India’s First Hydrogen Bus: পেট্রোল-ডিজেল নয়, হাইড্রোজেনে চলবে বাস! শুরু পরিষেবা

দেশে পরিবহণ ব্যবস্থায় বড় বদল? পেট্রোল, ডিজেল বা সিএনজি নয়, এ বার হাইড্রোজেন জ্বালানিতে চলবে বাস। রাজধানী দিল্লিতে চালু হল প্রথম হাইড্রোজেন চালিত শাটল বাস পরিষেবা।

Advertisement
পেট্রোল-ডিজেল নয়, হাইড্রোজেনে চলবে বাস! শুরু পরিষেবারাজধানী দিল্লিতে চালু হল প্রথম হাইড্রোজেন চালিত শাটল বাস পরিষেবা।
হাইলাইটস
  • পেট্রোল, ডিজেল বা সিএনজি নয়, এ বার হাইড্রোজেন জ্বালানিতে চলবে বাস।
  • দিল্লিতে চালু হল প্রথম হাইড্রোজেন চালিত শাটল বাস পরিষেবা।
  • ডিএমআরসি ১৫ মে থেকে এই পরিষেবা শুরু করেছে।

India’s First Hydrogen Bus: দেশে পরিবহণ ব্যবস্থায় বড় বদল? পেট্রোল, ডিজেল বা সিএনজি নয়, এ বার হাইড্রোজেন জ্বালানিতে চলবে বাস। রাজধানী দিল্লিতে চালু হল প্রথম হাইড্রোজেন চালিত শাটল বাস পরিষেবা। Delhi Metro Rail Corporation বা ডিএমআরসি ১৫ মে থেকে এই পরিষেবা শুরু করেছে। আপাতত সেন্ট্রাল ভিস্তা এলাকাতেই চলবে এই বিশেষ বাস।

বিশ্বজুড়ে জ্বালানি সংকট এবং তেলের দাম বৃদ্ধির আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি দেশবাসীকে জ্বালানির ব্যবহার কমানোর আবেদন করেছিলেন। সেই সময়েই ডিএমআরসি-র এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ডিএমআরসি সূত্রে খবর, কেন্দ্রীয় সচিবালয় থেকে সেবা তীর্থ মেট্রো স্টেশনের মধ্যে চলবে এই শাটল বাস। বাসটি ডিএমআরসি-কে দিয়েছে Indian Oil Corporation Limited বা আইওসিএল। আর বাসটি তৈরি করেছে Tata Motors। ২০২৩ সালেই আইওসিএল-এর হাতে এই হাইড্রোজেন বাস তুলে দিয়েছিল টাটা মোটরস।

কী বিশেষত্ব এই হাইড্রোজেন বাসে?
এই বাসে ব্যবহার করা হয়েছে হাইড্রোজেন চালিত PEM Fuel Cell প্রযুক্তি। বাসে রয়েছে ৩৫০-বার হাইড্রোজেন স্টোরেজ সিস্টেম এবং ৭০ কিলোওয়াটের ফুয়েল সেল। এই প্রযুক্তির সাহায্যেই বাসটি শক্তি পায়।

সবচেয়ে বড় বিষয়, এই ধরনের বাস থেকে কার্যত কোনও দূষণ বেরোয় না। ফলে পরিবেশ দূষণ কমানোর ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

নিরাপত্তার জন্য বাসে রাখা হয়েছে ইলেকট্রনিক ব্রেকিং সিস্টেম এবং স্টেবিলিটি কন্ট্রোল। পাশাপাশি রয়েছে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম এবং আধুনিক টেলিম্যাটিক প্রযুক্তি, যাতে রক্ষণাবেক্ষণ আরও কার্যকর হয়।

১২ মিটার লম্বা এই বাসে ৩৫ জন যাত্রীর বসার ব্যবস্থা রয়েছে। এছাড়া বাসে জিপিএস-ভিত্তিক ট্র্যাকিং এবং সিসিটিভি ক্যামেরাও রয়েছে। ফলে রিয়েল টাইমে বাসের গতিবিধি নজরে রাখা সম্ভব হবে।

কোন কোন এলাকায় চলবে?
ডিএমআরসি জানিয়েছে, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে। সকালে ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত এবং বিকেল ৩টে ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টে ৩০ মিনিট পর্যন্ত চলবে বাস।

Advertisement

এই শাটল পরিষেবা কৃত্যব্য ভবন, বিজ্ঞান ভবন, নির্মাণ ভবন, আকবর রোড, বড়োদা হাউস, ন্যাশনাল স্টেডিয়াম, ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টস, ইন্ডিয়া গেট এবং সেবা তীর্থ মেট্রো স্টেশন এলাকা কভার করবে। ক্লকওয়াইজ এবং অ্যান্টি-ক্লকওয়াইজ— দুই দিকেই চলবে বাস।

সিএনজির চেয়েও ভাল?
বিশেষজ্ঞদের মতে, দূষণ কমানোর ক্ষেত্রে হাইড্রোজেন চালিত যানবাহন নিঃসন্দেহে পেট্রোল, ডিজেল কিংবা সিএনজি-র তুলনায় অনেক বেশি পরিবেশবান্ধব। কারণ এই প্রযুক্তিতে কার্যত কোনও ক্ষতিকর ধোঁয়া নির্গত হয় না।

তবে আপাতত এই প্রযুক্তি এখনও পরীক্ষামূলক পর্যায়েই রয়েছে। দেশে পর্যাপ্ত হাইড্রোজেন ফুয়েল স্টেশন এবং প্রয়োজনীয় পরিকাঠামো এখনও তৈরি হয়নি। ফলে এখনই বড় আকারে এই ধরনের বাস পরিষেবা চালু করা সম্ভব নয়।

তবে দিল্লির মতো দূষণে জর্জরিত শহরে হাইড্রোজেন বাস ভবিষ্যতে বড় পরিবর্তন আনতে পারে বলেই মনে করা হচ্ছে। পরিবেশবান্ধব গণপরিবহণ ব্যবস্থার দিকে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই দাবি পরিবহণ বিশেষজ্ঞদের। 

POST A COMMENT
Advertisement