BJP ছেড়ে নিজের দল গড়ছেন অন্নামালাই! তামিলনাড়ুর রাজনীতিতে নতুন সমীকরণদক্ষিণে গেরুয়া ঝাণ্ডা ধরে রেখেছিলেন। তবে আর নয়। বড় সিদ্ধান্ত নিলেন তামিলনাড়ু বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি কে অন্নামালাই। বিজেপি থেকে ইস্তফা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নিজের নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা করলেন। আগামী বিধানসভা নির্বাচনে তাঁর নতুন দল লড়বে বলেও জানালেন।
শুক্রবার বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব তাঁর পদত্যাগপত্র গ্রহণ করে। এরপর একটি ভিডিও বার্তা দেন অন্নামালাই। জানান, নতুনভাবে রাজনৈতিক আন্দোলন শুরু করবেন তিনি।
২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর তামিলনাড়ু বিজেপির সভাপতির পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই বিষয়টি নিয়ে তিনি বেশ অসন্তুষ্ট ছিলেন। তার পর থেকেই তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছিল। শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হল।
অন্নামালাই জানিয়েছেন, হঠাৎ করে তিনি বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নেননি। গত বছর ডিসেম্বরেই দলের শীর্ষ নেতৃত্বকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। তাঁর দাবি, তামিলনাড়ুর নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকার পরামর্শ দিয়েছিল দল। সেই কারণেই তিনি মে মাস পর্যন্ত অপেক্ষা করেছিলেন।
প্রাক্তন আইপিএস অফিসার অন্নামালাই তামিলনাড়ু রাজনীতিতে 'সিংহম' নামে বেশি পরিচিত। উচ্চপদস্থ সরকারি চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ। দাপুটে মেজাজ আর শিক্ষিত ভাবমূর্তির কারণে দ্রুত বিজেপির অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন। ২০২১ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে জয় পাননি। তবে পরবর্তীতে তাঁকেই রাজ্য সভাপতির দায়িত্ব দেয় বিজেপি।
লোকসভা নির্বাচনে বিজেপি তামিলনাড়ুতে ভোটের হার কিছুটা বাড়িয়েছিলেন। তবে জিততে পারেননি। পরে অন্নামালাইয়ের জায়গায় রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হয় নৈনার নাগেন্দ্রনকে। সেই সময় থেকেই তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা শুরু হয়। যদিও অন্নামালাই বারবার দাবি করেছেন, নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত তাঁর ব্যক্তিগত। দলের নেতৃত্বকে লিখিতভাবেও সেই সিদ্ধান্ত জানিয়েছিলেন বলে তিনি দাবি করেন।
সম্প্রতি নির্বাচনের ফল প্রকাশের পর তিনি দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। তার পর থেকেই নতুন রাজনৈতিক দল গঠনের সম্ভাবনা আরও জোরালো হয়। অবশেষে সেই জল্পনায় সিলমোহর দিলেন প্রাক্তন আইপিএস অফিসার।