্যূনতম বয়স কমে হয় ১৮ বছর।
কোন নির্বাচনে ১৮ বছর বয়সীরা প্রথম ভোট দেন?
১৯৮৯ সালের লোকসভা নির্বাচনে প্রথম ১৮ থেকে ২১ বছর বয়সি তরুণরা ভোট দেন। প্রায় ৩ কোটি ৫৭ লক্ষ নতুন তরুণ ভোটার এই নির্বাচনে অংশ নিয়েছিলেন।