গুপ্তচরবৃত্তির অভিযোগে ল্যান্স নায়ক গ্রেফতারভারতের নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় চাঞ্চল্য সৃষ্টি করেছে এক গুপ্তচরবৃত্তির ঘটনা। উত্তরপ্রদেশ অ্যান্টি-টেররিজম স্কোয়াড বা ইউপি এটিএস (Uttar Pradesh Anti-Terrorism Squad) পাক গুপ্তচর সংস্থা আইএসআই (Inter-Services Intelligence)-এর হয়ে কাজ করার অভিযোগে ভারতীয় নৌবাহিনীর এক ল্যান্স নায়েককে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তির নাম আদর্শ কুমার (Adarsh Kumar) যিনি ‘লাকি’ নামেও পরিচিত।
তদন্তকারী সংস্থার দাবি, অভিযুক্ত আদর্শ কুমার ইন্ডিয়ান নেভি (Indian Navy)র সাউদার্ন কমান্ডে কর্মরত ছিলেন এবং কেরলের কোচি (Kochi) নৌঘাঁটিতে তাঁর পোস্টিং ছিল। অভিযোগ, সেখান থেকে তিনি নৌবাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য ও ছবি গোপনে পাকিস্তানি গুপ্তচর সংস্থার কাছে পাঠাতেন।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, আইএসআই-এর হ্যান্ডলারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল আদর্শের। তিনি মোবাইল ফোনের মাধ্যমে নৌবাহিনীর সংবেদনশীল তথ্য ও ছবি পাঠাতেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি সামনে আসার পরই নিরাপত্তা সংস্থাগুলি সক্রিয় হয়ে ওঠে এবং তদন্ত শুরু করে।
ইউপি এটিএস জানিয়েছে, ধৃত আদর্শ কুমার শুধু তথ্যই পাঠাতেন না, বরং নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে আইএসআই-এর হ্যান্ডলারদের কাছে অর্থও পাঠিয়েছেন। তদন্তকারীরা মনে করছেন, এই আর্থিক লেনদেনের মাধ্যমে গুপ্তচরবৃত্তির নেটওয়ার্ক আরও বিস্তৃত হতে পারে।
ধৃত আদর্শ কুমারের বাড়ি উত্তরপ্রদেশের আগ্রা জেলার কাগারোল এলাকায়। যদিও তিনি চাকরিসূত্রে কেরলের কোচিতে অবস্থান করছিলেন। গোয়েন্দারা এখন খতিয়ে দেখছেন, তিনি একাই কাজ করছিলেন নাকি এর সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, সামরিক ঘাঁটি থেকে তথ্য ফাঁসের ঘটনা অত্যন্ত গুরুতর। তাই এই মামলায় আরও গভীর তদন্ত চলছে এবং ভবিষ্যতে আরও গ্রেফতার হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।