অফিসারেকে প্যান্ট খুলে দেখিয়েও ছুটি মেলেনি লোকো-পাইলটের, লখনউতে তোলপাড়

অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশন (AILRSA)-এর পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক কে সি জেমস ক্ষোভ উগরে দিয়ে বলেন, “যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে দিনরাত এক করে কাজ করেন লোকো পাইলটরা। আর তাঁদের সঙ্গে এই ধরনের ন্যাক্কারজনক আচরণ করা হচ্ছে!

Advertisement
অফিসারেকে প্যান্ট খুলে দেখিয়েও ছুটি মেলেনি লোকো-পাইলটের, লখনউতে তোলপাড়প্রতীকী ছবি

রেলের অমানবিক মুখ এবার প্রকাশ্যে এল খোদ লখনউ ডিভিশনে। অর্শ বা পাইলস অপারেশনের পর বিশ্রামের জন্য ছুটির আবেদন জানিয়েছিলেন এক লোকো পাইলট। কিন্তু বারংবার অনুরোধ সত্ত্বেও মিলছিল না ছুটি। অভিযোগ, শেষ পর্যন্ত নিজের শারীরিক অবস্থার প্রমাণ দিতে এবং ক্ষতের গভীরতা বোঝাতে সিনিয়র অফিসারের সামনেই পোশাক খুলে দেখাতে বাধ্য হলেন ওই রেলকর্মী। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রেল মহলে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নিগৃহীত ওই লোকো পাইলটের নাম রাজেশ মিনা। জানা গিয়েছে, গত ২২ ফেব্রুয়ারি তাঁর অস্ত্রোপচার হয়েছিল। চিকিৎসকের পরামর্শ মেনে তিনি ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটিতে ছিলেন। কিন্তু ক্ষত না শুকানোয় তিনি রেলের নিয়ম মেনেই ছুটি বাড়ানোর আবেদন জানান। রেলের স্বাস্থ্য ইউনিট তাঁকে পরীক্ষা করে ছুটির প্রয়োজনীয়তা অনুভব করলেও, নিয়ম অনুযায়ী ‘সিক মেমো’ আনতে বলা হয়। অভিযোগ, চিফ ক্রু কন্ট্রোলার রতন কুমার সেই মেমো দিতে অস্বীকার করেন। শারীরিক যন্ত্রণায় কাতর রাজেশবাবু সমস্ত মেডিক্যাল রিপোর্ট দেখালেও কাজ হয়নি। অগত্যা চরম হতাশা ও অপমানে তিনি নিজের ক্ষতস্থান দেখাতে বাধ্য হন। তারপরও তার ছুটি মঞ্জুর হয়নি।

অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশন (AILRSA)-এর পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক কে সি জেমস ক্ষোভ উগরে দিয়ে বলেন, “যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে দিনরাত এক করে কাজ করেন লোকো পাইলটরা। আর তাঁদের সঙ্গে এই ধরনের ন্যাক্কারজনক আচরণ করা হচ্ছে! ছুটির জন্য একজন কর্মীকে পোশাক খুলতে হচ্ছে, এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না।” বর্তমানে এই ঘটনায় অভিযুক্ত অফিসারের বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবি তুলেছে ইউনিয়ন। রেলের লখনউ ডিভিশনের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

 

POST A COMMENT
Advertisement