প্রতীকী ছবিNew Traffic Rules: গত প্রজাতন্ত্র দিবসে নতুন ট্রাফিক আইন বলবৎ হয়েছিল রাজ্যে। এর মধ্যেই বাইকারদের ক্ষেত্রে ট্রাফিক আইনে একগুচ্ছ নতুন নিয়ম আনতে চলেছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক (Union Transport Ministry). আইনের সঙ্গে পথ সুরক্ষার সঙ্গে সঙ্গে শিশুদের সুরক্ষার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে নিয়ম না মানলে বড় ধরনের জরিমানারও নিদান থাকছে।
যদি বাইকে ৪ বছের ছোট বাচ্চা নিয়ে যাতায়াত করেন, সে ক্ষেত্রে বাইক আরোহীকে (New Traffic Rules For Bikers) মানতে হবে একগুচ্ছ নির্দেশ। নির্দেশে বলা হয়েছে, ৯ মাস থেকে ৪ বছর পর্যন্ত শিশুদের নিয়ে মোটর বাইকে করে যাতায়াতে সর্বোচ্চ গতিবেগ হতে হবে ঘণ্টায় ৪০ কিলোমিটারেরও কম। চার বছর কিংবা তার থেকে কম বয়সের শিশুর জন্য ব্যবহার করতে হবে ক্র্যাশ হেলমেট (Crash Helmet) এবং সেফটি হারনেস (Safety Harness).
কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের পক্ষ থেকে এই বিষয়ে নোটিফিকেশন জারি করা হয়েছে। তবে এই নতুন নিয়ম এখনই চালু হচ্ছে না। আগামী বছর ১৫ ফেব্রুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে। অর্থাৎ, এখনও এক বছর সময় থাকছে নতুন নিয়ম কার্যকর হওয়ার জন্য। কেন্দ্রের ওই বিজ্ঞপ্তিতে চার বছরের কম বয়সি শিশুদের জন্য একটি সেফটি হারনেস ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে, যা শিশুকে মোটর সাইকেলের চালকের সঙ্গে আটকে রাখবে।
বিউরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস অনুযায়ী, সেফটি হারনেসটি হতে হবে হালকা ওজনের, প্রয়োজন অনুযায়ী ছোট-বড় করা যায় এমন, জলরোধী এবং টেকসই। এটি তৈরি হতে হবে ভারী নাইলন বা মাল্টি-ফিলামেন্ট নাইলন উপাদান দিয়ে যাতে বেশি ঘনত্বের ফোম এবং পর্যাপ্ত কুশন থাকে। সেফটি হারনেসটির ৩০ কেজি পর্যন্ত ওজন ধরে রাখার ক্ষমতা থাকতে হবে। এর সঙ্গে ISI চিহ্নযুক্ত হেলমেট বা একদম ছোট্ট বাচ্চাদের ক্ষেত্রে ক্র্যাশ হেলমেট পরার নিদান দেওয়া হয়েছে।