Manipur Toxic Liquor: মণিপুরে বিষমদ খেয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, ইতিমধ্যেই ১৫, হাসপাতালে আরও ১৮০

Manipur News: ফের একবার খবরের শিরোনামে মণিপুর। এবার বিষমদ কাণ্ডের জেরে উত্তর পূর্বের এই রাজ্যে মৃত্যু হল কমপক্ষে ১৫ জনের।

Advertisement
মণিপুরে বিষমদ খেয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, ইতিমধ্যেই ১৫, হাসপাতালে আরও ১৮০ মণিপুরে ফের বিষমদ কাণ্ড, মৃতের সংখ্যা বেড়ে ১৫
হাইলাইটস
  • মণিপুরে বিষাক্ত মদ খেয়ে মৃত্যু হল কমপক্ষে ১৫ জনের।
  • অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৮০ জন।
  • দোষীদের গ্রেফতারির আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

ফের বিষাক্ত মদ খেয়ে মৃত্যুর ঘটনার অভিযোগ। এবার মণিপুরে বিষাক্ত মদ খেয়ে মৃত্যু হল কমপক্ষে ১৫ জনের। অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৮০ জন। এদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর। ওই ঘটনা ঘটেছে মণিপুরের চান্দেল জেলায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত বুধবার। ওই দিন বিষমদ খেয়ে  ৫ জনের মৃত্যু হয়েছিল বলে দাবি করা হচ্ছে। এরপর গত দু'দিনে মৃত্যু হয় আরও ১০ জনের। ফলে মোট ৩ দিনে মৃতের সংখ্যা বেড়ে হল ১৫। অসুস্থদের বর্তমানে ইম্ফলের শিজা হাসপাতাল, রিমস এবং জেএনআইএমএস-সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। 

প্রাথমিক ভাবে চান্দেল পুলিশের তরফে মৃত ৮ ব্যক্তির নাম জানানো হয়। তাঁরা হলেন, কিষাণ হ্রাংবুং অনল (৩২), হ্রাংবুং বেরুং অনল (৫০), হ্রাংবুং মোহরিং অনল (৪৬), আরডি আংনাহিরিং অনল (৩৭), কেআই রামতিয়াং অনল (৪৪), এনএল মোথারিং অনল, টিএস অ্যাশিং এবং টিএস লাভলি। পুলিশের তরফে জানানো হয়েছে, এদের মধ্যে বেশ কিছু ব্যক্তি নিজের বাড়িতেই মারা যান। আবার কিছু ব্যক্তির মৃত্যু হয় হাসপাতালে।

পরে চান্দেল জেলা পুলিশের তরফে জানানো হয়, মৃত ব্যক্তিরা যে মদ খেয়েছিল তা কাচিং জেলার সুগনু এলাকা থেকে এসেছিল, চান্দেল জেলায় তৈরি করা হয়নি। এছাড়াও পুলিশের দাবি কমপক্ষে ৫ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে সুগনু থানার পুলিশের আওতায়। 

সত্যিই কি বিষমদের জেরে মৃত্যু?

প্রাথমিক ভাবে পুলিশের অনুমান ভেজাল বা বিষমদের জেরেই এই মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে জেলা প্রশাসন এখনও পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে অফিসিয়াল ভাবে কিছু জানায় নি।  বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে দাবি করা হয়েছে। এছাড়াও, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, প্রশাসন বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থানীয়ভাবে তৈরি মদ না খাওয়ার পরামর্শ দিয়েছে। বিশেষ করে যে যে জায়গায় মৃত্যুর ঘটনা ঘটেছে,  সেখানকার মানুষকে এ বিষয়ে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে। প্রশাসনের তরফে জারি করা সতর্কতায় বলা হয়েছে, মদ খাওয়ার পর বমি, পেটে ব্যথা, মাথাব্যথা, মাথা ঘোরা, ঝাপসা দৃষ্টি বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।

Advertisement

দোষীদের গ্রেফতারির আশ্বাস

মৃত্যুর ঘটনা ঘটতেই ইম্ফলের একাধিক হাসপাতালে যান মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং। তিনি এই ঘটনায় অসুস্থদের সব রকম চিকিৎসা সুবিধার বিষয়টি নিশ্চিত করেছেন। একইসঙ্গে দোষীদের কোনও রেয়াত করা হবে না, তাদের গ্রেফতার করা হবে বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।


 

POST A COMMENT
Advertisement