
ওয়েনাডে বড় ধসের সিসিটিভি ফুটেজ কেরলমের ওয়েনাডে প্রতিবছরই বর্ষায় ব্যাপক বৃষ্টিপাত হয়। এবারও তা-ই চলছে। তারই মধ্যে স্বাভাবিক চলছিল জনজীবন। যতটা স্বাভাবিক রাখা যায়। কিন্তু প্রকৃতি কখন কীভাবে তার ধ্বংসলীলা চালাবে, তা ঠাওর করা দুঃসাধ্য। ২০২৪ সালে এই ওয়েনাডেই ধসে তিনশোর বেশি মানুষের মৃত্যু হয়েছিল। সেই ভয়াবহ স্মৃতি উস্কেই এবারও মারাত্মক ভূমিধসের সাক্ষী হল পশ্চিমঘাট পর্বতমালায় ঘেরা ওয়েনাড।
মীনাক্ষী ব্রিজের কাছে হঠাত্ই ধস নামে
কয়েক দিন ধরেই অতিবৃষ্টি চলছে ওয়েনাডে। আজ অর্থাত্ মঙ্গলবার মীনাক্ষী ব্রিজের কাছে হঠাত্ই ধস নামে। কেরলমের ওয়েনাডে সুড়ঙ্গ নির্মাণ প্রকল্পের কাজ চলাকালীন ভয়াবহ ধসে চাঞ্চল্য ছড়িয়েছে। মীনাক্ষী সেতুর কাছে আনাক্কামপয়িল-কল্লাডি-মেপ্পাডি টুইন টানেল প্রকল্পের নির্মাণস্থলে হঠাৎ ধস নামে। ধ্বংসস্তূপের নীচে একাধিক ইঞ্জিনিয়ার ও নিরাপত্তারক্ষী আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের উদ্ধার করে মেপ্পাডির উইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২০২৪ সালের সেই বিপর্যয়ের কাছেই
এই প্রকল্পটি সম্পূর্ণ হলে মালাপ্পুরম ও ওয়েনাড় জেলাকে যুক্ত করবে। ঘটনাস্থলটি মুন্ডাক্কাইয়ের খুব কাছেই, যেখানে ২০২৪ সালের ভয়াবহ ভূমিধসে সরকারি হিসেবে ২৯৮ জনের মৃত্যু হয়েছিল। কেরলমের রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ (KSDMA)-এর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ওয়েনাডে প্রায় ২৬৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা চলতি মরশুমে সর্বোচ্চ। এর আগেই জেলায় ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছে, পাহাড় থেকে প্রবল কাদার স্রোত নেমে এসে গাছ উপড়ে ফেলছে, প্রাণ বাঁচাতে ছুটছেন স্থানীয়রা।
অনেকে ধ্বংসস্তূপের নীচে আটকে থাকতে পারেন
ঘটনাস্থলের আশপাশে কয়েকটি বাড়ি ও হোমস্টেও থাকায় আরও অনেকে ধ্বংসস্তূপের নীচে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রথমে স্থানীয় বাসিন্দারাই উদ্ধারকাজ শুরু করেন। পরে দমকল, উদ্ধারকারী দল এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)-এর একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি ও উদ্ধার অভিযান চালায়।

কেরলমের কৃষিমন্ত্রী টি সিদ্দিকে এই ঘটনাকে 'মানবসৃষ্ট ভূমিধস' বলে দাবি করেছেন। তাঁর অভিযোগ, সুড়ঙ্গ প্রকল্পের দায়িত্বে থাকা সংস্থা কোঙ্কন রেলওয়ে কর্পোরেশন লিমিটেড (KRCL) বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ না করে বিপুল পরিমাণ খোঁড়া মাটি এক জায়গায় ফেলে রেখেছিল। জেলা প্রশাসন আগেই ধসের আশঙ্কার কথা জানিয়ে সেই মাটি সরানোর নির্দেশ দিলেও তা মানা হয়নি। প্রবল বৃষ্টিতে সেই মাটিই ধসে নেমে এই বিপর্যয় ঘটেছে বলে অভিযোগ। ঘটনার পর মুখ্যমন্ত্রী জরুরি বৈঠক ডেকেছেন এবং উদ্ধারকাজ তদারকির জন্য দুই মন্ত্রীকে ওয়েনাডে পাঠানো হয়েছে।
ওয়েনাডে বৃষ্টির রেড অ্যালার্ট
IMD জানিয়েছে, কেরলমের কোঝিকোড় ও ওয়েনাডে আরও বৃষ্টি হবে কয়েকদিন। আজ রেড অ্যালার্ট জারি করা হয়েছে ওয়েনাড ও কোঝিকোড়ে। মলপ্পুরম, কন্নুর ও কাসারাগোড়ে জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। এছাড়া হলুদ সতর্কতা রয়েছে এরনাকুলাম, ইড়ুক্কি, ত্রিশূর ও পলক্কড়ে।