Neha Bora: দিল্লি হাইকোর্টের নেহা বোরার আর্জি খারিজ, বড় ধাক্কা AISA সভানেত্রীর

Neha Bora Plea Rejected: দিল্লি হাইকোর্টে ধাক্কা AISA সভানেত্রী নেহা বোরার। বিশেষ কার্যনির্বাহী ম্যাজিস্ট্রেটের (SEM) জারি করা নোটিসকে চ্যালেঞ্জ করে তিনি আবেদন দাখিল করেছিলেন।

Advertisement
দিল্লি হাইকোর্টের নেহা বোরার আর্জি খারিজ, বড় ধাক্কা AISA সভানেত্রীরনেহা বোরা
হাইলাইটস
  • দিল্লি হাইকোর্টে ধাক্কা AISA সভাপতি নেহা বোরার।
  • নেহার আবেদন খারিজ করে দিয়েছে আদালত।
  • নোটিসের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন নেহা।

Neha Bora Plea Rejected: দিল্লি হাইকোর্টে ধাক্কা AISA সভানেত্রী নেহা বোরার। বিশেষ কার্যনির্বাহী ম্যাজিস্ট্রেটের (SEM) জারি করা নোটিসকে চ্যালেঞ্জ করে তিনি আবেদন দাখিল করেছিলেন। সেটি খারিজ করে দিয়েছে আদালত। উক্ত নোটিসে নেহাকে ১০ হাজার টাকার বন্ড জমা দিতে এবং শান্তি বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। নোটিসের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন নেহা।

নেহার আবেদনে দাবি করা হয়েছিল, পুলিশের নোটিস বাতিল করতে হবে। পাশাপাশি, তাঁর বিরুদ্ধে জোর করে কোনও পদক্ষেপ না করার নির্দেশও চেয়েছিলেন তিনি। কিন্তু দিল্লি হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দিয়েছে। মামলায় দিল্লি পুলিশের বক্তব্য ছিল, নেহার এই আবেদন গ্রহণযোগ্য নয়।

জাতীয় পতাকা তোলা নিয়ে বিতর্ক
নেহার হয়ে আদালতে সওয়াল করেছিলেন প্রবীণ আইনজীবী গোপাল শঙ্করনারায়ণন। তাঁর বক্তব্য ছিল, জাতীয় পতাকা তোলার জন্য কোনও অনুমতির প্রয়োজন নেই। বিশেষ কার্যনির্বাহী ম্যাজিস্ট্রেট নোটিস জারির সময় নিজের বিচারবুদ্ধি প্রয়োগ করেননি বলেও অভিযোগ করেন তিনি। শান্তিভঙ্গের আশঙ্কার পক্ষে যথেষ্ট তথ্যপ্রমাণও ছিল না বলে আবেদনে দাবি করা হয়।

পুলিশের নোটিসে অভিযোগ করা হয়েছিল, মাণ্ডি হাউসের গোলচত্বরে বিক্ষোভের সময় নেহা জোরে স্লোগানিং করেছিলেন। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও যন্তরমন্তর ও তার আশপাশে প্রতিবাদে অংশ নেওয়ার অভিযোগও ছিল। কনট প্লেসের সেন্ট্রাল পার্কে অনুমতি ছাড়া বিক্ষোভে লোকজনকে উৎসাহিত করা এবং অনুমতি ছাড়া জাতীয় পতাকা তোলার অভিযোগও তুলেছিল পুলিশ।

কেন আটক হয়েছিলেন নেহা?
SIR-এ অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদে বিভিন্ন আন্দোলনে অংশ নিয়েছিলেন নেহা। ১৬ অক্টোবর 'লহরা দো তিরঙ্গা' মিছিলে যোগ দিতে যাওয়ার সময় তাঁকে আটক করা হয়। পরের দিন, ১৭ অক্টোবর তাঁকে ছাড়া হয়। এরপর পুলিশের নোটিসকে চ্যালেঞ্জ করে আদালতে আবেদন করেন AISA সভাপতি। সেই আবেদনই এদিন খারিজ হয়ে গেল। 

POST A COMMENT
Advertisement