ওল্ড মঙ্ক রামভারতের সবচেয়ে জনপ্রিয় মদের ব্র্যান্ড ওল্ড মঙ্ক। এর বিক্রি বহুল। এই ব্র্যান্ডের রামের ভক্ত সুরাপ্রেমীর সংখ্যা নেহাত কম নয়। তবে বম্বে হাইকোর্টে ব্র্যান্ডটির বিরুদ্ধে চলা একটি মামলায় নতুন তথ্য উঠে এসেছে। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI) আদালতে স্পষ্ট করেছে, ওল্ড মঙ্কের বর্তমান ফর্মুলেশনের উপর ভিত্তি করে এটি রাম হিসেবে আর বিক্রি করা যাবে না। নিয়ন্ত্রক এই সংস্থার মতে, এই মদে নিউট্রাল স্পিরিট এবং রাম ফ্লেভারিং ব্যবহার করা হয়।
FSSAI-এর আইনজীবী স্পষ্ট করেছেন, আপত্তিগুলি শুধু ওল্ড মঙ্কের মোড়ক বা লেবেলই সীমাবদ্ধ নয়, বরং এর উপাদান এবং এই মদ যেভাবে উপস্থাপন করা হচ্ছে, তা নিয়েও। আদালতকে জানানো হয়, মদটিকে রামের পরিবর্তে রাম-স্বাদযুক্ত স্পিরিট হিসেবে বাজারে বিক্রি করা যেতে পারে।
ওল্ড মঙ্কের নতুন লেবেল
FSSAI-এর আপত্তির পর ওল্ড মঙ্কের প্রস্তুতকারক মোহন মিকিন বম্বে হাইকোর্টে সংশোধিত লেবেল জমা দিয়েছে। তবে FSSAI নতুন লেবেলগুলি পরীক্ষা করে অনুমোদন করা যাবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় চেয়েছে। এই মামলার পরবর্তী শুনানি ১১ সেপ্টেম্বর।
এই বিতর্কের মূল কারণ কী?
বিতর্কের প্রধান একটি উৎস হল ওল্ড মঙ্কের প্যাকেজিংয়ে থাকা '7 Years old blended' দাবিটি। কোম্পানিটি এই দাবি তুলতে এবং মদের বোতলে ব্যবহৃত অতিরিক্ত ফ্লেভারগুলি সম্পর্কে তথ্য স্পষ্ট ভাবে প্রকাশ করার জন্য আদালতে আবেদন করেছে।
সত্যিই কি ৭ বছরের ব্লেন্ডেড রাম ওল্ড মঙ্ক?
FSSAI-এর মতে, ওল্ড মঙ্কে প্রধানত নিউট্রাল ও আনএজড স্পিরিট থাকে, যেখানে ম্যাচিওরড রামের মিক্সারে স্পিরিটের পরিমাণ ৫ শতাংশেরও কম থাকে। তাই '7 Years old blended' কথাটি সুরাপ্রেমীদের মনে এই ধারণা দিতে সক্ষম হয়, পুরো মদটিই ৭ বছর ধরে পরিপক্ক করা হয়েছে।
গত শুনানিতে বম্বে হাইকোর্ট এই প্রশ্নও তুলেছিল, বছর সংক্রান্ত এই ধরনের তথ্য গ্রাহকদের পুরো মদটিকে ৭ বছরের পুরনো বলে বিবেচনা করতে উৎসাহিত করতে পারে কি না।
অনেক বড় মদের ব্র্যান্ডই স্ক্যানারে
ল্যাব রিপোর্টের ভিত্তিতে FSSAI নির্দিষ্ট কিছু কোম্পানির কারখানায় উৎপাদিত পণ্য বিক্রি নিষিদ্ধ করে আদেশ জারি করেছে। এর মধ্যে ওল্ড মঙ্কের কিছু ভ্যারিয়েন্টের পাশাপাশি ম্যাকডোয়েলস নং ১ রাম, ব্যাগপাইপার ডিলাক্স হুইস্কি, ওল্ড মঙ্ক ডিলাক্স XXX রাম, অ্যান্টিকুইটি ব্লু হুইস্কি এবং রয়্যাল চ্যালেঞ্জ হুইস্কির মতো ব্র্যান্ডগুলিও অন্তর্ভূক্ত ছিল।