সোনা নিয়ে বড় কথা বললেন মোদী।লখনউয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সোনা কেনা নিয়ে নিজের পুরনো পরামর্শের কথা মনে করালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানালেন, বছর খানেক আগে দেশবাসীর কাছে তাঁর আবেদন ছিল, খুব প্রয়োজন না হলে যেন কেউ সোনা না কেনেন। সে সময়ে অনেকেই তাঁর কথায় ঠাট্টা করেছিলেন। কিন্তু এখন অনেকে তাঁকে জানাচ্ছেন, তাঁর পরামর্শ মেনে সোনা কেনা কমানোয় তাঁদের টাকা বেঁচেছে। মোদীর দাবি, দেশবাসী তাঁর কথা শুনেছিলেন এবং সোনা কেনার পরিমাণ কমিয়েছিলেন।
অনুষ্ঠানে তরুণদের উদ্দেশেও বার্তা দেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, দেশের ভবিষ্যৎ শুধু ডিগ্রির উপর নির্ভর করবে না, দক্ষতাও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় দক্ষতা উন্নয়নমন্ত্রী জয়ন্ত চৌধুরী।সেখানে মোদী বলেন,'প্রায় এক বছর আগে দেশবাসীর কাছে আবেদন করেছিলাম, প্রয়োজন না থাকলে যেন এক বছর সোনা না কেনেন। সে সময়ে অনেকেই হাসাহাসি করেছিলেন। কিন্তু এখন সোনার দাম কমার পরে তাঁরাই বলছেন, ওই পরামর্শ মেনে চলায় টাকা বেঁচেছে'।
নিজের সেই বার্তার সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর একটি আবেদনের তুলনাও টানেন মোদী। তিনি বলেন,'এক সময়ে শাস্ত্রীজি দেশবাসীর কাছে এক বেলা খাবার ছেড়ে দেওয়ার আবেদন জানিয়েছিলেন। দেশবাসী তাঁর সেই কথা মেনেছিলেন। একই ভাবে সোনা কেনা কমানোর আবেদনেও মানুষ আস্থা রেখেছেন'।
প্রধানমন্ত্রীর বক্তব্য, স্বাধীনতার পরেও দীর্ঘ দিন দেশ ঔপনিবেশিক মানসিকতা থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি। সেই কারণেই চাকরির ক্ষেত্রে ডিগ্রি ও শংসাপত্রকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছে। পিছনে পড়ে গিয়েছে কাজের দক্ষতা ও প্রশিক্ষণ। এ প্রসঙ্গে দাদাজি ধর্মাধিকারীর একটি বইয়ের ঘটনা তুলে ধরেন মোদী। তিনি জানান, এক বার স্নাতকোত্তর ডিগ্রিধারী এক যুবক চাকরির সুপারিশের জন্য তাঁর কাছে এসেছিলেন। কথায় কথায় বার বার নিজের ডিগ্রির কথা উল্লেখ করছিলেন তিনি। তখন দাদাজি ধর্মাধিকারী তাঁকে প্রশ্ন করেন, তিনি কী কী কাজ জানেন? গাড়ি চালাতে পারেন কি না, রান্না করতে পারেন কি না, তা-ও জানতে চান। কিন্তু ওই যুবক কোনও প্রশ্নেরই উত্তর দিতে পারেননি। শুধু নিজের ডিগ্রির কথাই বলে গিয়েছিলেন'।
মোদীর কথায়,'সময় বদলাচ্ছে। আগামী দিনে দক্ষ কর্মীদের চাহিদা আরও বাড়বে। বিশ্বের বহু দেশ ভারত থেকে প্রশিক্ষিত কর্মী চাইছে। শুধু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া নয়, আইটিআই থেকে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদেরও প্রয়োজন'।
এ প্রসঙ্গে সৌদি আরব, দুবাই, আবু ধাবি এবং কাতারের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, ওই দেশগুলির আধুনিক শহর গড়ে তোলার কাজে ভারতীয় কারিগরদের বড় অবদান রয়েছে। সেখানকার রাজপরিবারের সদস্যেরাও ভারতীয় কারিগরদের দক্ষতা ও পরিশ্রমের প্রশংসা করেন। আগামী ২০ বছর ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। মোদীর কথায়,'দক্ষতা ও কাজের কদর বাড়াতে পারলেই ‘বিকশিত ভারত’-এর স্বপ্ন পূরণ সম্ভব। সেই লক্ষ্যেই দক্ষতা উন্নয়ন মন্ত্রক তৈরি করেছে সরকার। নতুন জাতীয় শিক্ষানীতিতেও দক্ষতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়েছে'।
প্রধানমন্ত্রী জানান, আগে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী পড়ুয়াদের জন্যই সমাবর্তনের আয়োজন করা হত। কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়েছেন, আইটিআইয়ের পড়ুয়ারাও সমান মর্যাদায় সমাবর্তনে অংশ নেবেন। তাঁর বক্তব্য, আইটিআই পড়ুয়াদের আঙুলেই তিনি ভারতের ভবিষ্যৎ দেখতে পান। তাঁদের দক্ষতার মধ্যেই দেশের শক্তি লুকিয়ে রয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে নানা উদ্বেগের কথাও উল্লেখ করেন মোদী। অনেকের আশঙ্কা, এআইয়ের কারণে বহু মানুষের চাকরি চলে যেতে পারে। কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্য, যাঁর কাজের দক্ষতা রয়েছে, তাঁর কর্মসংস্থান কেউ কেড়ে নিতে পারবে না।