সেতুর উপর থেকে বিজেপি ও NDA নেতাদের পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল রাষ্ট্রীয় জনতা দল (RJD)-এর কর্মীদের একাংশের বিরুদ্ধে। সেতুর নামকরণ হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নামে। তাঁর উপস্থিতিতেই উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর উপর থেকে বিজেপি ও NDA নেতাদের পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল রাষ্ট্রীয় জনতা দল (RJD)-এর কর্মীদের একাংশের বিরুদ্ধে। লালুপ্রসাদ যাদব ও তেজস্বী যাদবের সমর্থনে স্লোগানও দেন তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও RJD-র মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে।
কেন ক্ষুব্ধ RJD কর্মীরা?
শনিবার, ২১ নভেম্বর বিহারের বৈশালী জেলায় নীতীশ সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৪,২৮০ কোটি টাকা ব্যয়ে তৈরি এই ছয় লেনের সেতুটি প্রায় ৯.৭৬ কিলোমিটার দীর্ঘ। এটি গঙ্গার উপর কাচ্চি দরগাহ এবং বিদুপুরকে যুক্ত করেছে।
স্থানীয়দের একাংশের দাবি, এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় বিহারের সরকারে ছিল RJD-ও। তেজস্বী যাদব তখন উপমুখ্যমন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি রাঘোপুরের বিধায়ক এবং বিরোধী দলনেতা। অথচ উদ্বোধনী অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ। এই ঘটনাতেই ক্ষোভ আরও বেড়েছে।
প্রশ্ন তুলেছেন RJD নেতা তেজস্বী যাদবও। তাঁর দাবি, প্রায় ১৮ মাস আগেই নীতীশ কুমার এই সেতুর উদ্বোধন করেছিলেন। তাহলে নতুন করে উদ্বোধনের জন্য এত টাকা খরচ করা হল কেন? RJD সাংসদ সুধাকর সিংহের অভিযোগ, পুরনো প্রকল্পকে নতুন ভাবে উদ্বোধন করে রাজনৈতিক কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে NDA সরকার।
তেজস্বীর আরও দাবি, সেতু তৈরিতে কেন্দ্রীয় সরকারের কোনও আর্থিক অবদান নেই। তাঁর প্রশ্ন, 'কেন্দ্র যদি এক টাকাও খরচ না করে থাকে, তা হলে প্রধানমন্ত্রী কেন উদ্বোধন করলেন?'
নীতীশের নাম নয়, গুরু গোবিন্দ সিংহের নামে সেতু চেয়েছিল RJD
সেতুর নামকরণ নিয়েও বিতর্ক রয়েছে। তেজস্বীর দাবি, গঙ্গার উপর তৈরি এই সেতুর নাম শিখ ধর্মের দশম গুরু গোবিন্দ সিংহের নামে রাখার প্রস্তাব দিয়েছিলেন তিনি। বিহার বিধানসভাতেও এই বিষয়ে প্রস্তাব আনা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত নীতীশ কুমারের নামে সেতুর নামকরণ করা হয়। তেজস্বীর অভিযোগ, রাজনৈতিক কারণেই আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার।
৪০ মিনিট ধরে বিক্ষোভ, পাল্টা আক্রমণ বিজেপির
প্রধানমন্ত্রীর অনুষ্ঠান শেষ হওয়ার পরেই সেতুর উপর বিক্ষোভ শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিয়োয় RJD-র পতাকা হাতে কর্মীদের পোস্টার ছিঁড়তে এবং লালু-তেজস্বীর সমর্থনে স্লোগান দিতে দেখা গিয়েছে। প্রায় ৪০ মিনিট ধরে চলে এই বিক্ষোভ। বিজেপির মুখপাত্র নীরজ কুমার শর্মার অভিযোগ, উন্নয়নমূলক কাজে সহযোগিতার বদলে RJD রাজনৈতিক নাটক করছে।