ফের জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলা, গুলিতে মৃত্যু পুলিশের; পহেলগাঁও হামলার পর প্রথমবার

ফের জঙ্গি কাশ্মীরে জঙ্গি হামলা। এবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে এক পুলিশ কনস্টেবলকে লক্ষ্য করে গুলি চালাল এক জঙ্গি।

Advertisement
ফের জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলা, গুলিতে মৃত্যু পুলিশের; পহেলগাঁও হামলার পর প্রথমবারফের জম্মু ও কাশ্মীরে জঙ্গির গুলিতে মৃত্যু পুলিশের
হাইলাইটস
  • জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে ফের জঙ্গি তাণ্ডব।
  • পহেলগাঁও হামলার পর আবারও ভূ-স্বর্গে জঙ্গি হামলার ঘটনা।
  • অনন্তনাগে এক জঙ্গির গুলিতে মৃত্যু হল জম্মু ও কাশ্মীর পুলিশের এক কনস্টেবলের।

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে ফের জঙ্গি তাণ্ডব। ২০২৫ সালে পহেলগাঁও  হামলার পর আবারও ভূ-স্বর্গে জঙ্গি হামলার ঘটনা। বুধবার অনন্তনাগে এক জঙ্গির গুলিতে মৃত্যু হল জম্মু ও কাশ্মীর পুলিশের এক কনস্টেবলের।

প্রশাসন সূত্রে খবর, নিহত কনস্টেবল আশিক হুসেন কোরেশি (৩৫) ইন্ডিয়া রিজার্ভ (আইআর)-এর ৩য় ব্যাটালিয়নের একজন কনস্টেবল। তিনি ছিলেন বুদগাম জেলার বাসিন্দা।

সরকারি সূত্রে দাবি, অনন্তনাগের লাল চকের কাছে এই হামলার ঘটনা ঘটেছে। ওই কনস্টেবল তখন ডিউটিরত অবস্থায় পেট্রলিংয়ের কাজ করছিলেন। আচমকাই এক জঙ্গি সেখানে হাজির হয়ে তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। এলাকায় গুলির শব্দের ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আশিক হুসেন কোরেশিকে গুরুতর জখম অবস্থায় অনন্তনাগে সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে, চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

অন্যদিকে, হামলার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আরও বাহিনী। চটজলজি গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয়েছে সার্চ অপারেশন। অতিরিক্ত বাহিনী নামিয়ে গোটা এলাকা চষে ফেলছে নিরাপত্তা বাহিনী। পাশাপাশি চেক-পয়েন্ট গুলিতেও কড়া নাকা-চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। হামলাকারীকে পাকড়াও করার ও তাঁর পরিচয় জানার চেষ্টা করছে নিরাপত্তা বাহিনী।  

উল্লেখ্য বিষয় হল, অপারেশন সিঁদুরের পর এই প্রথমবার ভূ-স্বর্গে পুলিশকে লক্ষ্য করে এমন হামলা চালানোর ঘটনা ঘটল। পহেলগাঁও হামলায় ২৬ জন ভারতীয়ের মৃত্যুর পর জঙ্গি নিকেশে অপারেশন সিঁদুর লঞ্চ করেছিল ভারত। বেশ কিছু জঙ্গি ঘাঁটি ধ্বংসও করা হয়েছিল সেই হামলায়। তারপর থেকেই  কেন্দ্রশাসিত অঞ্চলজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা বজায় ছিল। কিন্তু এরই মধ্যে এই হামলা করা হল। ঠিক কী কারণে, কোন গোষ্ঠী হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয় বলে জানা গিয়েছে।

 

POST A COMMENT
Advertisement