ডিজেলের ভর্তুকি নিয়ে বড় কথা বললেন মোদী।আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লেও তার প্রভাব কৃষকদের উপর পড়তে দেয়নি কেন্দ্রীয় সরকার। এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্য, ডিজেলের দাম লিটার প্রতি ৫০ টাকা বাড়ানোর দরকার ছিল। কিন্তু সরকার দাম বাড়িয়েছে মাত্র ৭ টাকা। বাকি ৪৩ টাকার বোঝা বহন করেছে সরকার। ইন্ডিয়া টুডে গোষ্ঠীর 'কিষান তক ভারত এগ্রিকালচার কনফারেন্স ২০২৬'-এ এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে কৃষকদের স্বার্থে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত এবং চাষের খরচ কমানোর কথাও মনে করিয়ে দিলেন।
বৃহস্পতিবার় মোদী বলেন,'পশ্চিম এশিয়ায় যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বেড়ে গিয়েছিল। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ব্যারেল প্রতি তেলের দাম ৭০ ডলার থেকে বেড়ে ১২২ ডলারে পৌঁছয়। এর ফলে ভারতও বড় চ্যালেঞ্জের মুখে পড়েছিল। সেই পরিস্থিতিতে ডিজেলের দাম লিটারে ৫০ টাকা পর্যন্ত বাড়ানোর প্রয়োজন ছিল। কিন্তু সরকার সিদ্ধান্ত নেয়, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির পুরো বোঝা দেশের সাধারণ মানুষ এবং কৃষকদের উপর চাপানো হবে না। তাই ডিজেলের দাম বাড়ানো হয় মাত্র ৭ টাকা। বাকি ৪৩ টাকার লোকসান মেটানো হয়েছে সরকারি কোষাগার থেকে'।
মোদী আরও বলেন,'সেই সময় ভারতের আশপাশের একাধিক দেশে ডিজেলের দাম ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছিল। কিন্তু ভারতে তা হতে দেওয়া হয়নি। এই সিদ্ধান্তের কারণে প্রতি মাসে প্রায় ১৪ হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে সরকারের। তা সত্ত্বেও কৃষকদের স্বার্থকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে'।
সারের দাম কম রাখতে ১৬ লক্ষ কোটি খরচ
প্রধানমন্ত্রী বলেন,'কৃষিকাজের খরচের বোঝা যাতে কৃষকদের উপর না পড়ে, সেটাই সরকারের অগ্রাধিকার। কৃষকদের সস্তায় সার জোগান দিতে গত ১২ বছরে ১৬ লক্ষ কোটি টাকা খরচ করেছে কেন্দ্র'। এই বিপুল অঙ্কের কথা উল্লেখ করে মোদী বলেন,'বিশ্বের বহু দেশের বার্ষিক বাজেটও এর চেয়ে কম'।
সারের দামের উদাহরণ দিয়ে তিনি জানান,'আন্তর্জাতিক বাজারে এক বস্তা ডিএপি সারের দাম প্রায় ৫ হাজার টাকা। অথচ ভারতের কৃষকেরা তা পাচ্ছেন মাত্র ১,৩০০ টাকায়। আন্তর্জাতিক বাজারে এক বস্তা ইউরিয়ার দাম প্রায় ৩ হাজার টাকা হলেও দেশে কৃষকদের তা কিনতে হচ্ছে ৩০০ টাকারও কমে'।
ছোট কৃষকদের বিদেশের বাজার
ছোট কৃষকদের আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে সরকার। প্রধানমন্ত্রী বলেন,'কৃষকদের উৎপাদিত ফসল রফতানির বাজারে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে ফসল বিক্রির নতুন সুযোগ তৈরি হবে তাঁদের সামনে। মোদীর কথায়,'কৃষকদের উপর চাষের খরচের বোঝা কমানোই সরকারের নীতি এবং অগ্রাধিকার। কৃষকদের স্বার্থ যখন সবার উপরে থাকে, তখন সরকারকে সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয়। সাধারণ মানুষ এবং কৃষকদের স্বার্থের কথা মাথায় রেখেই কাজ করছে সরকার'। এদিন কৃষিক্ষেত্রের একাধিক সমস্যা নিয়ে কথা বলার পাশাপাশি কৃষকদের আয় বাড়াতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।