এইমসে অপারেশনের ডেট পেতেই আড়াই বছর! RTI-এ প্রকাশ্যে বেহাল দশাAIIMS Delhi surgery waiting list 2026: AIIMS এ চিকিৎসার মান নিয়ে কোনও প্রশ্ন নেই। কিন্তু সেখানে অপারেশন টেবিল পর্যন্ত পৌঁছতেই প্রায় বছরখানেক লেগে যেতে পারে। নতুন এক RTI(তথ্য জানার অধিকার আইন) থেকে এমনটাই জানা যাচ্ছে। নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস বা এইমস (AIIMS Delhi)-এ চিকিৎসা করাতে এসে দেশের প্রান্তিক মানুষকে ঠিক কতটা ভোগান্তির মুখে পড়তে হচ্ছে, সেটাই ফের প্রকাশ্যে এল। আলোচ্য RTI-তে জানা গিয়েছে, এইমসে অর্থোপেডিক সার্জারি (হাড়ের, Orthopaedic Surgery) করাতেই একজন রোগীকে ৩ মাস থেকে শুরু করে সর্বোচ্চ আড়াই বছর (২.৫ বছর) পর্যন্ত দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে। সাধারণ মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের পক্ষে বেসরকারি হাসপাতালে বিপুল খরচ করা অসম্ভব। কিন্তু সেটা এড়িে এইমসের দরজায় কড়া নাড়লেও বিশেষ লাভ নেই। কারণ তখন এই দীর্ঘ প্রতীক্ষার তালিকায় নাম লেখাতে হয় তাঁদের।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে রাজ্যসভায় দেওয়া তথ্যেই এ কথা জানা গিয়েছে। আর সেই তথ্য থেকেই এইমসের অপারেশন থিয়েটারের ভয়াবহ 'ওভারলোডে'র ছবিটা স্পষ্ট।
বিভাগীয় স্তরে অপারেশনের দীর্ঘ লাইন
RTI এবং রাজ্যসভায় পেশ করা রিপোর্ট অনুযায়ী, এইমসের শুধুমাত্র অর্থোপেডিক বিভাগেই যে এমন লাইন পড়ে, তা নয়। অন্যান্য প্রধান ডিপার্টমেন্টগুলিরও অবস্থা তথৈবচ। অস্ত্রোপচারের ডেট পেতেই কালঘাম ছুটছে রোগী ও তাঁদের পরিজনদের। RTI-তে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্যানুযায়ী,
গাইনিকোলজিক্যাল অঙ্কোলজি (ক্যানসার): মহিলাদের জরায়ু বা স্তন ক্যানসারের মতো আশঙ্কাজনক অস্ত্রোপচারের ক্ষেত্রেও ৩ থেকে ৪ মাস পর্যন্ত রোগীকে অপেক্ষা করতে হচ্ছে।
গ্যাস্ট্রো-ইনটেস্টাইনাল সার্জারি: পেটের জটিল অস্ত্রোপচার বা পরিপাকতন্ত্রের ক্যানসার সংক্রান্ত অপারেশনের জন্য সর্বোচ্চ ৩ থেকে ৬ মাস পর্যন্ত সময় লাগছে। তবে এই ডিপার্টমেন্টে অতি আশঙ্কাজনক বা ক্রিটিক্যাল কেসগুলিকে কিছুটা অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
জেনারেল সার্জারি: সাধারণ অস্ত্রোপচার বা জেনারেল সার্জারির ক্ষেত্রে অপেক্ষা তুলনামূলক কম। তবে সেখানেও প্রায় ২ মাস পর্যন্ত লাইনে থাকতে হচ্ছে রোগীদের।
'রোগীর সুনামি' সামলাতে ব্যর্থ?
গত বছরও রাজ্যসভায় সাংসদ রামজি লাল সুমনের এক প্রশ্নের উত্তরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতাপরাও যাদব স্বীকার করেছিলেন যে, অস্বাভাবিক রোগীর চাপ রয়েছে।সারা দেশ থেকে রোগীরা আসেন। সে কারণেই এইমসে পরিকল্পিত অস্ত্রোপচারে বা ‘প্ল্যানড প্রসিডিউর’-এর ডেট পেতে প্রায় ২ বছর পর্যন্ত লেগে যায়।
বিশেষজ্ঞদের একাংশের মতে, ভারতের জেলা বা রাজ্য স্তরের সরকারি হাসপাতালগুলির রেফারেল ব্যবস্থার বেহাল দশা। সে কারণেই প্রত্যন্ত অঞ্চলের মানুষ বাধ্য হয়ে সোজা দিল্লির এইমসে চলে আসছেন। ফলে হাসপাতাল চত্বরে কার্যত ‘রোগীর সুনামি’। পরিকাঠামো এবং চিকিৎসকের সংখ্যা বাড়ানো হচ্ছে। কিন্তু এই বিপুল চাহিদার তুলনায় তা এখনও অনেক কম। এই আড়াই বছরের ওয়েটিং পিরিয়ডই তার প্রমাণ। ক্যানসার বা হাড়ের জটিল সমস্যায় আক্রান্ত রোগীরা দিনের পর দিন ডেট না পেয়ে কীভাবে যন্ত্রণার দিন গুনছেন, এই পরিসংখ্যান তারই নিষ্ঠুর প্রতিচ্ছবি।