যুদ্ধে ভারতের সাহায্য নিয়ে আমেরিকা? ভারত থেকে ফেরার পথে ভারত মহাসাগরেই ইরানের যুদ্ধজাহাজের উপর হামলায় চালায় আমেরিকা। তবে কি মধ্যপ্রাচ্যের যুদ্ধে ভারতের জলসীমা ব্যবহার করছে ট্রাম্পের দেশ? একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এই নিয়ে খবর প্রকাশত হতেই মুখ খুলল ভারতের বিদেশ মন্ত্রক। MEA স্পষ্ট ভাবে বিবৃতি দিয়ে জানিয়েছে, 'এই দাবি সম্পূর্ণ ভুয়ো এবং বিভ্রান্তিকর।'
বুধবার বিশাখাপত্তনমে আয়োজিত ভারতীয় নৌবাহিনীর একটি অনুষ্ঠানে মহড়া দিতে আনা হয়েছিল ইরানের নৌবাহিনীর রণতরী IRIS Dena। মহড়া শেষ করে ভারত মহাসাগর দিয়ে ফেরার সময়ে তার উপর অ্যাটাক হয়। টর্পেডো ছুড়ে ধ্বংস করা হয় সেটি। সম্পূর্ণ জাহাজ সাগরে ডুবে যায়। ৮৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এখনও নিখোঁজ বহু। আমেরিকা স্বীকার করেছে, এই হামলা চালিয়েছে তারাই। তারপর থেকেই ভারতের নাগের ডগায় চালানো এই হামলা নিয়ে চর্চা শুরু হয়। এমনকী, ভারতের জলসীমা ব্যবহার করার অভিযোগও উঠতে শুরু করে।
আমেরিকার সংবাদমাধ্যম One America News Network (OAN)-এ একটি সাক্ষাৎকারে মার্কিন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল ডগলাস ম্যাকগ্রেগর দাবি করেন, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে আমেরিকা ভারতের কিছু বন্দর বা নৌঘাঁটি ব্যবহার করছে। তাঁর বক্তব্য প্রকাশ্যে আসার পরই সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়।
যুদ্ধে আমেরিকাকে সাহায্য করার দাবি উঠতেই তড়িঘড়ি প্রতিক্রিয়া দেয় ভারতের বিদেশ মন্ত্রক। MEA মুখপাত্র বলেন, ভারতের বন্দর ব্যবহার করে আমেরিকা ইরানের বিরুদ্ধে হামলা চালাচ্ছে, এই দাবি পুরোপুরি মিথ্যে। ভারতের ভূখণ্ড বা বন্দর কোনও বিদেশি রাষ্ট্রের সামরিক অভিযানের জন্য ব্যবহৃত হচ্ছে না।
একইসঙ্গে কেন্দ্র সতর্ক করেছে, আন্তর্জাতিক পরিস্থিতি উত্তপ্ত থাকলে এ ধরনের ভুল তথ্য বা গুজব দ্রুত ছড়িয়ে পড়ে। তাই এই ধরনের খবর প্রচার করার আগে তথ্য যাচাই করা জরুরি। বিশেষ করে আন্তর্জাতিক সংঘাতের সময়ে ভুয়ো খবর কূটনৈতিক সম্পর্কের উপরও প্রভাব ফেলতে পারে।