Kulgam Terror Attack: 'তোমাদের ছাড়ব না', কুলগামে ২ দিন আগেই নাকি CRPF জওয়ানদের হুমকি দিয়েছিল এক কিশোর

সেই কিশোরের হুমকিকে গুরুত্ব দেননি জওয়ানরা। কিন্তু তারপরই ছন্দপতন। বুধবারই জঙ্গি হামলা। বুধবারের আক্রমণে তিন জওয়ান আহত হয়েছেন। এরপরই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছেন তদন্তকারীরা। ওই কিশোরের পরিচয় জানার চেষ্টা চলছে।

Advertisement
'তোমাদের ছাড়ব না', কুলগামে ২ দিন আগেই নাকি CRPF জওয়ানদের হুমকি দিয়েছিল এক কিশোরকুলগামে জঙ্গি হামলা (ছবি: পিটিআই)
হাইলাইটস
  • সেই কিশোরের হুমকিকে গুরুত্ব দেননি জওয়ানরা
  • কিন্তু তারপরই ছন্দপতন
  • বুধবারের আক্রমণে তিন জওয়ান আহত হয়েছেন

ফের জম্মু-কাশ্মীরে জঙ্গি হানা। আর সেই হামলার তদন্ত শুরু হতেই একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা যাচ্ছে, কুলগাম জেলার সিআরপিএফের একটি চেকপোস্টে জঙ্গি আক্রমণের দু'দিন আগে এসেছিস এক কিশোর। ওই চেকপোস্টে কর্তব্যরত জওয়ানদের সে হুমকি দিয়ে বলে, 'তোমাদের আমরা ছাড়ব না।'

যদিও সেই কিশোরের হুমকিকে গুরুত্ব দেননি জওয়ানরা। কিন্তু তারপরই ছন্দপতন। বুধবারই জঙ্গি হামলা। বুধবারের আক্রমণে তিন জওয়ান আহত হয়েছেন। এরপরই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছেন তদন্তকারীরা। ওই কিশোরের পরিচয় জানার চেষ্টা চলছে।

সূত্রের খবর, সোমবারই ওই কিশোর চেকপোস্টে আসে। তার বয়স আনুমানিক ১৫–১৬ বছর। সে ক্লাস টেনের ছাত্র বলে অনুমান করা হচ্ছে। সেখানে সিআরপিএফ জওয়ানদের উদ্দেশে সে বলে, 'হাম তুমহে ছোড়েঙ্গে নেহি'। যার বাংলা করলে দাঁড়ায়, 'তোমাদের আমরা ছাড়ব না।'

অবশ্য সেই হুমকিকে প্রথমেই পাত্তাই দেননি জওয়ানরা। কিন্তু তারপর ওই চেকপোস্টেই হামলা হয়। এরপরই ঘটনাটি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ওই কিশোরের পরিচয় জানার চেষ্টা চলছে। সেই সঙ্গে তার হুমকির সঙ্গে বুধবারের গুলিচালনার কোনও যোগ রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

কোথায় হামলা?
অনেক দিন শান্তই ছিল জম্মু ও কাশ্মীর। তবে বুধবার দুপুর ২টো ১৫ মিনিট নাগাদ হামলা হয়। কুলগামের মীরবাজারের কাছে সিআরপিএফ চেকপোস্টে গুলি চালায় দুই সশস্ত্র জঙ্গি। ঘন গাছপালার আড়াল থেকে বেরিয়ে তারা গুলি চালায়। ঘটনায় তিন জওয়ান আহত হন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শ্রীনগর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে ওই চেকপোস্ট। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক থেকেও দূরত্ব মাত্র এক কিলোমিটার।

লস্কর যোগ রয়েছে? 
কারা এই হামলা চালিয়েছে সেটা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। তবে নিরাপত্তা সংস্থাগুলির সন্দেহ, এই হামলায় জড়িত থাকতে পারে নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার স্থানীয় কমান্ডার মহম্মদ লতিফ ভাট। জুলাই মাসে শোপিয়ানে নিরাপত্তা বাহিনীর অভিযান থেকে পালিয়ে গিয়েছিল সে।

Advertisement

প্রাথমিক রিপোর্টে দাবি করা হয়েছিল, মোটরবাইকে চেপে এসেছিল জঙ্গিরা। তবে সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থা এরপরই বিষয়টি যাচাই করে। সেখানে জানা যায়, কোনও দু'চাকার গাড়ি ব্যবহার করেনি হামলাকারীরা।

আধিকারিকদের দাবি, প্রায় ৫০ মিটার দূরের জঙ্গলঘেরা এলাকা থেকে হেঁটে চেকপোস্টের দিকে এগিয়ে আসে দুই জঙ্গি। একজন গুলি চালায়। অন্যজন তাকে আড়াল করে। এরপর তারা নওপুরের দিকে পালিয়ে যায়। ফের গাছপালার আড়ালে মিলিয়ে যায় তারা।

এক আধিকারিকের কথায়, 'এলাকাটি ঘন গাছপালায় ঢাকা। দেখতে ছোট জঙ্গলের মতো। হামলার আগে ও পরে এই গাছপালাকেই আড়াল হিসেবে ব্যবহার করে জঙ্গিরা।'

ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি মটোরোলা মোবাইল ফোন। পাওয়া গিয়েছে একটি সিম কার্ডও। হামলাকারীদের গতিবিধি জানতে আশপাশের বাণিজ্যিক প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আহত তিন জওয়ানকে পাশের অনন্তনাগ জেলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হামলাস্থল থেকে হাসপাতালের দূরত্ব প্রায় ২২ কিলোমিটার। এক জওয়ানের পেটে গুরুতর আঘাত লেগেছে। বাকি দু'জনের আঘাত তুলনায় কম। তাঁদের হাত, পা ও পায়ের পাতায় গুলি লেগেছে।

আহত অবস্থাতেও পাল্টা জবাব সিআরপিএফ জওয়ানদের
সিআরপিএফ সূত্রের খবর, আচমকা হামলার মুখে পড়েন জওয়ানরা। তবে তারপরও পাল্টা জবাব দেন তিন জওয়ান। আহত অবস্থাতেই তাঁরা জঙ্গিদের ধাওয়া করেন।

তাঁদের প্রতিরোধের জেরে বড়সড় ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে বলে দাবি। জঙ্গিদের পরিকল্পনা সফল হয়নি। শেষ পর্যন্ত পিছু হটে পালাতে বাধ্য হয় তারা।

সূত্রের খবর, এলাকায় জঙ্গিদের সন্দেহজনক গতিবিধি নিয়ে গোয়েন্দা সতর্কতা ছিল। সেই কারণেই চেকপোস্টে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কর্মীদের মোতায়েন করা হয়েছিল।

 

POST A COMMENT
Advertisement