Mamata Delhi Detained: 'বাম আমলেও এমন হয়নি,' দিল্লিতে আটক-কাণ্ডে ক্ষোভ উগরে দিলেন মমতা

'বাম আমলেও এমন পরিস্থিতি হয়নি,' দিল্লির আটক-কাণ্ডে এমনটাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আটক হন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Advertisement
'বাম আমলেও এমন হয়নি,' দিল্লিতে আটক-কাণ্ডে ক্ষোভ উগরে দিলেন মমতাশনিবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আটক হন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
হাইলাইটস
  • 'বাম আমলেও এমন পরিস্থিতি হয়নি,' দিল্লির আটক-কাণ্ডে এমনটাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  • শনিবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আটক হন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

'বাম আমলেও এমন পরিস্থিতি হয়নি,' দিল্লির আটক-কাণ্ডে এমনটাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আটক হন প্রাক্তন মুখ্যমন্ত্রী। গোটা বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, 'এক সময় দীর্ঘদিন বিরোধী রাজনীতি করেছি। সে সময়েও এমন আচরণের মুখে পড়তে হয়নি।' মহালয়ার দিনে এই ঘটনাকে অপমানজনক বলেও উল্লেখ করেন। মমতার বার্তা, গণতন্ত্র বাঁচাতে হলে লড়াই চালিয়ে যেতে হবে।  

মমতা বলেন, রাজ্যে তৃণমূল সরকার থাকাকালীন কখনও বিরোধী দলগুলির রাজনৈতিক কর্মসূচি বন্ধ করা হয়নি। তাঁর দাবি, বিজেপি, সিপিএম-সহ সব দলকেই সভা করার সুযোগ দেওয়া হয়েছিল। মমতার কথায়, তাঁদের রাজনৈতিক আদর্শের মূল কথা ছিল 'প্রতিহিংসা নয়, পরিবর্তন চাই'। কিন্তু সেই রাজনৈতিক সৌজন্য তিনি দেখতে পাচ্ছেন না বলে দাবি করেন।

সাউথ অ্যাভিনিউয়ে ধর্না, তার পরেই আটক
শনিবার দিল্লির সাউথ অ্যাভিনিউয়ের একটি বাসস্ট্যান্ডের সামনে ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সাংসদেরা। তাঁদের হাতে ছিল প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে পোস্টার। কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছয় পুলিশ। জানানো হয়, এলাকায় ১৬৩ ধারা জারি থাকায় ধর্না দেওয়া যাবে না। কিন্তু মমতা ও তাঁর সঙ্গীরা দাবি করেন, তাঁরা শান্তিপূর্ণ ভাবে অবস্থান করছেন। এর পরেই তাঁদের আটক করে পুলিশ।

মমতার সঙ্গে আটক হন তৃণমূলের সাংসদ ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, প্রতিমা মণ্ডল, সামিরুল ইসলাম এবং সাকেত গোখলে। 

‘মহালয়ার দিনে অপমান’
আটক হওয়ার ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মমতা বলেন, বিরোধী রাজনীতি করার সময়েও তাঁরা নানা বাধার মুখে পড়েছেন। কিন্তু এভাবে সরিয়ে নিয়ে যাওয়া বা দীর্ঘ সময় আটকে রাখার অভিজ্ঞতা হয়নি। তাঁর অভিযোগ, প্রায় অপহরণের মতো পরিস্থিতিতে তাঁদের আটক করে রাখা হয়েছিল। এই কারণে শনিবার কলকাতায় ফেরার বিমানও বাতিল করতে হয়েছে তাঁকে।

দিল্লিতে আরও এক দিন থাকবেন মমতা
মমতা জানান, কংগ্রেস নেতা রাহুল গান্ধী তাঁকে সুপ্রিম কোর্টে তাঁদের একটি কর্মসূচিতে যোগ দেওয়ার অনুরোধ করেছিলেন। সেই কর্মসূচিতেই অংশ নিতে দিল্লিতে আরও এক দিন থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রাহুল নিজেই তাঁকে জানিয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী। ফোনে ডেরেক ও’ব্রায়েনের সঙ্গে কথাও বলেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও সকালে কথা হয়েছিল বলে জানান মমতা।

Advertisement

এ দিন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালকেও আটক করা হয়। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বিরুদ্ধেও পুলিশি পদক্ষেপের খবর আসে। অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) কেন্দ্রীয় সভাপতি নেহা বোরাকেও আটক করে পুলিশ।   

POST A COMMENT
Advertisement