আবহাওয়ার লেটেস্ট আপডেটঅগাস্টের শেষ এবং সেপ্টেম্বরের শুরুতে বেশ অ্যাক্টিভ থাকবে বর্ষা। কারণ, আগামী এক সপ্তাহে দেশের মধ্য, পূর্ব ও উত্তর ভারতের বিরাট বড় একটা অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকবে। যার জেরে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মধ্য ও পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক মেঘ রয়েছে। স্যাটেলাইট চিত্রে বিষয়টা পরিষ্কার হয়ে গিয়েছে। তবে দেশের উত্তর-পশ্চিম ও পশ্চিমাঞ্চলে একবারে বিপরীত আবহাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। ওদিকে আবার শুষ্ক বাতাসের বিশাল একটি অংশ উত্তর-পশ্চিম ভারত পেরিয়ে আরব সাগরের দিকে এগিয়ে যাচ্ছে। যার জেরে বেশ কিছু জায়গায় মেঘ তৈরি হওয়ার প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হচ্ছে। ঝড়বৃষ্টি কমছে।
এআইএফএস আবহাওয়া মডেল লেটেস্ট ৪৮ ঘণ্টার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। তারা জানিয়েছে, এই সময় উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তরাখণ্ড এবং উত্তর-পূর্ব ভারতে মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
এই এলাকাগুলিতে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। আর সেই প্রভাব জোরালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আসলে পর্যাপ্ত জলীয়বাষ্প এবং অনুকূল বায়ুমণ্ডলীয় পরিস্থিতি রয়েছে এই সব এলাকায়। যার জন্য বিস্তীর্ণ এলাকায় মেঘ তৈরি হতে পারে।
বিশেষত, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে আগামী কয়েকদিন বারবার বৃষ্টির দেখা মিলতে পারে। এর ফলে যেসব এলাকায় এবারের বর্ষায় এখনও বৃষ্টির ঘাটতি ছিল, সেটা কিছুটা পুষিয়ে যাবে।
এদিকে আবার পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বিহার, ঝাড়খণ্ডেও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাব বজায় রয়েছে। যার জেরে এই তিন রাজ্যে নিয়মিত বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরাখণ্ড এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ঘন ঘন বৃষ্টির পর্ব দেখা যেতে পারে।
উত্তর-পশ্চিম ভারতের ছবি আলাদা
আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছেন, এক বিশাল শুষ্ক বায়ুর প্রবাহ এখনও এই অঞ্চলের উপর দিয়ে এগিয়ে চলেছে। এর প্রভাব পড়ছে রাজস্থান, গুজরাত, পঞ্জাব, হরিয়ানা এবং জম্মু-কাশ্মীরে। পাশাপাশি এই শুষ্ক বাতাসের প্রভাব মহারাষ্ট্র এবং সংলগ্ন আরব সাগর পর্যন্ত বিস্তৃত হচ্ছে। এই শুষ্ক বায়ুর কেরামতিতে বড় মেঘ তৈরি হওয়ার জন্য প্রয়োজনীয় জলীয়বাষ্প মিলছে না। যার ফলে বৃষ্টির ঘাটতি তৈরি হচ্ছে।
পশ্চিম উপকূলেও বৃষ্টির দাপট কম থাকবে
মহারাষ্ট্র, গোয়া এবং কর্নাটকের কিছু অংশ সহ পশ্চিম উপকূলে মাঝেমধ্যে বৃষ্টি হতে পারে। তবে আপাতত বিস্তীর্ণ এলাকায় টানা ও সক্রিয় মৌসুমি বৃষ্টির সম্ভাবনা নেই।
যদিও আগামী এক সপ্তাহে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড এবং উত্তর-পূর্ব ভারতের দিকে নজর থাকবে। এই সব এলাকায় ভালই বৃষ্টি হবে।