Loksabha Resume : ডিলিমিটেশন ও মহিলা সংরক্ষণ ঘিরে জল্পনা, আগামী সপ্তাহেই ফের বসছে সংসদ

এ বার সেই বর্ষাকালীন অধিবেশনেরই বাকি কাজকর্ম সম্পন্ন করতে চাইছে কেন্দ্র। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করে কিরেন রিজিজু জানিয়েছেন, লোকসভার স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যানের কাছে দুই কক্ষের বৈঠক পুনরায় ডাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Advertisement
ডিলিমিটেশন ও মহিলা সংরক্ষণ ঘিরে জল্পনা, আগামী সপ্তাহেই ফের বসছে সংসদফাইল ছবি
হাইলাইটস
  • সংসদের বৈঠক পুনরায় ডাকার সিদ্ধান্ত ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে
  • মহিলা সংরক্ষণ এবং লোকসভা ও বিধানসভার আসন পুনর্বিন্যাস নিয়ে

আগামী ৩০ নভেম্বর, সোমবার লোকসভার এবং ২ ডিসেম্বর, বুধবার রাজ্যসভার অধিবেশন পুনরায় ডাকার জন্য অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় সরকার। সংসদের বর্ষাকালীন অধিবেশনেরই বাকি কাজকর্ম সম্পূর্ণ করতে এই উদ্যোগ। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তাঁর বক্তব্য, সরকারের গুরুত্বপূর্ণ কাজকর্ম সম্পন্ন করার জন্যই দুই কক্ষের বৈঠক ফের ডাকার অনুরোধ করা হয়েছে। প্রয়োজনে ৩ ডিসেম্বর পর্যন্ত চলতে পারে সংসদের কাজকর্ম।

উল্লেখ্য, ২০২৬ সালের সংসদের বর্ষাকালীন অধিবেশন বিরোধী সাংসদদের লাগাতার বিক্ষোভ ও হইহট্টগোলের কারণে বারবার বিঘ্নিত হয়েছিল। শেষ পর্যন্ত ১৩ অগাস্ট, বৃহস্পতিবার লোকসভা ও রাজ্যসভা অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করে দেওয়া হয়। তবে অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তি বা প্রোরোগেশন না হওয়ায় পরবর্তী সময়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। বিরোধীদের অভিযোগ ছিল, শীতকালীন অধিবেশন ডাকতে দেরি করছে সরকার। একই সঙ্গে আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন সংক্রান্ত রাজনৈতিক সমীকরণের কারণেই বর্ষাকালীন অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হচ্ছে না বলে দাবি করেছিল বিরোধী দলগুলি। যদিও সেই অভিযোগ খারিজ করে শাসক এনডিএ শিবিরের বক্তব্য ছিল, সংসদের অধিবেশন ডাকা বা মুলতুবি করার বিষয়টি সরকারের সাংবিধানিক এক্তিয়ারের মধ্যে পড়ে।

এ বার সেই বর্ষাকালীন অধিবেশনেরই বাকি কাজকর্ম সম্পন্ন করতে চাইছে কেন্দ্র। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করে কিরেন রিজিজু জানিয়েছেন, লোকসভার স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যানের কাছে দুই কক্ষের বৈঠক পুনরায় ডাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। তাঁর বক্তব্য, লোকসভার বৈঠক ৩০ নভেম্বর এবং রাজ্যসভার বৈঠক ২ ডিসেম্বর বসবে। কাজের প্রয়োজন অনুযায়ী ৩ ডিসেম্বর দুই কক্ষের কার্যক্রম শেষ হতে পারে। তবে ঠিক কোন কোন বিল বা প্রস্তাব সংসদে পেশ করা হবে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি কেন্দ্র।

মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন নিয়ে জল্পনা

সংসদের বৈঠক পুনরায় ডাকার সিদ্ধান্ত ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে মহিলা সংরক্ষণ এবং লোকসভা ও বিধানসভার আসন পুনর্বিন্যাস নিয়ে। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, এই বৈঠকে ডিলিমিটেশন এবং মহিলা সংরক্ষণ সংক্রান্ত সংবিধান সংশোধনী প্রস্তাব আনতে পারে কেন্দ্রীয় সরকার।

Advertisement

এই প্রস্তাব কার্যকর হলে লোকসভার বর্তমান ৫৪৩টি আসন বেড়ে সর্বোচ্চ ৮৫০টি হতে পারে। সেই লক্ষ্যে দেশজুড়ে আসন পুনর্বিন্যাসের পরিকল্পনা রয়েছে বলে আলোচনা চলছে। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ কার্যকর করা সরকারের অন্যতম লক্ষ্য বলে মনে করা হচ্ছে।

তবে ডিলিমিটেশন নিয়ে আপত্তি রয়েছে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যের। তাদের আশঙ্কা, আসন পুনর্বিন্যাসের ফলে লোকসভায় দক্ষিণের রাজ্যগুলির প্রতিনিধিত্বের অনুপাত কমে যেতে পারে। এই পরিস্থিতিতে প্রতিটি রাজ্যে আসনসংখ্যা সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর একটি বিকল্প নিয়ে আলোচনা চলছে। আবার অন্য একটি প্রস্তাব অনুযায়ী, রাজ্যগুলির মধ্যে লোকসভা আসনের বর্তমান অনুপাত বজায় রাখা হতে পারে। বর্তমানে এই বণ্টনের ভিত্তি ১৯৭১ সালের জনগণনা। যদিও এই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সংসদের দীর্ঘতম অধিবেশন নিয়ে বিতর্ক

বর্ষাকালীন অধিবেশন ১৩ অগাস্ট অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হলেও আনুষ্ঠানিকভাবে তার সমাপ্তি ঘোষণা করা হয়নি। ফলে অধিবেশনটি ১০০ দিনেরও বেশি সময় ধরে চলমান রয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। ২০০৮ সালে তৈরি ৮৭ দিনের রেকর্ডও এই সময়সীমা ছাড়িয়ে গিয়েছে বলে দাবি করা হচ্ছে।

সংসদে কৌশল ঠিক করতে বৈঠকে কংগ্রেস

এদিকে, ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলা সংসদের বৈঠক নিয়ে নিজেদের রণকৌশল তৈরির প্রস্তুতি শুরু করেছে কংগ্রেস। সেই লক্ষ্যে আগামী ২৭ নভেম্বর, শুক্রবার দিল্লিতে কংগ্রেসের সংসদীয় কৌশল গোষ্ঠীর বৈঠক ডাকা হয়েছে। বিকেল সাড়ে ৪টেয় এই বৈঠক হওয়ার কথা। বৈঠকে সভাপতিত্ব করবেন সোনিয়া গান্ধী। সংসদের আসন্ন কার্যক্রমে কোন কোন বিষয়কে সামনে রেখে কেন্দ্রের বিরুদ্ধে সরব হবে দল, তা নিয়েই আলোচনা হওয়ার সম্ভাবনা। 

POST A COMMENT
Advertisement