বর্ষার আপডেটভারত তথা বাংলায় এখন ঘোর বর্ষা। আর আগামী দু'সপ্তাহ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা আরও সক্রিয় হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তারা জানিয়েছে, ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের উপর অনুকূল ওয়েদার সিস্টেম তৈরি হয়েছে। যার জেরে দেশে বাম্পার বৃষ্টি হতে পারে। যদিও ইন্ডিয়ান ওশিয়ন ডাইপোল (আইওডি) এখনও পুরোপুরি গড়ে ওঠেনি বলেও জানান হয়েছে।
জলবায়ু বিজ্ঞানীরা জানিয়েছেন, ভারত মহাসাগরের জলের তাপমাত্রায় কোনও বড় পরিবর্তন এখনও হয়নি। বর্তমানে পূর্বাঞ্চলীয় উষ্ণ ভারত মহাসাগরের বাতাসকে প্রভাবিত করছে গ্রীষ্মমণ্ডলীয় পশ্চিমা বায়ু,পশ্চিম প্রশান্ত মহাসাগরের টাইফুনগুলির প্রভাব ও ক্রমশ শক্তিশালী হয়ে ওঠা এল নিনো।
অন্যদিকে, পজিটিভ আইওডিএর ক্ষেত্রে সাধারণত যে দক্ষিণ-পূর্ব ট্রেড উইন্ডস সক্রিয় থাকে। সেটা অবশ্য এখনও পুরোপুরি তৈরি হয়নি।
বজ্রঝড়ের সক্রিয়তা বজায়
আইওডি এখনও নিউট্রাল রয়েছে। তবে পূর্ব ভারত মহাসাগরে বজ্রঝড়ের কার্যকলাপ জোরালো রয়েছে। বিজ্ঞানীদের মতে, এটি ইঙ্গিত দিচ্ছে যে বায়ুমণ্ডল এখনও যথেষ্ট সক্রিয়। সেই সঙ্গে আবহাওয়ার দ্রুত পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভারত মহাসাগরের আয়তন তুলনামূলকভাবে ছোট। তাই এখানকার পরিস্থিতি দ্রুত বদলাতে পারে। আগামী কয়েক সপ্তাহে যদি এল নিনো আরও শক্তিশালী হয়, তাহলে পজিটিভ আইওডি তৈরি হতে পারে। এটি বর্ষার উপর এল নিনোর নেতিবাচক প্রভাবকে কমিয়ে দিতে পারে।
ইন্দোনেশিয়ার কাছে সমুদ্রের জল ঠান্ডা হচ্ছে
আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন, ইন্দোনেশিয়া ও জাভা দ্বীপের আশপাশে সমুদ্র পৃষ্ঠের জলের তাপমাত্রা ধীরে ধীরে কমছে।
এর নেপথ্যে রয়েছে আপওয়েলিং নামে একটি প্রাকৃতিক প্রক্রিয়া। যেখানে সমুদ্রের গভীরে থাকা ঠান্ডা জল উপরের দিকে উঠে আসে।
ইন্দোনেশিয়ায় বৃষ্টিপাতের পরিবর্তনের সঙ্গে এই তাপমাত্রা হ্রাসের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং এর প্রভাব গোটা ইন্দো-প্যাসিফিক অঞ্চলের আবহাওয়াতেও পড়তে পারে।
ভারতে বৃষ্টির অনুকূল পরিস্থিতি
এদিকে ভারতের উপরও বৃষ্টির জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, উত্তর ও পূর্ব ভারতে স্বল্পস্থায়ী বৃষ্টি-বহনকারী আবহাওয়া ব্যবস্থা আরও সক্রিয় হচ্ছে। একই সঙ্গে ম্যাডেন-জুলিয়ান অসিলেশন এমন একটি পর্যায়ে প্রবেশ করছে, যা দক্ষিণ বঙ্গোপসাগরের উপর মেঘ তৈরি ও বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ সৃষ্টি করে।
আগামী দু'সপ্তাহে বাড়তে পারে বৃষ্টি
আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছেন, এই সময় সমুদ্র ও বায়ুমণ্ডলীয় উপাদানের সম্মিলিত প্রভাবে আগামী দু'সপ্তাহ দেশের বহু অংশে বর্ষা সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
যদিও পজিটিভ আইওডি এখনও তৈরি হয়নি, তবুও ভারত মহাসাগর ও বায়ুমণ্ডলের পরিবর্তিত পরিস্থিতির উপর বিজ্ঞানীরা কড়া নজর রাখছেন। কারণ, এই পরিবর্তনগুলিই ২০২৬ সালের বর্ষা মৌসুমের বাকি সময়ের গতিপ্রকৃতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।