ফের অশান্ত মণিপুর। ফাইল ছবিফের অশান্ত মণিপুর। শুক্রবার উখরুল জেলায় হামলা চালাল একদল সশস্ত্র দুষ্কৃতী। হামলায় প্রাণ হারিয়েছেন ৪ জন। নিহতদের মধ্যে দু’জন মহিলা। চার জনই নাগা সম্প্রদায়ের তাংখুল গোষ্ঠীর সদস্য। এদিন ২০২ নম্বর জাতীয় সড়কে হামলা চালায় দুষ্কৃতীরা। তাঁদের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয় বলে পুলিশ সূত্রে খবর। ঘটনায় কুকি ও নাগা সম্প্রদায়ের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার দুপুর ১টা নাগাদ নিউ হেভেন এলাকায় ঘটনাটি ঘটে। উখরুল থেকে ইম্ফলের দিকে যাচ্ছিলেন চারজন। তাঁরা দু’টি আলাদা গাড়িতে ছিলেন। একটি সুইফট গাড়ি, অন্যটি বোলেরো পিক-আপ। রাস্তার পাশে আগে থেকে ওত পেতে ছিল একদল সশস্ত্র দুষ্কৃতী। তারাই হঠাৎ বেরিয়ে এসে হামলা চালায়। ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে রয়েছেন শাংশাক গ্রামের কাপাংখুই আরএস এবং হাওলেইলা আরএস। অন্য দু’জন অগাস্ট এনগালুং ও খানমিলা কেইশিং। এঁরা সকলেই তাশার গ্রামের বাসিন্দা।
পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। হামলাকারীদের খোঁজে আশপাশের এলাকায় তল্লাশি শুরু হয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযুক্তকে চিহ্নিত করা যায়নি।
নাগা-কুকি সংঘাত চরমে
নাগা-কুকি সংঘাতে এখনও পর্যন্ত প্রায় ৭৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৩৮ জন কুকি-জো এবং ৩৬ জন নাগা সম্প্রদায়ের। ৪ নভেম্বর মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সাধারণ মানুষের উপর হামলায় জড়িত সশস্ত্র গোষ্ঠীগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন। তবু হিংসা থামছে না। মণিপুরের সাধারণ মানুষের নিরাপত্তাই এখন প্রশ্নের মুখে।