
ভারত কি চাইলে নিজের জ্বালানি চাহিদা পুরোপুরি নিজেই মেটাতে পারে?Petroleum Reserves in India: ভারতে কোথায় কোথায় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের খনিজ ভাণ্ডার রয়েছে? দেশের বিভিন্ন প্রান্তে তেল ও গ্যাসের মজুত আছে। তবে অনেকেই ঠিক করে জানেন না, ভারত কি চাইলে নিজের জ্বালানি চাহিদা পুরোপুরি নিজেই মেটাতে পারে? আর সেই তালিকায় পশ্চিমবঙ্গের অবস্থানই বা কোথায়? ভারতে কয়েকটি নির্দিষ্ট অঞ্চলে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের প্রধান ভাণ্ডার রয়েছে(natural gas reserves India) । দেশের পশ্চিম ও উত্তর-পূর্ব অংশে এই সম্পদের উপস্থিতি সবচেয়ে বেশি। বিশেষ করে অসম, গুজরাত এবং সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে বহুদিন ধরেই তেল ও গ্যাস উত্তোলনের কাজ চলছে। পাশাপাশি বঙ্গোপসাগরের গভীর সমুদ্রেও উল্লেখযোগ্য পরিমাণে হাইড্রোকার্বন মজুত থাকতে পারে। বিভিন্ন সমীক্ষায় এমনটাই দেখা গিয়েছে।
অসমে ভারতের প্রাচীনতম তেলক্ষেত্রগুলির মধ্যে একটি রয়েছে। ডিগবয়, নাহারকাটিয়া, মরান-সহ একাধিক এলাকায় দীর্ঘদিন ধরেই তেল উত্তোলন চলছে। গুজরাতের আঙ্কলেশ্বর এবং কাম্বে বেসিনও দেশের অন্যতম গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস উৎপাদন ক্ষেত্র।
অন্যদিকে, মহারাষ্ট্র উপকূলের কাছে অবস্থিত মুম্বই হাই ক্ষেত্র ভারতের বৃহত্তম অফশোর তেলক্ষেত্র হিসেবে পরিচিত। এখান থেকে বহু বছর ধরে বিপুল পরিমাণ পেট্রোলিয়াম উত্তোলন করা হচ্ছে। এছাড়াও অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর উপকূলবর্তী কৃষ্ণা-গোদাবরী বেসিনেও প্রাকৃতিক গ্যাসের উল্লেখযোগ্য মজুত রয়েছে বলে জানা যায়।
পশ্চিমবঙ্গেও?(petroleum resources West Bengal)

অনেকেরই ধারণা, পশ্চিমবঙ্গে তেল বা গ্যাসের উল্লেখযোগ্য ভাণ্ডার নেই। কিন্তু বাস্তবে পরিস্থিতি কিছুটা ভিন্ন। গত কয়েক বছরে ভূতাত্ত্বিক অনুসন্ধানে রাজ্যের কিছু এলাকায় হাইড্রোকার্বনের উপস্থিতি পাওয়া গিয়েছে।
২০১৮ সালে উত্তর ২৪ পরগনার অশোকনগরে তেলের ভাণ্ডার আবিষ্কার করে ওএনজিসি (ONGC)। বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার থাকার ইঙ্গিত মেলে।
অশোকনগর অঞ্চলটি গঙ্গা-ব্রহ্মপুত্র অববাহিকার অংশ। এই অববাহিকায় দীর্ঘদিন ধরেই তেল ও গ্যাসের সম্ভাবনা নিয়ে গবেষণা চলছিল।
এর পাশাপাশি বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকাতেও তেল ও গ্যাসের সম্ভাবনা নিয়ে বিভিন্ন সময় অনুসন্ধান চালানো হয়েছে। তবে প্রযুক্তিগত জটিলতা এবং পরিবেশগত বিষয়গুলির কারণে অনেক ক্ষেত্রেই সেই অনুসন্ধান পুরোপুরি এগোয়নি।
ভারত কি নিজের চাহিদা নিজেই মেটাতে পারে?
ভারত বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি ব্যবহারকারী দেশ। দেশের অর্থনীতি এবং শিল্পক্ষেত্র দ্রুত বৃদ্ধি পাওয়ায় পেট্রোলিয়াম ও গ্যাসের চাহিদাও ক্রমাগত বাড়ছে।
কিন্তু দেশীয় উৎপাদন এখনও সেই চাহিদার তুলনায় অনেকটাই কম। ফলে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল বিদেশ থেকে আমদানি করতে হয়। মধ্যপ্রাচ্য, রাশিয়া এবং অন্যান্য তেল উৎপাদনকারী দেশ থেকে ভারত নিয়মিত তেল আমদানি করে।
বিশেষজ্ঞদের মতে, ভারতের বিভিন্ন অববাহিকায় এখনও উল্লেখযোগ্য পরিমাণ তেল ও গ্যাসের সম্ভাবনা রয়েছে। তবে অনুসন্ধান, প্রযুক্তি, বিনিয়োগ এবং পরিবেশগত নিয়ম; সব মিলিয়ে অনেক ক্ষেত্রেই সেই সম্পদের পুরোটা ব্যবহার করা সম্ভব হয়নি। গভীর সমুদ্র এবং দুর্গম এলাকায় অনুসন্ধান চালানো অত্যন্ত ব্যয়বহুল ও জটিল প্রক্রিয়া। ফলে অনেক সম্ভাব্য ক্ষেত্র এখনও পুরোপুরি কাজে লাগানো যায়নি।
তবে নতুন প্রযুক্তি এবং উন্নত অনুসন্ধান পদ্ধতির সাহায্যে ভবিষ্যতে ভারতের জ্বালানি সম্পদের আরও বড় অংশ ব্যবহার করা সম্ভব হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে বঙ্গোপসাগর এবং দেশের বিভিন্ন অববাহিকায় নতুন অনুসন্ধান প্রকল্প শুরু হলে সেই সম্ভাবনা আরও বাড়তে পারে।