কলার আইডি ম্যান্ডেটরি (ছবি: পিক্সেলস)অচেনা নম্বর থেকে ফোন আসছে? কে ফোন করছে বুঝতে পারছেন না? এবার এই সমস্যার সমাধান হতে চলেছে। মোবাইলে কল এলে শুধু নম্বর নয়, দেখা যাবে ব্যক্তির নামও। সকলের সুবিধার্থে এমনই ব্যবস্থা চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। আগামী ১ নভেম্বর ২০২৬ থেকে কলিং নেম প্রেজেন্টেশন (সিএনএপি) চালু করা হচ্ছে। টেলিকম দফতর (ডট) মোবাইল নেটওয়ার্ক প্রদানকারী সংস্থাগুলিকে এই ব্যবস্থা চালু করার নির্দেশই দিয়েছে। টেলিকম দফতরের নির্দেশ অনুযায়ী, 4G এবং 5G ব্যবহারকারীদের ফোনে এই পরিষেবা ডিফল্টভাবেই চালু থাকবে। আলাদা করে চালু করতে হবে না।
তবে 2G ও 3G নেটওয়ার্ক এবং ল্যান্ডলাইন ফোনের ক্ষেত্রে এই ব্যবস্থা কীভাবে চালু করা হবে, তা এখনও জানা যায়নি। এটা নিয়ে পরবর্তী নির্দেশে জানানো হবে।
কীভাবে কাজ করবে নতুন কলার আইডি ব্যবস্থা?
নতুন কলার আইডি সামনে ব্যবস্থা সামনে আসছে। এই ব্যবস্থা চালু হওয়ার পর ফোন এলে মোবাইলের স্ক্রিনে প্রথমে থাকবে ফোন করা ব্যক্তির মোবাইল নম্বর। তার পর দেখা যাবে নাম।
যদিও সেভ করা নম্বর থেকে ফোন এলে আপনার কনট্যাক্টসে থাকা নামটিই দেখা যাবে। আর নম্বরটি সেভ করা না থাকলে ব্যক্তির নাম দেখতে পাবেন। এক্ষেত্রে টেলিকম সংস্থার গ্রাহক তালিকায় যে নম্বর রয়েছে, সেটাই দেখানো হবে।
অর্থাৎ, কোনও অচেনা নম্বর থেকে ফোন এলে আর সমস্যা নেই। কে ফোন করছেন, সেটা বোঝা অনেক সহজ হবে।
আন্তর্জাতিক কলের ক্ষেত্রে অবশ্য স্ক্রিনে ইন্টারন্যাশনাল কল লেখা থাকবে।
নাম দেখানোর জন্য কী করতে হবে টেলিকম সংস্থাগুলিকে?
আপনাকে কিছু করতে হবে না। বরং এবার যা করার সেটা করবে টেলিকম কোম্পানিগুলি। এক্ষেত্রে টেলিকম সংস্থাকে একটি ডেটাবেস তৈরি করতে হবে। সেখানে গ্রাহকদের নামের সঙ্গে তাঁদের মোবাইল নম্বরের তথ্য যুক্ত থাকবে। এর মাধ্যমেই কোনও ব্যক্তির নাম সহজেই দেখা যাবে মোবাইলে। আলাদা করে কোনও থার্ডপার্টি অ্যাপ লাগবে না।
যদিও গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখতে হবে টেলিকম সংস্থাগুলিকে। নির্দেশ অনুযায়ী, নিরাপত্তার কথা মাথায় রেখে ফোন আসার সময় নাম জানার জন্য যে তথ্য আদানপ্রদান হবে, সেটা যেন পরে স্টোর করে রাখা না যায়।
এছাড়া যে গ্রাহকেরা কলিং লাইন আইডেন্টিফিকেশন রেস্ট্রিকশন (সিএলআইআর) পরিষেবা ব্যবহার করেন, তাঁদের নাম এই ব্যবস্থায় দেখানো হবে না। এই পরিষেবার মাধ্যমে গ্রাহকেরা নিজেদের কলার পরিচয় গোপন রাখতে পারেন।
ব্যবসায়িক নম্বরের ক্ষেত্রে কী নিয়ম?
ব্যবসায়িক প্রতিষ্ঠান বা একসঙ্গে অনেকগুলি সংযোগ ব্যবহার করা গ্রাহকদের ক্ষেত্রে আলাদা সুবিধা রাখা হতে পারে। তাঁরা চাইলে টেলিকম সংস্থার কাছে নিজেদের নথিভুক্ত নামের পরিবর্তে পছন্দের ব্যবসায়িক নাম দেখানোর আবেদন করতে পারবেন।
কেন এই নতুন ব্যবস্থা চালু করছে কেন্দ্র?
এই সিদ্ধান্তের পিছনে রয়েছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই-এর ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে দেওয়া সুপারিশ।
২০২৫ সালের অক্টোবর মাসে ট্রাই, সিএনএপি পরিষেবা ডিফল্টভাবে চালু রাখার প্রস্তাবে সম্মতি জানিয়েছিল। এর ফলে অচেনা নম্বর থেকে আসা ফোনের পরিচয় জানা সহজে জানা যাবে। থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করা যাবে না।