
মির্জাপুরের কাছে রেললাইনের মাটিতে ধসঅসমের দিগারুতে যখন ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটল, তখনই আরও রেল সংক্রান্ত খবর আসছে উত্তরপ্রদেশ থেকে। উত্তরপ্রদেশের মির্জাপুরে থার্ড লাইন নির্মাণের কাজ চলাকালীন মাটি ধসে গেল। যার জেরে মির্জাপুর-ঝিংগুরা রেলখণ্ডের ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ। নিরাপত্তার কথা মাথায় রেখে সাতটি ট্রেনের রুট পরিবর্তন করেছে রেল কর্তৃপক্ষ। বাতিল করা হয়েছে একটি ট্রেনও। এই ঘটনার প্রভাব পড়তে পারে হাওড়া ও কলকাতার সঙ্গে উত্তর ভারতগামী রেল যোগাযোগের উপর। বিশেষ করে যে সমস্ত যাত্রী দূরপাল্লার ট্রেনে যাত্রা করছেন, তাঁদের ট্রেনের সময়সূচি ও যাত্রাপথ সম্পর্কে খোঁজ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
বরাত জোরে এড়ানো গিয়েছে বড়সড় দুর্ঘটনা
রেল সূত্রে খবর, উত্তরপ্রদেশের মির্জাপুরের আমঘাটের কাছে মির্জাপুর-ঝিংগুরা রেলখণ্ডে তৃতীয় রেললাইন নির্মাণের কাজ চলছিল। সোমবার সন্ধ্যা প্রায় ৬টা ২০ মিনিট নাগাদ আচমকাই নির্মাণস্থলের মাটি ধসে যায়। এর ফলে বিদ্যুতের একটি খুঁটি বসে যায়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছোয় যে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। ওই লাইন দিয়েই যাওয়ার কথা ছিল গোঁদিয়া-বরৌনি এক্সপ্রেসের। কিন্তু চালকের সতর্কতায় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। বিপত্তির জায়গা থেকে কিছুটা আগেই ট্রেনটি থামিয়ে দেওয়া হয়।

ঘটনার পরেই নিরাপত্তার কারণে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেল। আপ লাইন দিয়ে কয়েকটি ট্রেন চালানো হয়। জেসিবি দিয়ে ধসে যাওয়া মাটি সরিয়ে লাইন মেরামতির কাজ শুরু হয়। বিদ্যুতের খুঁটি এবং রেললাইনের নিরাপত্তা খতিয়ে দেখার কাজও চলছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প পথে ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেলের তরফে যে ৭টি ট্রেনের রুট পরিবর্তনের কথা জানানো হয়েছে, তার মধ্যে রয়েছে ১২২৭৪, ১২৩৯৮, ১২৩৬৮ এবং ১২৯৪৭ নম্বর ট্রেন। এই ট্রেনগুলিকে প্রয়াগরাজ জংশন, প্রয়াগরাজ রামবাগ, বনরাস, বারাণসী জংশন এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন হয়ে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়াও ১০ নভেম্বরের ২৬৫০৫ নম্বর ট্রেন এবং ৯ নভেম্বর যাত্রা শুরু করা ১২১৬৭ নম্বর ট্রেনকে প্রয়াগরাজ জংশন, প্রয়াগরাজ রামবাগ ও বনরাস হয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ২২৯৭১ নম্বর ট্রেনটিকেও পরিবর্তিত পথে চালানো হবে। সুবেদারগঞ্জ থেকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনগামী ৬৩২৩৮ নম্বর ট্রেনটি বাতিল করা হয়েছে। ট্রেনটি প্রয়াগরাজ ছেওকি স্টেশনে দাঁড়িয়ে রয়েছে বলে রেল সূত্রে খবর।
मिर्जापुर-झिंगुरा रेलखंड के मध्य तीसरी रेल लाइन के निर्माण कार्य के दौरान कल मिट्टी धंसने के बाद रेलवे प्रशासन ने एहतियाती कदम उठाते हुए डाउन लाइन पर परिचालन बंद कर दिया। अप लाइन पर ट्रेनों का संचालन सुचारु रूप से जारी है। https://t.co/SSd4hMQ7L8
— AIR News Lucknow (@airnews_lucknow) November 11, 2026
হাওড়াগামী যাত্রীরাও সমস্যা পড়ছেন
মির্জাপুর উত্তর ভারতের একটি গুরুত্বপূর্ণ রেলপথের অংশ। এই রেলখণ্ড দিয়ে পূর্ব ভারত ও উত্তর ভারতের মধ্যে বহু দূরপাল্লার ট্রেন চলাচল করে। ফলে এই লাইনে বিপর্যয়ের প্রভাব পড়তে পারে পূর্ব ভারতের সঙ্গে উত্তর ভারতের রেল যোগাযোগে। বিশেষ করে হাওড়া থেকে উত্তর ভারতগামী এবং উত্তর ভারত থেকে হাওড়ামুখী যাত্রীদের ট্রেনের যাত্রাপথ ও সময়সূচিতে পরিবর্তন হতে পারে। নির্ধারিত সময়ের তুলনায় ট্রেন চলাচলে দেরিও হওয়ার আশঙ্কা রয়েছে।
তবে রেলের প্রকাশিত তালিকায় থাকা প্রতিটি ট্রেনের সঙ্গে হাওড়ার সরাসরি যোগাযোগ রয়েছে, এমনটা বলা যাচ্ছে না। তাই হাওড়া থেকে যাত্রা শুরু করার আগে সংশ্লিষ্ট ট্রেনের স্ট্যাটাস যাচাই করে নেওয়া জরুরি। প্রয়োজনে রেলের অনুসন্ধান নম্বর ১৩৯-এ যোগাযোগ করতে পারেন যাত্রীরা।
কী বলছে রেল কর্তৃপক্ষ?
প্রয়াগরাজের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) রজনীশ আগরওয়াল জানিয়েছেন, তৃতীয় রেললাইন নির্মাণের কাজ চলাকালীন এই বিপত্তি ঘটেছে। আপাতত নির্মাণকাজ ব্যাহত হয়েছে। দ্রুত মেরামতির কাজ চলছে। তাঁর দাবি, পরিস্থিতি স্বাভাবিক করে ট্রেন চলাচল শুরু করতে চার থেকে পাঁচ ঘণ্টা সময় লাগতে পারে। এক যাত্রী মঞ্জয় কুমার সিং জানিয়েছেন, প্রায় আড়াই থেকে পৌনে তিন ঘণ্টা ধরে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। কী কারণে ট্রেন থামানো হয়েছে, তা জানতে বাইরে বেরিয়ে তাঁরা বিষয়টি জানতে পারেন। রেলের তরফে কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, সে সম্পর্কে নির্দিষ্ট সময় জানানো হয়নি বলেও অভিযোগ তাঁর। মহম্মদ রিজওয়ান এবং নারায়ণ নামে আরও দুই যাত্রীও জানিয়েছেন, প্রায় আড়াই ঘণ্টা ধরে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। ঘটনাস্থলে মেরামতির কাজ চলছে বলে তাঁদের জানানো হয়েছে।