LPG নিয়ে বড় আপডেট।LPG Supply Update India 2026: দেশে LPG বা রান্নার গ্যাসের কোনও ঘাটতি নেই। একদিনেই ৫২.৩ লক্ষের বেশি ডোমেস্টিক সিলিন্ডার ডেলিভারি হয়েছে। এমনটাই জানাল কেন্দ্রীয় সূত্র। ফলে সাধারণ মানুষের রান্নার গ্যাস নিয়ে চিন্তার কোনও কারণ নেই। সরকারি তেল সংস্থাগুলি (PSU OMCs) জানিয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে নিয়মিত সরবরাহ বজায় রাখা হচ্ছে। কোথাও 'ড্রাই-আউট' বা সিলিন্ডার ফুরিয়ে যাওয়ার ঘটনা ঘটেনি। বরং চাহিদা অনুযায়ী দ্রুত সিলিন্ডার পৌঁছে দেওয়া হচ্ছে গ্রাহকদের কাছে।
নজরদারিও বাড়ানো হয়েছে। বিভিন্ন গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসে আচমকা ভিজিট করা হচ্ছে। নিয়ম ভাঙার অভিযোগে ২১৯ জন LPG ডিস্ট্রিবিউটরকে জরিমানা করা হয়েছে। শুধু তাই নয়, ৫৬টি ডিস্ট্রিবিউশন লাইসেন্স সাময়িকভাবে স্থগিতও করা হয়েছে। সরকারের স্পষ্ট বার্তা, অনিয়ম করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
মার্চ ২০২৬ থেকে গ্যাস সংযোগ বাড়ানোর কাজও জোরকদমে চলছে। ইতিমধ্যে ৪.২৪ লক্ষের বেশি PNG (পাইপড ন্যাচারাল গ্যাস) সংযোগ চালু হয়েছে। পাশাপাশি নতুন গ্যাস সংযোগের জন্য নাম নথিভুক্ত করেছেন ৪.৬৬ লক্ষেরও বেশি গ্রাহক। অর্থাৎ, শহর ও গ্রাম; দুই জায়গাতেই গ্যাস ব্যবহারের পরিধি বাড়ছে।
পরিবহণ ক্ষেত্রেও স্বস্তির খবর। দেশের সব বড় বন্দরে কাজ স্বাভাবিক রয়েছে। কোথাও জাহাজ চলাচলে ভিড় বা জট নেই। ফলে গ্যাস ও জ্বালানি সরবরাহে কোনও সমস্যা তৈরি হচ্ছে না। এই স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে প্রশাসন নিয়মিত নজর রাখছে।
একই সঙ্গে বিদেশে থাকা ভারতীয়দের নিরাপত্তার দিকেও নজর দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট অঞ্চলে থাকা ভারতীয়দের সুরক্ষা, নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার জানিয়েছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে ২৪ ঘণ্টা।
ফেব্রুয়ারি ২৮ থেকে এখন পর্যন্ত প্রায় ৮.৯৭ লক্ষ যাত্রী বিদেশ থেকে ভারতে ফিরেছেন। এই যাত্রীদের নিরাপদে দেশে ফেরানোর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিমান পরিষেবা এবং অন্যান্য পরিবহণ ব্যবস্থাও সক্রিয় রাখা হয়েছে।
সব মিলিয়ে সরকার এবং তেল সংস্থাগুলির দাবি, দেশে গ্যাস সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক। সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। নিয়মিত নজরদারি, দ্রুত সরবরাহ এবং কঠোর ব্যবস্থা; এই তিনের উপর জোর দিয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে।