মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা গোষ্ঠীর ফার্ম ইকুইপমেন্ট ব্যবসার প্রেসিডেন্ট বিজয় নাকরা।Kisan Tak Bharat Agriculture Conference 2026: ভারতের কৃষিক্ষেত্রকে নতুন দিশা দেখাতে এখন আর শুধু উৎপাদন বাড়ালেই চলবে না। বরং কৃষির সম্পূর্ণ ভ্যালু চেনকে আরও শক্তিশালী করে তোলা জরুরি। আর সেই লক্ষ্যপূরণে আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ডেটা এবং কৃষিযন্ত্রের ভূমিকা ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এমনটাই মত মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা গোষ্ঠীর ফার্ম ইকুইপমেন্ট ব্যবসার প্রেসিডেন্ট বিজয় নাকরার। তাঁর কথায়,'ভারতীয় কৃষিক্ষেত্র এখন বড় পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সুযোগকে কাজে লাগানোর এটাই সঠিক সময়'। কৃষির ভবিষ্যতের জন্য ‘স্মার্ট কৃষক’-এর মন্ত্রও দিলেন।
বুধবার দিল্লির ভারত মণ্ডপমে ইন্ডিয়া টুডে গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত 'কিষাণ তক ভারত এগ্রিকালচার কনফারেন্স ২০২৬'-এর প্রথম দিনে 'ইয়েহি সময় হ্যায়, সহি সময়' শীর্ষক অধিবেশনে বক্তব্য রাখেন বিজয় নাকরা। তিনি বলেন,'যে কোনও দেশের নিরাপত্তা, উন্নয়ন এবং সমৃদ্ধির অন্যতম প্রধান শর্ত খাদ্য নিরাপত্তা। তাতে সবচেয়ে বড় ভূমিকা থাকে কৃষকদের। তাই আবহাওয়ার পরিবর্তন, জলবায়ুর অনিশ্চয়তা, উৎপাদন খরচ বৃদ্ধি, শ্রমিকের অভাব এবং প্রাকৃতিক সম্পদের উপর ক্রমবর্ধমান চাপের মতো সমস্যার মোকাবিলায় কৃষকদের পাশে দাঁড়ানো সকলের দায়িত্ব'।
উদ্ভাবনে পিছিয়ে নেই কৃষকরা
বিজয় নাকরার কথায়,'নানা প্রতিকূলতা সত্ত্বেও ভারতীয় কৃষকরা কখনও থেমে থাকেন না। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে তাঁরা নতুন নতুন পরীক্ষা-নিরীক্ষা করেন এবং এগিয়ে চলেন। কৃষকরা শুধু নিজেদের পরিবারের জন্য কাজ করেন না, গ্রামীণ সমাজ, দেশের অর্থনীতি এবং সামগ্রিক উন্নয়নেও তাঁদের গুরুত্বপূর্ণ অবদান'। তিনি মনে করিয়ে দেন,'কৃষকদের সাহায্য করার দায়িত্ব শুধু সরকারের নয়। বেসরকারি সংস্থা, সরকার এবং সংবাদমাধ্যমকে একযোগে কাজ করতে হবে। এমন সমাধান খুঁজে বের করতে হবে, যাতে নানা অনিশ্চয়তার মধ্যেও কৃষকরা নিজেদের উন্নতির পথ খুঁজে নিতে পারেন'।
প্রতি একর জমি থেকেই বাড়াতে হবে আয়
নাকরার বক্তব্য, ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার পাশাপাশি অন্যতম কৃষিপ্রধান দেশ। বিশ্বের বৃহত্তম ট্র্যাক্টর বাজারও ভারত। কিন্তু প্রতি হেক্টর জমিতে কৃষি উৎপাদনের নিরিখে এখনও বেশ কিছু দেশের তুলনায় পিছিয়ে রয়েছে। তাঁর মতে, এখন চ্যালেঞ্জ শুধু বেশি পরিমাণে খাদ্যশস্য উৎপাদন করা নয়। বরং জমির প্রতিটি একর, জলের প্রতিটি ফোঁটা এবং কৃষকের প্রতিটি শ্রমের বিনিময়ে আরও বেশি মূল্য তৈরি করতে হবে। কৃষিক্ষেত্রের সাফল্য শুধু মাঠে কতটা ফসল উৎপাদিত হল, তা দিয়ে বিচার করলে চলবে না। ফসল সংরক্ষণ, পরিবহণ, খাদ্য প্রক্রিয়াকরণ এবং বাজারে পৌঁছনোর মতো প্রতিটি ধাপে তৈরি হচ্ছে ভ্যালু চেন।
কৃষির একাধিক সমস্যার সমাধান দিতে পারে প্রযুক্তি
বিজয় নাকরা বলেন,'বর্তমানে কৃষক এবং নীতিনির্ধারকদের সামনে ফসলের অবশিষ্টাংশ পোড়ানো, জলের সঙ্কট এবং মাটির স্বাস্থ্য বজায় রাখার মতো একাধিক বড় চ্যালেঞ্জ। আগামী দিনে কৃষিক্ষেত্রের পাশাপাশি শিল্প, বিদ্যুৎ উৎপাদন এবং ডেটা সেন্টারের মতো ক্ষেত্রেও জলের চাহিদা বাড়বে। ফলে উন্নয়ন এবং কৃষির মধ্যে ভারসাম্য রাখা রাজ্যগুলির কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে। এই পরিস্থিতিতে আধুনিক প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। জিরো টিলেজ এবং মাল্টি ক্রপ সিডিংয়ের মতো প্রযুক্তির সাহায্যে ফসলের অবশিষ্টাংশ না সরিয়েই জমিতে সরাসরি বীজ বপন করা সম্ভব। অন্যদিকে যন্ত্রের সাহায্যে ফসলের অবশিষ্টাংশ এক জায়গায় জড়ো করা যায়। ফলে তা পোড়ানোর প্রয়োজন কমে। এতে মাটির স্বাস্থ্য ধরে রাখার পাশাপাশি প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারও সম্ভব। এছাড়া সেন্সর, সফটওয়্যার, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্মার্ট ড্রিপ ইরিগেশন মতো প্রযুক্তি জলের অপচয় কমাতে এবং জলবায়ুর সঙ্গে সামঞ্জস্য রেখে চাষ করতে সাহায্য করতে পারে'।
কৃষিতে যন্ত্রের ব্যবহার ৫০ শতাংশেরও কম
কৃষিক্ষেত্রে যন্ত্রের ব্যবহারের প্রয়োজনীয়তার উপরও জোর দেন নাকরা। তাঁর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ভারতে কৃষিক্ষেত্রে যন্ত্রের ব্যবহার এখনও ৫০ শতাংশের কম। অথচ উন্নত দেশগুলিতে এই হার প্রায় ৯০ শতাংশ। ফলে কৃষিযন্ত্র এবং কৃষির যান্ত্রিকীকরণের ক্ষেত্রে ভারতে উন্নতির বিপুল সম্ভাবনা রয়েছে। তাঁর মতে,'কৃষিতে যন্ত্রের ব্যবহার শুধু উৎপাদন বাড়ানোর জন্য হওয়া উচিত নয়। বরং এর মাধ্যমে কৃষকদের পরিশ্রম কমানো, কাজকে নিরাপদ করা এবং তাঁদের জীবনযাত্রা আরও সহজ করে তোলাও জরুরি। সেই লক্ষ্যেই বিভিন্ন সংস্থা সাশ্রয়ী মূল্যের শীতাতপ নিয়ন্ত্রিত ট্র্যাক্টর কেবিন, স্বয়ংক্রিয় কৃষিযন্ত্র এবং নির্ভুল কৃষিকাজের জন্য স্মার্ট যন্ত্রপাতি তৈরিতে কাজ করছে। পাশাপাশি বিকল্প জ্বালানি প্রযুক্তি, টেলিম্যাটিক্স এবং আধুনিক প্রজন্মের কৃষিযন্ত্রের ক্ষেত্রেও বিনিয়োগ বাড়ছে'।
AI ও ডেটাই বদলে দেবে কৃষির ভবিষ্যৎ
বিজয় নাকরার মতে, কৃষিক্ষেত্রে আগামী দিনের সবচেয়ে বড় পরিবর্তন আসবে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা, কম্পিউটিং এবং সেমিকন্ডাক্টর প্রযুক্তির সমন্বয়ে। এর ফলে কৃষকরা শুধু অনুমানের উপর নির্ভর না করে নির্ভুল তথ্য এবং পরিসংখ্যানের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারবেন। AI নির্ভর পরামর্শ ব্যবস্থা, কম্পিউটার ভিশন প্রযুক্তি, স্বয়ংক্রিয় ট্র্যাক্টর এবং হিউম্যানয়েড প্রযুক্তি আগামী দিনে কৃষিকাজের ধরন বদলে দিতে পারে। এর সাহায্যে কৃষকরা মাটির স্বাস্থ্য সম্পর্কে রিয়েল টাইমে তথ্য পাবেন। ফসলে রোগ ছড়ানোর আগেই তা শনাক্ত করা এবং জলের সঠিক ব্যবহারও সহজ হবে।
তবে নাকরা স্পষ্ট করে দেন, শুধু নতুন প্রযুক্তি তৈরি করলেই হবে না। সেই প্রযুক্তি যাতে কৃষকদের নাগালের মধ্যে থাকে, তা নিশ্চিত করাও সংস্থাগুলির দায়িত্ব। প্রযুক্তি হতে হবে সাশ্রয়ী, সহজে ব্যবহারযোগ্য এবং কৃষকদের আর্থিক সামর্থ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। পাশাপাশি নতুন যন্ত্রপাতি কেনার জন্য সহজ ঋণ ও অর্থের জোগান নিশ্চিত করাও জরুরি। তবেই আরও বেশি সংখ্যক কৃষক আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবেন।
স্মার্ট কৃষক গড়তে একজোট
বক্তব্যের শেষে বিজয় নাকরা বলেন,'ভারতীয় কৃষিক্ষেত্রে বড় পরিবর্তন আনতে কোনও একটি সংস্থা বা কোম্পানির পক্ষে একা কাজ করা সম্ভব নয়। কেন্দ্র ও রাজ্য সরকার, বেসরকারি সংস্থা, স্টার্টআপ, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং কৃষক উৎপাদক সংগঠনগুলিকে (FPO) একসঙ্গে কাজ করতে হবে। কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তন আনার জন্য ভারতের সামনে এখন বড় সুযোগ রয়েছে। এই পরিবর্তনকে শুধু ধীরগতির অগ্রগতি হিসেবে দেখলে চলবে না। বরং গোটা কৃষি ব্যবস্থার খোলনলচে বদলে দেওয়ার সুযোগ হিসেবে দেখতে হবে'।
তিনি বলেন,'আগামী দিনের নতুন মন্ত্র হওয়া উচিত স্মার্ট কৃষক। কৃষিক্ষেত্রের প্রকৃত সাফল্য শুধু কত নতুন যন্ত্র বা প্রযুক্তি এল, তার উপর নির্ভর করবে না। বরং সেই প্রযুক্তির ব্যবহারে কৃষকদের জীবন কতটা উন্নত হল, তাঁদের আয় ও উৎপাদনশীলতা কতটা বাড়ল এবং সমাজে তাঁরা কতটা সম্মান পেলেন, তার উপরই নির্ভর করবে।