রাফাল নিয়ে কী বললেন ম্যাক্রোঁ? ১১৪টি রাফাল যুদ্ধবিমানের চুক্তি নিয়ে সমালোচনা হচ্ছে। ভারতে এসে তার জবাব দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ (Emmanuel Macron)। বর্তমানে দিল্লিতে অনুষ্ঠিত AI Impact Summit 2026-এ যোগ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সেখানেই রাফাল চুক্তির পক্ষে বলেন, এই যুদ্ধবিমান ভারতকে আরও শক্তিশালী করবে। সামরিক ক্ষমতা দেবে। দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও মজবুত করবে।
তাঁর কথায়,'ব্যবসায়িক দিকটি কোম্পানি এবং ভারত সরকারের মধ্যে আলোচনার অংশ। আমি বুঝতে পারছি না মানুষ কীভাবে এর সমালোচনা করতে পারে। কারণ, এই যুদ্ধবিমান তো আপনাদের দেশকে শক্তিশালী করছে। এতে দুই দেশে কর্মসংস্থান বাড়বে। উন্নতি হবে। দেশের নিরাপত্তা মজবুত হবে।'
ম্যাক্রোঁর এই মন্তব্য তাৎপর্যপূর্ণ। কারণ, এক সপ্তাহ আগে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বাধীন ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (DAC) ভারতীয় বায়ুসেনার ক্ষমতা বাড়াতে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তাব অনুমোদন দেয়। প্রায় ৩.২৫ লক্ষ কোটি টাকার এই বিশাল চুক্তি ম্যাক্রোঁর ভারত সফরের আগেই ছাড়পত্র পেয়েছে।
ভারত-ফ্রান্স প্রতিরক্ষা সহযোগিতার প্রশংসা করে তিনি বলেন, 'আমরা সর্বাধিক ভারতীয় উপাদান ব্যবহার এবং ভারতে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ উৎপাদনে প্রতিশ্রুতিবদ্ধ। টাটা-এয়ারবাস চুক্তির মূল দর্শনও এটিই। রাফালের ক্ষেত্রেও আমরা একইভাবে এগোবো। আমাদের উপর ভরসা রাখতে পারেন।'
মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ম্যাক্রোঁ ভারত-ফ্রান্স সম্পর্ককে 'স্পেশাল গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ' বলে উল্লেখ করেন। মুম্বইয়ে দ্বিপাক্ষিক বৈঠকের পর প্রতিরক্ষা, প্রযুক্তি, বাণিজ্য, দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য ও সংস্কৃতি সহযোগিতাসহ ২০টিরও বেশি চুক্তি ও ফলাফল ঘোষণা করা হয়।
উল্লেখযোগ্যভাবে, দুই দেশ ভারতে হ্যামার মিসাইল উৎপাদন কেন্দ্র এবং H125 হেলিকপ্টারের ফাইনাল অ্যাসেম্বলি লাইন স্থাপনের চুক্তিও স্বাক্ষর করেছে। ফরাসি প্রেসিডেন্ট জানান, সাবমেরিন ক্ষেত্রেও একই ধরনের সহযোগিতা সম্প্রসারিত হতে পারে।
মিডিয়া বৈঠকে স্বাধীন মতপ্রকাশ নিয়ে তাঁর মন্তব্যের সমালোচনা প্রসঙ্গে ম্যাক্রোঁ বলেন, 'অনেকেই আমার বক্তব্যের একটি ছোটো অংশ উদ্ধৃত করেছে। আমার বক্তব্য ছিল, আমি বাক স্বাধীনতায় বিশ্বাস করি। তার অর্থ হল,আমি আপনাকে শুনব, আপনি আমাকে শুনবেন, এতে সম্পর্কের উন্নতি হবে।'
১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির এই ৩ দিনের সফরে ম্যাক্রোঁ দিল্লিতে AI Impact Summit 2026-এ অংশগ্রহণ এবং শীর্ষ পর্যায়ের বৈঠক করছেন। সেখানে ভারত-ফ্রান্স অংশীদারিত্ব নিয়ে দুই দেশের নেতারা আলোচনা করেন।