Kharge On Pm Modi : 'মোদীর বাপও যাবে', প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য খাড়গের, আসরে খোদ শাহ

খাড়গের মন্তব্যের তীব্র সমালোচনা করে কংগ্রেস সভাপতির বিরুদ্ধে শালীনতার সীমা লঙ্ঘনের অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সমাজমাধ্যমে একটি পোস্টে শাহ দাবি করেন, পটনায় মোদীর প্রয়াত বাবাকে নিয়ে অশালীন মন্তব্য করেছেন খাড়গে।

Advertisement
'মোদীর বাপও যাবে', প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য খাড়গের, আসরে খোদ শাহ অমিত শাহ,খাড়গে ও মোদী
হাইলাইটস
  • কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও খাড়গের মন্তব্যের সমালোচনা করেছেন
  • তাঁর অভিযোগ, ব্যক্তিগত অপমানের মাধ্যমে মোদীর প্রতি বিরোধিতা প্রকাশ করছে কংগ্রেস

বিহারের পটনায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের। রবিবার ডঃ শ্রীকৃষ্ণ সিংহের ১৩৯তম জন্মবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন তিনি। সেই সময় দর্শকাসন থেকে এক ব্যক্তি মন্তব্য করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথাও যাবেন না। তার জবাব দিতে গিয়ে খাড়্গে বলেন, 'মোদীর বাবাও যাবেন(মোদী কা বাপ ভি যায়েগা)।' তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেস সভাপতির মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির একাধিক নেতা।

কালো টাকা ফেরানোর প্রতিশ্রুতি নিয়ে মোদীকে নিশানা

প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে কালো টাকা ফেরানোর প্রতিশ্রুতি নিয়েও প্রশ্ন তোলেন খাড়গে। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন। সরকার গঠনের প্রথম ১০০ দিনের মধ্যে বিদেশে থাকা কালো টাকা ফিরিয়ে আনার কথা বলেছিলেন মোদী। সেই টাকা কোথায়, তা জানতে চান কংগ্রেস সভাপতি।

খাড়্গে বলেন, 'প্রধানমন্ত্রী মোদীর মিথ্যা বলার অভ্যাস রয়েছে। তিনি বলেছিলেন, প্রথম ১০০ দিনের মধ্যে কালো টাকা ফিরিয়ে আনবেন। আমি জানতে চাই, সেই টাকা কোথায়?'

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর মতাদর্শেরও সমালোচনা করেন খাড়গে। তাঁর অভিযোগ, প্রতিষ্ঠার সময় থেকেই সংগঠনটি সাম্প্রদায়িক কর্মকাণ্ডে যুক্ত। এই মতাদর্শ বজায় থাকলে দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলেও দাবি করেন তিনি।

খাড়গেকে পাল্টা আক্রমণ অমিত শাহের

খাড়গের মন্তব্যের তীব্র সমালোচনা করে কংগ্রেস সভাপতির বিরুদ্ধে শালীনতার সীমা লঙ্ঘনের অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সমাজমাধ্যমে একটি পোস্টে শাহ দাবি করেন, পটনায় মোদীর প্রয়াত বাবাকে নিয়ে অশালীন মন্তব্য করেছেন খাড়গে।

শাহের অভিযোগ, এর আগেও মোদী এবং তাঁর পরিবারের বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহার করেছে কংগ্রেস। প্রধানমন্ত্রীর প্রয়াত মাকে নিয়ে মন্তব্য, মোদীকে মৃত্যুর সওদাগর বলা এবং তাঁর সাধারণ পারিবারিক পটভূমিকে কটাক্ষ করে চাওয়ালা বলার প্রসঙ্গও তোলেন তিনি।

Advertisement

বিজেপির নির্বাচনী সাফল্যের তুলনায় কংগ্রেসের পরাজয়ের প্রসঙ্গ তুলে শাহ দাবি করেন, গত ১২ বছরের ধারাবাহিক নির্বাচনী ব্যর্থতায় হতাশ হয়ে পড়েছে কংগ্রেস। তাঁর বক্তব্য, দলের কাছে এখন আর কোনও নীতি বা ইস্যু নেই, রয়েছে শুধু গালিগালাজের রাজনীতি।

কংগ্রেসের জনসমর্থন কমছে বলেও দাবি করেন শাহ। তাঁর মতে, মোদী এবং তাঁর পরিবারকে নিয়ে এ ধরনের মন্তব্যের জবাব ভোটের মাধ্যমে দিয়েছেন সাধারণ মানুষ।

কংগ্রেস সভাপতিকে নিশানা নীতিন নবীন ও ধর্মেন্দ্র প্রধানেরও

বিজেপি নেতা নীতিন নবীনও খাড়গের মন্তব্যের নিন্দা করেছেন। তাঁর বক্তব্য, এই মন্তব্য অশালীন এবং সংসদীয় শালীনতার পরিপন্থী। রাজনৈতিক বিরোধিতারও একটা সীমা থাকা উচিত বলে দাবি করেন তিনি।

সমাজমাধ্যমে নবীন লেখেন, এটি শুধু খাড়্গের ব্যক্তিগত মন্তব্য নয়, বরং গোটা কংগ্রেস দলের অসৌজন্যের প্রতিফলন। তাঁর অভিযোগ, উন্নয়ন, নীতি এবং জনকল্যাণের মতো বিষয়ে যুক্তি তুলে ধরতে না পেরে বিরোধীরা ব্যক্তিগত আক্রমণের পথ বেছে নিচ্ছে।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও খাড়গের মন্তব্যের সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, ব্যক্তিগত অপমানের মাধ্যমে মোদীর প্রতি বিরোধিতা প্রকাশ করছে কংগ্রেস। প্রধানের বক্তব্য, কংগ্রেস সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তির গণতান্ত্রিক মূল্যবোধ ও জনপরিসরে শালীনতা বজায় রাখার দায়িত্ব রয়েছে।

মোদীর প্রয়াত মাকে নিয়ে অতীতে বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ টেনে ধর্মেন্দ্র প্রধান প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রীকে আক্রমণ করার মতো যুক্তি কি কংগ্রেসের কাছে ফুরিয়ে গিয়েছে? তাঁর দাবি, প্রধানমন্ত্রীর প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়ছে বলেই কংগ্রেসের হতাশা বাড়ছে।

ফলে খাড়গের মন্তব্যকে কেন্দ্র করে কংগ্রেস ও বিজেপির মধ্যে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে। একদিকে মোদীর প্রতিশ্রুতি ও আরএসএসের মতাদর্শ নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস সভাপতি, অন্যদিকে তাঁর ভাষার শালীনতা নিয়ে পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি।

POST A COMMENT
Advertisement