টাইগার শ্রফ, গুলিবিদ্ধ উমেশ বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় আহত হয়েছিলেন উমেশ চৌহান। কিন্তু প্রথমে তিনি বুঝতেই পারেননি যে তাঁর শরীরে গুলি লেগেছে। বরং বুকে তীব্র যন্ত্রণা এবং শ্বাসকষ্ট শুরু হওয়ায় ভেবেছিলেন, হয়তো হার্ট অ্যাটাক হয়েছে। হাসপাতালে পৌঁছনোর পর জানতে পারেন, গুলিবিদ্ধ হয়েছেন তিনি।
রবিবার রাতে মুম্বইয়ের জুহুতে একটি ফুটবল মাঠ থেকে বেরোচ্ছিল টাইগার শ্রফের গাড়ি। সেই সময় গাড়ির জানলার কাছে দাঁড়িয়ে অভিনেতার একটি ভিডিও রেকর্ড করছিলেন উমেশ। ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, গাড়িটি গেট দিয়ে বেরনোর সময় তিনি টাইগার শ্রফের খুব কাছেই দাঁড়িয়েছিলেন।
উমেশের কথায়, 'আমি ভিডিও রেকর্ড করছিলাম। হঠাৎ একটা শব্দ শুনতে পাই। প্রথমে ভেবেছিলাম গাড়ির টায়ার ফেটেছে। কিন্তু তার পরেই বুকে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করি।'
এরপর শ্বাস নিতে অসুবিধা হতে শুরু করে। সাহায্যের জন্য চিৎকার করেন উমেশ। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলেন। তিনি বলেন, 'আমি বুঝতেই পারিনি যে আমাকে গুলি করা হয়েছে। হাসপাতালে পৌঁছনোর পর বিষয়টি বুঝতে পারি। প্রথমে ভেবেছিলাম আমার হার্ট অ্যাটাক হচ্ছে।'
প্রথমে জুহুর কুপার হাসপাতালে তাঁর চিকিৎসা হয়। পরে বিশেষজ্ঞ চিকিৎসার জন্য রাত ১২টা নাগাদ তাঁকে পারেলের KEM হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মঙ্গলবার টাইগার শ্রফের মা হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন এবং সাহায্যের আশ্বাস দেন বলেও জানিয়েছেন উমেশ।
হৃদযন্ত্র বা ফুসফুসের ক্ষতি হয়নি
KEM হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে স্থিতিশীল রয়েছেন উমেশ। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। গুলিতে তাঁর হৃদযন্ত্র বা ফুসফুসের কোনও ক্ষতি হয়নি।
হাসপাতালের তরফে জানানো হয়েছে, তিনি বর্তমানে হেমোডাইনামিক্যালি স্থিতিশীল। জেনারেল সার্জারি বিভাগের অধীনে এমার্জেন্সি ICU-তে তাঁর চিকিৎসা চলছে। পাশাপাশি কার্ডিওভাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জারি (CVTS) বিভাগের চিকিৎসকরাও তাঁর চিকিৎসায় পরামর্শ দিচ্ছেন।
এই মুহূর্তে অস্ত্রোপচার ছাড়াই চিকিৎসা চালাচ্ছেন চিকিৎসকরা। তাঁর শারীরিক অবস্থার উন্নতি এবং পরবর্তী পরীক্ষার রিপোর্টের উপর ভিত্তি করে ভবিষ্যতের চিকিৎসা নির্ধারণ করা হবে।
উত্তরপ্রদেশের বাসিন্দা উমেশ পেশায় গাড়িচালক এবং গৃহকর্মী। তাঁর উপার্জনের উপর নির্ভরশীল স্ত্রী ও ছয় বছরের ছেলে। কয়েক সপ্তাহের মধ্যেই তাঁদের পরিবারে আরও এক সন্তান আসার কথা। ফলে উমেশের দ্রুত সুস্থ হয়ে ওঠা এবং পরিবারের আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
কোটা থেকে ধৃত তিন অভিযুক্ত
রবিবার রাতে জুহুর পুষ্পা নারসি পার্কের ফুটবল মাঠ থেকে বেরনোর সময় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। পুলিশের দাবি, একটি মোটরবাইকে করে তিনজন এসেছিল। তাদের মধ্যে দু'জন অভিনেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। তৃতীয় ব্যক্তি তাদের পালিয়ে যাওয়ার জন্য বাইক নিয়ে অপেক্ষা করছিল।
এই ঘটনায় ৩ অভিযুক্তকে রাজস্থানের কোটা রেল স্টেশন থেকে গ্রেফতার করে কোটা সিটি পুলিশ। পুনে-জয়পুর সুপারফাস্ট এক্সপ্রেসে তাঁদের ধরা হয়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা নেপালে পালানোর চেষ্টা করছিল।
ধৃতরা হল, ঋত্বিক, ফুল সিং এবং রেহান। পুলিশের তরফে স্পষ্ট করা হয়েছে, ধৃতদের মধ্যে কেউই নাবালক নয়।
কোটার পুলিশ সুপার তেজস্বিনী গৌতম জানিয়েছেন, এক অভিযুক্তের সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কথিত সহযোগী অনিল পণ্ডিতের যোগাযোগ ছিল। অন্যদিকে, এই হামলার দায় স্বীকার করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হলেও সেটির সত্যতা এখনও যাচাই করা হয়নি।