নিয়ম ভাঙার অভিযোগে ১৯টি খাদ্য প্রস্তুতকারক ও ব্যবসায়ী সংস্থার লাইসেন্স এবং রেজিস্ট্রেশন সাময়িকভাবে বাতিল করা হয়েছে।Maharashtra FDA Raid: পতঞ্জলি আয়ুর্বেদের এক বড় ডিস্ট্রিবিউটরের কাছ থেকে বিপুল পরিমাণ ঘি বাজেয়াপ্ত করল মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ামক সংস্থা (FDA)। সব মিলিয়ে প্রায় ৯ কোটি টাকার খাদ্যসামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি, নিয়ম ভাঙার অভিযোগে ১৯টি খাদ্য প্রস্তুতকারক ও ব্যবসায়ী সংস্থার লাইসেন্স এবং রেজিস্ট্রেশন সাময়িকভাবে বাতিল করা হয়েছে।
সোমবার মহারাষ্ট্র FDA এই মর্মে একটি বিবৃতি প্রকাশ করে। জানায়, সে রাজ্যের সাতটি অঞ্চলের মোট ১১৪টি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখান থেকে প্রায় ৩.৫৩ লক্ষ কেজি খাদ্যসামগ্রী বাজেয়াপ্ত হয়েছে। আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য ৯.০১ কোটি টাকা।
পতঞ্জলির গরুর দুধের ঘি নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। ছত্রপতি সম্ভাজিনগরের ‘দিব্য মহাবিতরক’ নামে এক সুপার ডিস্ট্রিবিউটরের গুদাম থেকে ২,২৭৯.৭ লিটার ঘি আটক করা হয়েছে। যার দাম প্রায় ২০.২০ লক্ষ টাকা। প্রোডাক্টের গায়ে ভুল ইনফরমেশন এবং ভেজালের সন্দেহ রয়েছে বলে জানিয়েছে FDA। মোট ৪,০৩২টি ঘিয়ের প্যাকেট বাজেয়াপ্ত করা হয়েছে।
শুধু পতঞ্জলি নয়। অন্য এতাধিক ব্র্যান্ডেড-নন ব্র্যান্ডেড খাদ্য সামগ্রী নিয়েও কড়া পদক্ষেপ করেছে প্রশাসন। মুম্বই, অমরাবতী এবং ছত্রপতি সম্ভাজিনগরের বিভিন্ন নমকিন, মিষ্টি ও মশলা তৈরির কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরিচ্ছন্ন পরিবেশ, পোকামাকড় নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকা, খাবার ঠিকভাবে সংরক্ষণ না করা এবং প্রয়োজনীয় নথি না রাখার অভিযোগ উঠেছে।
থানের ভিওয়ান্ডিতে অ্যাভিনিউ সুপারমার্টসের কাছ থেকে ১,৪৪,২১৮ কেজি ভোজ্য তেল বাজেয়াপ্ত হয়েছে। সাতারায় আমিন ট্রেডার্সের কাছ থেকে আটক হয়েছে ২০,৫৬০ কেজি চাল, ডাল, গুড়-সহ বিভিন্ন খাদ্যসামগ্রী।
২৮ থেকে ৩১ অক্টোবরের মধ্যে এই নিষিদ্ধ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে ১৩টি এফআইআর দায়ের হয়েছে। গ্রেফতার করা হয়েছে ১৬ জনকে। সিল করা হয়েছে সাতটি প্রতিষ্ঠান। ছ'টি গাড়িও আটক হয়েছে। পাশাপাশি, ২৯টি হোটেল ও রেস্তরাঁকে রান্না ও খাওয়ার জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নোটিস দেওয়া হয়েছে।