সবেধন নীলমণি কেরলও হারাচ্ছে বামেরাএগজিট পোলের পূর্বাভাস আগেই ছিল। সেই আশঙ্কা সত্যি করেই কেরলে বেকায়দায় বামেরা। বাম জোটের চেয়ে কার্যত আড়াইগুণ বেশি সিটে এগিয়ে রয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন জোট। এই প্রবণতা বজায় থাকলে দেশের একটি মাত্র রাজ্য থেকেও ক্ষমতা হারাতে চলেছে বামেরা।
পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাচ্ছে, দুপুর ১টা ৫০ পর্যন্ত বাম নেতৃত্বাধীন LDF জোট এগিয়ে রয়েছে প্রায় ৩৩টি আসনে। অন্যদিকে, কংগ্রেস নেতৃত্বাধীন জোট UDF এগিয়ে রয়েছে ৮৬টি আসনে। এগিয়ে থাকা ছাড়াও, LDF ইতিমধ্যেই ৫টি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে, UDF জিতে গিয়েছে ১০টি আসনে। কেরলে বিজেপি জোট এগিয়ে রয়েছে ২টি আসনে।
অতীতের পরিসংখ্যান ঘাঁটলে দেখা যাচ্ছে, বিগত ২০ বছর পর ছাব্বিশের নির্বাচনেই কংগ্রেস জোট UDF- সবচেয়ে বেশি আসন পেয়ে ক্ষমতায় আসতে চলেছে। দুপুর ১টা ৫০ পর্যন্ত এগিয়ে থাকার ট্রেন্ড বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, প্রায় ১০০টি আসন ঝুলিতে পুরতে পারে UDF।
কংগ্রেসের জোটে কোন কোন দল রয়েছে?
কংগ্রেস ছাড়াও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (IUML), কেরল কংগ্রেস (জোসেফ), কেরল কংগ্রেস (জ্যাকব), রিভোলিউশনারি সোশ্যালিস্ট পার্টি (RSP) এবং আরও ছোট কয়েকটি দল এই জোটে অন্তর্ভুক্ত রয়েছে। জোটের ভিতরের পরিসংখ্যান দেখাচ্ছে, কেরলে ৪৯টি আসনে এগিয়ে কংগ্রেস ও ১১টি আসনে ইতিমধ্যেই জয় পেয়েছে কংগ্রেস। এছাড়াও,IUML জিতে গিয়েছে ২টি আসনে ও এগিয়ে রয়েছে আরও ২১টি আসনে।
দেশ বাম শূন্য!
কেরলে বামেরা হারলে সারা দেশেই শূন্য হয়ে যাবে বামেরা। গত পাঁচ দশক ধরেই বামেদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল পশ্চিমবঙ্গ, ত্রিপুরা আর কেরল। এরমধ্যে ২০১১ সালে পশ্চিমবঙ্গে ক্ষমতা থেকে সরে যায় বামেরা। ২০১৮-তে ত্রিপুরা থেকেও বামেদের বিদায় হয়। আর এবার ২০২৬-এর ট্রেন্ড বলছে কেরলও হারাতে চলেছে বামেরা। ফলে দেশ হয়ে যাচ্ছে বাম শূন্য।