মাসে মাসে কত টাকা Salary, Allowance পান লোকসভার সাংসদরা? পুরো হিসেবটা জেনে নিন

লোকসভায় সাংসদ সংখ্যা বেড়ে হতে পারে ৮১৫। এর ফলে বাড়তে বেতন, ভাতা, বাড়ি ও অন্যান্য খরচ। সরকারি কোষাগারের ব্যয় বাড়ারও সম্ভাবনা।

Advertisement
মাসে মাসে কত টাকা Salary, Allowance পান লোকসভার সাংসদরা? পুরো হিসেবটা জেনে নিনসাংসদদের স্যালারি কত
হাইলাইটস
  • আসন পুনর্বিন্যাস সংক্রান্ত নতুন প্রস্তাবে অনুমোদন।
  • প্রতিটি রাজ্যে লোকসভার আসন সংখ্যা সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

লোকসভায় সাংসদ সংখ্যা বাড়ানোর প্রস্তুতি শুরু করেছে মোদী সরকার। আসন পুনর্বিন্যাস সংক্রান্ত নতুন প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, প্রতিটি রাজ্যে লোকসভার আসন সংখ্যা সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এ নিয়ে আলোচনা করতে আগামী ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। কিন্তু সাংসদ সংখ্যা বৃদ্ধি মানে শুধু সংসদে অতিরিক্ত চেয়ার বসানো নয়। প্রত্যেক নতুন সাংসদের সঙ্গে যুক্ত হবে বেতন, ভাতা, দফতর, কর্মী, সরকারি আবাসন, যাতায়াত এবং অন্যান্য সুযোগ-সুবিধার খরচ। সংসদ চালানোর খরচও বাড়বে। প্রশ্ন উঠছে, সাংসদের সংখ্যা বাড়লে সরকারি কোষাগারের উপর কতটা আর্থিক চাপ পড়বে?

বর্তমানে লোকসভায় ৫৪৫ জন সাংসদ। বেড়ে হতে পারে ৮১৫। মানে অতিরিক্ত ২৭০ সাংসদ। এবার এই অতিরিক্ত ২৭০ জন সাংসদের জন্য কত খরচ হতে পারে, তার হিসাব করা যাক। এটা আনুমানিক হিসাব। সরকারের ঘোষিত চূড়ান্ত খরচ নয়। এপ্রিল মাসে লোকসভায় পেশ করা ডিলিমিটেশন বিল অনুযায়ী, আসন পুনর্বিন্যাসের প্রভাব শুধু লোকসভাতেই সীমাবদ্ধ থাকবে না। প্রস্তাবিত আইনে রাজ্যগুলির বিধানসভার মোট আসন সংখ্যা নতুন করে নির্ধারণের ক্ষমতাও ডিলিমিটেশন কমিশনকে দেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ লোকসভার পাশাপাশি বিধানসভার আসন সংখ্যাতেও পরিবর্তন হতে পারে। যদিও কতগুলি আসন বাড়বে, তার নির্দিষ্ট হিসাব এখনও প্রস্তাবে দেওয়া হয়নি। অনুমান করা হচ্ছে, বিধানসভার আসন সংখ্যা ৪,১২৩ থেকে বেড়ে প্রায় ৬,১৮৫ থেকে ৬,১৮৬ হতে পারে।

সাংসদ পিছু প্রতি মাসে কত খরচ?

এক জন সাংসদ প্রতি মাসে শুধু বেতনই পান না। নিজের নির্বাচনী এলাকার কাজকর্ম এবং দফতর চালানোর জন্যও বিভিন্ন ধরনের ভাতা দেওয়া হয়। কেন্দ্রীয় সরকারের ২০২৩ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নিয়ম অনুযায়ী, এক জন সাংসদ প্রতি মাসে ১ লক্ষ ২৪ হাজার টাকা বেতন পান। এর পাশাপাশি নির্বাচনী এলাকার খরচের জন্য ৮৭ হাজার টাকা এবং দফতর চালানোর জন্য ৭৫ হাজার টাকা ভাতা দেওয়া হয়। তিনটে যোগ করলে এক জন সাংসদের পিছনে প্রতি মাসে খরচ দাঁড়ায় ২ লক্ষ ৮৬ হাজার টাকা। এর মধ্যে নির্বাচনী এলাকার ভাতা সংশ্লিষ্ট এলাকার কাজকর্মের জন্য এবং দফতর পরিচালনার ভাতা অফিস, স্টেশনারি ও সচিবালয় সংক্রান্ত প্রয়োজনীয় খরচের জন্য দেওয়া হয়।

Advertisement

দৈনিক ভাতা কত টাকা?সংসদের অধিবেশন চলাকালীন বা নির্দিষ্ট সরকারি দায়িত্ব পালনের সময়ে নিয়ম মেনে সাংসদরা দৈনিক ভাতা পান। বর্তমানে এই ভাতার পরিমাণ প্রতিদিন ২৫০০ টাকা। তবে প্রতিদিন এই ভাতা আপনাআপনি পাওয়া যায় না। নির্দিষ্ট নিয়ম এবং উপস্থিতির শর্ত পূরণ করতে হয়। .

২৭০ সাংসদের জন্য কত খরচ?

২.৮৬ লক্ষ টাকা ধরলে ২৭০ জন সাংসদের প্রতি মাসে খরচ প্রায় ৭.৭২ কোটি টাকা। বছরে এই খরচের পরিমাণ দাঁড়াবে প্রায় ৯২.৬৬ কোটি। তবে এই হিসাব কেবল বেতন, নির্বাচনী এলাকার ভাতা এবং দফতর চালানোর ভাতা ধরে করা হয়েছে। সাংসদদের অন্যান্য সুযোগসুবিধার খরচ এর মধ্যে ধরা হয়নি। সেগুলিও যুক্ত হলে মোট ব্যয়ের পরিমাণ আরও বাড়বে।.

নতুন ২৭০ জন সাংসদ প্রত্যেকে বছরে ৬০ দিনের জন্য দৈনিক ভাতা পাওয়ার যোগ্য হন, তা হলে মোট খরচ হবে প্রায় ৪.০৫ কোটি টাকা। প্রকৃত খরচ নির্ভর করবে সংসদের অধিবেশন কত দিন চলবে এবং কত দিন সাংসদরা এই ভাতা পাওয়ার যোগ্য হবেন, তার উপর।

নতুন সাংসদদের জন্য আবাস

দিল্লিতে থাকার জন্য সাংসদদের সরকারি আবাসনের ব্যবস্থা রয়েছে। তাঁদের যোগ্যতা এবং আবাসনের প্রাপ্যতা অনুযায়ী বাড়ির ধরন নির্ধারিত হয়। নতুন সাংসদের সংখ্যা বাড়লে তাঁদের থাকার জায়গা, আসবাব, বাড়ির মেরামতি, বিদ্যুৎ, জল, টেলিফোন এবং অন্যান্য সুযোগসুবিধার ব্যবস্থাও করতে হবে। সরকারি আবাসন দেওয়ার ক্ষেত্রে ওই সাংসদের সিনিয়রিটি দেখা হয়। তবে প্রত্যেক সাংসদের সরকারি আবাসনের পিছনে ঠিক কত টাকা খরচ হয়, তার কোনও হিসাব নেই। অতিরিক্ত ২৭০ জন সাংসদের জন্য ২৭০টি বাড়ি বা ফ্ল্যাটের ব্যবস্থা করতে হবে। ফলে বাড়বে খরচ।

সাংসদদের দফতর ও কর্মীদের পিছনেও খরচ

প্রত্যেক সাংসদের নিজের নির্বাচনী এলাকা এবং দিল্লিতে কাজকর্ম সামলানোর জন্য দফতরের প্রয়োজন হয়। দফতর চালানোর ভাতা আছে। সাংসদের সংখ্যা বাড়লে এই খাতে খরচও বাড়বে। এছাড়াও সংসদ সচিবালয়, বিভিন্ন কমিটি, নিরাপত্তা, নথিপত্র সংরক্ষণ, প্রযুক্তিগত পরিকাঠামো এবং সংসদের অধিবেশন চালানোর সঙ্গে যুক্ত কর্মীদের প্রয়োজনীয়তার উপরেও প্রভাব পড়তে পারে। তবে সাংসদের সংখ্যা ৫০ শতাংশ বাড়লেই এই সমস্ত খরচ আপনাআপনি ৫০ শতাংশ বেড়ে যাবে, এমনটা নয়। এর জন্য আলাদা করে বাজেট এবং প্রয়োজনীয় সম্পদের হিসাব করতে হবে।

এমপি ল্যাডে বরাদ্দ

নিজের নির্বাচনী এলাকায় উন্নয়নের জন্য সাংসদরা MPLADS-এর আওতায় বছরে সর্বোচ্চ ৫ কোটি টাকা পান। একই নিয়মে চালু থাকলে অতিরিক্ত ২৭০ জন সাংসদের জন্য বছরে আরও ১৩৫০ কোটি টাকার তহবিলের প্রয়োজন। তবে এই অর্থ সাংসদদের বেতন বা ব্যক্তিগত আয় নয়। নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য এই টাকা বরাদ্দ করা হয়। নির্দিষ্ট নিয়ম মেনেই বিভিন্ন উন্নয়ন প্রকল্পে এই অর্থ খরচ করেন সাংসদরা।

POST A COMMENT
Advertisement