OBC ক্রিমি লেয়ার নিয়ে ধাক্কা কেন্দ্রের, আগের রায়ে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট

Creamy layer: ওবিসি ক্রিমি লেয়ার নিয়ে কেন্দ্রের আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট। আগামী ১৭ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।

Advertisement
OBC ক্রিমি লেয়ার নিয়ে ধাক্কা কেন্দ্রের, আগের রায়ে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্টOBC-র 'ক্রিমি' লেয়ার নিয়ে সুপ্রিম কোর্টে কেন্দ্রের ধাক্কা
হাইলাইটস
  • OBC ক্রিমি লেয়ার নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র।
  • আগের নির্দেশে কোনও রকম স্থগিতাদেশ দিল না দেশের সর্বোচ্চ ন্যায়ালয়।
  • কেন্দ্রের দাবি, এই সিদ্ধান্ত ইউপিএসসি ২০২৫ পরীক্ষার প্রক্রিয়াকে প্রভাবিত করছে।

OBC ক্রিমি লেয়ার নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র। আগের নির্দেশে কোনও রকম স্থগিতাদেশ দিল না দেশের সর্বোচ্চ ন্যায়ালয়। শুধুমাত্র আয়ের মাধ্যমেই ক্রিমি লেয়ার নির্ধারণ মামলায় কেন্দ্রীয় সরকারের স্পষ্টীকরণ আবেদনের শুনানি করে সুপ্রিম কোর্ট সমস্ত পক্ষকে আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে জবাব দাখিল করার নির্দেশ দিয়েছে। এদিন বিচারপতি পি.এস. নরসিংহ ও আর. মহাদেবনের গঠিত বেঞ্চ আগের নির্দেশের উপর কোনও রকম হস্তক্ষেপ করতে রাজি হয়নি।

আসলে পাঁচ মাস আগে, আরও স্পষ্ট করে বললে গত ১১ মার্চ সুপ্রিম কোর্ট জানিয়েছিল, শুধুমাত্র মা-বাবার আয় বা বা মাসিক বেতনের ভিত্তিতে ওবিসি ক্রিমি লেয়ার নির্ধারণ করা যাবে না। বরং আদালতের বক্তব্য ছিল, আয়ের পাশাপাশি, মা-বাবার পদ, সামাজিক মর্যাদা এবং চাকরির শ্রেণিকেও ক্রিমি লেয়ারের মানদণ্ড হিসেবে দেখা উচিত। সুপ্রিম কোর্টের ওই নির্দেশের ভিত্তিতেই, সরকারি সংস্থা, ব্যাঙ্ক বা বেসরকারি খাতের কর্মচারীদের সন্তানদের শুধুমাত্র অভিভাবকের বেশি বেতনের কারণ দেখিয়ে সংরক্ষণের সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না।

এই নির্দেশের পরিপ্রেক্ষিতে, কেন্দ্র এই সিদ্ধান্ত বাস্তবায়নের বাস্তব সমস্য়া ও বাধাগুলো  জানিয়ে সুপ্রিম কোর্টে একটি স্পষ্টীকরণ আবেদন দাখিল করেছিল। সরকারের দাবি ছিল, এই সিদ্ধান্ত ইউপিএসসি ২০২৫ পরীক্ষার প্রক্রিয়াকে প্রভাবিত করছে।

কেন্দ্রের যুক্তির পক্ষে সলিটর জেনারেল তুষার মেহতা আদালতকে জানান , পুরোনো নিয়ম অনুযায়ী ইউপিএসসি-র সুপারিশপ্রাপ্ত ৯৫৮ জন প্রার্থীর চাকরি বণ্টনের প্রক্রিয়া ফাইনাল পর্যায়ে ছিল। এই সিদ্ধান্তটি পূর্ববর্তী তারিখ থেকে কার্যকর করা হলে, সম্পূর্ণ মেধা তালিকা (যেমন আইএএস, আইপিএস) এবং ট্রেনিং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। একইসঙ্গে তিনি জানান, এই সিদ্ধান্তের ফলে দেশের বিভিন্ন রাজ্যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নিয়োগ ও ভর্তির প্রক্রিয়ার ওপরও বড় প্রভাব ফেলবে।

তবে সরকারের উদ্বেগ শোনা সত্ত্বেও, সুপ্রিম কোর্ট আগের নির্দেশ স্থগিত করতে রাজি হয়নি। বরং পরবর্তী শুনানি ১৭ সেপ্টেম্বর হবে বলে জানানো হয়েছে।
 

Advertisement

 

POST A COMMENT
Advertisement