আজ বৈঠকে মোদীআজ বিকেল ৪টে নাগাদ দিল্লিতে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকটি হবে সেবা তীর্থে। এই বৈঠকের জন্য কেন্দ্রের সব মন্ত্রীকে দিল্লিতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যার ফলে এই বৈঠকের দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। মন্ত্রিসভায় রদবদল, মন্ত্রীদের পারফর্ম্যান্স থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আজ আলোচনা হতে পারে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। পাশাপাশি বড় কোনও সিদ্ধান্ত গ্রহণের সম্ভাবনাও রয়েছে।
প্রসঙ্গত, কয়েক দিন ধরে বিদেশ সফরে রয়েছেন প্রধানমন্ত্রী। সেখান থেকে দেশে ফিরেই এই বৈঠকে যোগ দেবেন তিনি বলে খবর। আর এই বৈঠকে উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় মন্ত্রিসভার সব ক্যাবিনেট মন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং রাষ্ট্রমন্ত্রীদের।
পশ্চিম এশিয়ার সঙ্কট নিয়ে আলোচনার সম্ভাবনা
পশ্চিম এশিয়ার যুদ্ধ এখনও থামার নেই। তার প্রভাব পড়তে পারে দেশের অর্থনীতিতে। এমন পরিস্থিতিতে অপরিশোধিত তেলের দাম, জ্বালানি সরবরাহ ব্যবস্থা এবং মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্র সরকার পরিস্থিতির উপর নজর রাখছে। আর এই বিষয়টা নিয়েই আজ আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।
প্রধানমন্ত্রী মোদী বিদেশ সফর থেকে ফিরে গোটা পরিস্থিতি পর্যালোচনা করতে পারেন বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের মন্ত্রীগোষ্ঠী গঠন করেছে কেন্দ্র। এই দলের কাজ হল ইরান যুদ্ধ পরিস্থিতির উপর নজর রাখা এবং ভারতের উপর সম্ভাব্য প্রভাব মোকাবিলায় পরামর্শ দেওয়া। এই দলে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মাল সীতারমন এবং পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরী।
সম্প্রতি রাজনাথ সিং বলেন, 'সরকার ২৪ ঘণ্টাই পরিস্থিতির উপর নজর রাখছে'। তাঁর কথায়, 'বর্তমানে অপরিশোধিত তেল, জ্বালানি বা এলপিজি পর্যাপ্ত মজুত রয়েছে। কোনও বিশেষ সমস্যা নেই।' কিন্তু তারপরও পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।
মন্ত্রিসভা রদবদলের জল্পনা
প্রধানমন্ত্রী মোদীর এই বৈঠক রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ, জুনের দ্বিতীয় সপ্তাহেই কেন্দ্রের মোদী ৩.০ সরকারের সম্ভাব্য মন্ত্রিসভা সম্প্রসারণ ও রদবদল নিয়ে জল্পনা তুঙ্গে।
আগামী ১০ জুন এই সরকারের প্রথম বর্ষপূর্তি। তার আগে বিভিন্ন মন্ত্রকের কাজকর্ম ও সাংগঠনিক কার্যকলাপ খতিয়ে দেখছে কেন্দ্রীয় নেতৃত্ব বলেও সূত্রের খবর। এর ফলে বিভিন্ন মন্ত্রীর দফতর বদলের সম্ভাবনাও রয়েছে। তাই এখন রাজনৈতিক বিশেষজ্ঞরা এই বৈঠকের দিকে আলাদা করে নজর রেখেছে।