অত্যাধুনিক এরোডাইনামিক ডিজাইন। আগ্রাসী লুক। গেরুয়া রঙ। এটিই দেশের প্রথম বুলেট ট্রেন হতে চলেছে।ভারতের প্রথম বুলেট ট্রেন। মুম্বই-আহমেদাবাদ (Mumbai-Ahmedabad) হাই স্পিড রেল প্রকল্পের ট্রেনের প্রথম লুক প্রকাশ করল রেল মন্ত্রক। নয়াদিল্লিতে রেল মন্ত্রকের বিল্ডিংয়ের ৪ নম্বর গেটের সামনে বুলেট ট্রেনের বিশাল ছবি বসানো হয়েছে। অত্যাধুনিক এরোডাইনামিক ডিজাইন। আগ্রাসী লুক। গেরুয়া রঙ। এটিই দেশের প্রথম বুলেট ট্রেন হতে চলেছে।
রেল সূত্রে খবর, ২০২৭ সালের ১৫ অগাস্ট মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন চালু হতে পারে। পরিষেবা শুরু হলে দুই শহরের মধ্যে মাত্র ২ ঘণ্টায় যাতায়াত করা যাবে। ফলে দেশের রেল পরিবহণ ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা হতে চলেছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।
বুলেট ট্রেনের প্রথম ছবি প্রকাশ্যে আসার একদিন আগেই অবশ্য আপডেট দিয়েছিল ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড বা NHSRCL। সংস্থার তরফে জানানো হয়, মুম্বইয়ের ভিখরোলি এলাকায় টানেল নির্মাণের কাজে প্রথম টানেল বোরিং মেশিন বা TBM-এর কাটারহেড নামানো হয়েছে।
প্রায় ১৩.৬ মিটার ব্যাসের এই কাটারহেডের ওজন প্রায় ৩৫০ টন। এটি বসানোর মাধ্যমে বুলেট ট্রেন প্রকল্পের মূল টানেল নির্মাণের একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পূর্ণ হল বলে জানিয়েছে NHSRCL।
সংস্থার দাবি, মুম্বই টানেলের ২১ কিলোমিটার দীর্ঘ অংশের মধ্যে ১৬ কিলোমিটার অংশ নির্মাণের জন্য দু'টি বিশাল TBM ব্যবহার করা হবে। প্রতিটির ওজন ৩ হাজার টনেরও বেশি। এর মধ্যে প্রায় ৭ কিলোমিটার সমুদ্রের নিচ দিয়ে। থানে খাড়ির নিচ দিয়ে তৈরি হওয়া এই টানেলই হবে ভারতের প্রথম আন্ডার সি রেল টানেল।
রেল মন্ত্রকের দাবি, এই প্রকল্প চালু হলে শুধু যাতায়াতের সময়ই কমবে না, দেশের হাই স্পিড রেল প্রযুক্তির ক্ষেত্রেও বড় পরিবর্তন আসবে। অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা, দ্রুত গতি এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে ভারতীয় রেলকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই এগোচ্ছে এই প্রকল্প।