অনন্ত সিংয়ের মেয়ের বিয়ে (ছবি: আইটিজি)বিহারের বাহুবলী নেতা অনন্ত সিংয়ের মেয়ের বিয়ে। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ রয়েছে সকলের। আর সেই আমন্ত্রণে সাড়া দিয়েছে লাখ লাখ মানুষ। তারা বুধবার ভিড় করলেন অনন্ত সিংয়ের পৈতৃক গ্রাম নাদওয়ানে। আর এত মানুষ একটা গ্রামে জড় হয়েছিলেন। যার ফলে তীব্র যানজট তৈরি হয় গোটা এলাকায়। প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটে আটকে পড়ে গাড়ি। দু'লেনের রাস্তা থেকে বেগুসরাই-পটনা চার লেনের জাতীয় সড়কেও যান চলাচল কার্যত থমকে যায়।
এই বিয়েতে বিহার এবং ঝাড়খণ্ডের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসেছিলেন। তাঁদের মূল আকর্ষণের জায়গা ছিল ঘোড়দৌড় প্রতিযোগিতা। যদিও বিপুল ভিড় সামলাতে গিয়ে কার্যত হিমশিম খেতে হয় আয়োজকদের। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে ঘোড়দৌড় প্রতিযোগিতার ফাইনালই পিছিয়ে দিতে হয়। এমনকী যানজটে আটকে পড়ে বিহার বিধানসভার স্পিকার প্রেম কুমারের কনভয়ও।
মাথায় রাখতে হবে, বিহারে 'ছোটে সরকার' বা 'দাদা' নামে পরিচিত অনন্ত সিং। তিনি মোকামার বিধায়ক। মেয়ের বিয়েতে তিনি বিরাট আয়োজন করেছেন। বিয়েতে সকলকেই আমন্ত্রণ করেছেন তিনি। বিপুল মানুষের ভিড় হতে পারে, সেই কথা মাথায় রেখে চার লক্ষেরও বেশি লোককে খাওয়ানোর ব্যবস্থা করেছিলেন। পাশাপাশি আয়োজন করা হয়েছিল ঘোড়দৌড় প্রতিযোগিতার। সেই প্রতিযোগিতার প্রথম পুরস্কার হিসেবে রাখা হয়েছিল একটি মাহিন্দ্রা থর গাড়ি।
এক্ষেত্রে কয়েক সপ্তাহ ধরেই চলছিল বিয়ের প্রস্তুতি। তবে সপ্তাহের শুরুতে অসময়ের বৃষ্টিতে কিছুটা ধাক্কা খেয়েছিল আয়োজন। কিন্তু বুধবার সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় মানুষের বিপুল ভিড়। শেষ পর্যন্ত বুধবার রাত প্রায় ১০টা নাগাদ পশ্চিম পটনার দানাপুর থেকে আসা বরযাত্রী নাদওয়ানে পৌঁছয়।
১০ কিলোমিটার জ্যাম
বিহার তাক-এর সাংবাদিক অনিকেত কুমারের প্রতিবেদন অনুযায়ী, বুধবার দুপুর থেকেই নাদওয়ানে যাওয়ার রাস্তায় ১০ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে যানজট তৈরি হয়। ভিড়ের মধ্যে আটকে গিয়েছিলেন ওই সাংবাদিক। তাঁর দাবি, অনন্ত সিংয়ের বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরেই পরিস্থিতি এমন হয়েছিল যে পদপিষ্ট হওয়ার মতো অবস্থা তৈরি হয়।
অনিকেত কুমার বলেন, 'এই ভিড়ের মধ্যে প্রায় পাঁচ কিলোমিটার হেঁটেছি। কিন্তু আর এগোনোর সাহস পাচ্ছি না।'
সাংবাদিকের কথায়, 'কার্যত পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, সেখান থেকে নড়তেও পারছি না।' তিনি আরও জানান, প্রায় এক ঘণ্টা ধরে চেষ্টা করেও পাটনা-বেগুসরাই জাতীয় সড়কে পৌঁছতে পারেননি।