অশোক সেন অস্কার ক্লেইন মেডেল পেলেনবাঙালির মুকুটে জুড়ে গেল আরও একটি পালক। স্ট্রিং থিওরি, ব্ল্যাকহোল রহস্য নিয়ে গবেষণার স্বীকৃতি পেলেন বাঙালি পদার্থবিদ অশোক সেন। ২০২৬ সালের অস্কার ক্লেইন মেডেলে সম্মানিত হয়েছেন তিনি। প্রথম ভারতীয় পদার্থবিদ হিসেবে এই সম্মান পেলেন অশোক। পদার্থবিদ্যার অন্যতম জনপ্রিয় স্ট্রিং থিওরি ও ব্ল্যাকহোল রহস্য নিয়ে কাজ করেছেন তিনি। সেই সব গবেষণার জন্যই তিনি এবার বিরল অস্কার ক্লেইন মেডেল পেলেন। এখন প্রশ্ন হল, অশোক সেনের পড়াশোনা কোথায়? কী কী ডিগ্রি রয়েছে? কী নিয়ে গবেষণা করেছেন? সব তথ্য জানতে পড়ুন।
কোথায় পড়াশোনা?
কলকাতাতেই জন্ম অশোক সেনের। তিনি ১৯৫৬ সালের ১৫ জুলাই জন্মগ্রহণ করেন। তাঁর বাবা অনিলকুমার সেনও ছিলেন ফিজিক্সের প্রফেসর। তিনি স্কটিশ চার্চ কলেজে পড়াতেন। যেই কারণে ছোটবেলা থেকেই বাড়িতে বিজ্ঞানচর্চার অনুকূল পরিবেশ পেয়েছেন তিনি। আর সেটাই তাঁকে জীবনে অনেকটাই এগিয়ে দিয়েছে।
কলকাতার শৈলেন্দ সরকার বিদ্যাপীঠে স্কুল স্তরের পড়াশোনা করেন অশোক সেন। তারপর ভর্তি হন ঐতিহ্যবাহী প্রেসিডেন্সি কলেজে। সেখান থেকে ১৯৭৫ সালে স্নাতক হন। এরপর ভর্তি হন কানপুর আইআইটি-তে। সেখান থেকে স্নাতোকোত্তর ডিগ্রি পাশ করেন। এরপর দেশের মাটি ছেড়ে বিদেশে উড়ান দেন। আমেরিকা স্টোনি ব্রুক বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় পিএইচডি করেন এই বিশিষ্ট বিজ্ঞানী।
কী নিয়ে গবেষণা?
জানা যায়, পদার্থবিদ্যার প্রতি বরাবরই ঝোঁক ছিল অশোক সেনের। সেই ঝোঁক থেকেই তিনি ধীরে ধীরে এক বিশিষ্ট বিজ্ঞানী হয়ে উঠেছেন। তিনি স্ট্রিং থিওরি নিয়ে কাজ করেছেন। এটি বর্তমানে পদার্থবিদ্যার অন্যতম চর্চিত একটি বিষয়। এই তত্ত্বের মাধ্যমে মহাবিশ্বের মৌলিক কণাগুলি কীভাবে কাজ করে, সেটা বোঝার চেষ্টা করা হয়। অশোক সেন এই তত্ত্ব নিয়েই কাজ করেছেন। তিনি এস ডুয়ালিটির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
এছাড়া ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বর নিয়েও বিস্তারিত গবেষণা রয়েছে তাঁর। তিনি ব্ল্যাক হোলের এনট্রপি নিয়ে কাজ করেছেন। তার ভিতরের কোয়ান্টাম প্রকৃতি বোঝার চেষ্টা করেছেন। আর এই গবেষণাও ফিজিক্সের দুনিয়ায় বিশেষভাবে আলোচিত।
কী কী পুরস্কার রয়েছে ঝুলিতে?
ফিজিক্সের দুনিয়ার এক নক্ষত্র অশোক সেন। তাই তাঁর মতো ব্যক্তিত্ব যে একাধিক পুরস্কার পাবেন, এই কথা তো বলাই বাহুল্য! ভারত সরকার তাঁকে পদ্মশ্রী ও পদ্মভূষণ দিয়েছে। সেই সঙ্গে তিনি ডিরাক মেডেলের মতো সম্মান পেয়েছেন। এছাড়া ইনফোসিস পুরস্কারও রয়েছে তাঁর ঝুলিতে।
এবার তিনি পেলেন অস্কার ক্লেইন পুরস্কার। ফিজিক্সের জুনিয়ায় অসামান্য কাজের স্বীকৃতি হিসেবে এই সম্মান পেলেন তিনি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুরষ্কার।
কোথায় কাজ করছেন?
বর্তমানে তিনি টাটা ইন্সটিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরেটিক্যাল সায়েন্সেসে কাজ করছেন।