রেলের গতি নকশার মানচিত্রে বড় বদলমঙ্গলবার গুজরাতের বরোদায় গিয়ে বিকশিত ভারতের গতি বৃদ্ধি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন মোট ৩৫ হাজার কোটি টাকা বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এরমধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডরের তিনটি শাখা। রেলের দাবি, এই শাখাগুলি ভারতের ফ্রেট ক্ষেত্রের মানচিত্র বদলে দিতে পারে।
এদিন PM মোদী ফ্রেট করিডরের যে ৩টি গুরুত্বপূর্ণ শাখার উদ্বোধন করেছেন তার আওতায় মোট ৩২৬ রুট কিলোমিটার তৈরি করা হয়েছে। এরজন্য খরচ হয়েছে ২০,৭০০ কোটির বেশি টাকা। এরমধ্যে আছে নিউসানন্দ উত্তর- নিউ মকরপুরা, নিউ উম্বারগাঁও- নিউ সাফালে এবং নিউ সাফালে- নিউ জেএনপিটি শাখা।
কেন্দ্রের দাবি, এই শাখাগুলি উদ্বোধনের ফলে জওহরলাল নেহরু পোর্ট অথরিটির সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে উঠবে, ফলে রফতানির জন্য পণ্য চলাচল দ্রুত হবে। শিল্পাঞ্চল এবং বন্দরের মধ্যে যোগাযোগ শক্তিশালী হবে। কমবে লজিস্টিক খরচ এবং মুম্বই রেলওয়ে নেটওয়ার্কের জ্যামজটও অনেকাংশে কমবে।
এছাড়াও, এই শাখাগুলি হওয়ার ফলে ডেডিকেটড ফ্রেট করিডর নেটওয়ার্ক পুরোপুরি চালু হয়ে যাবে। এই পরিকাঠামো দেশের লজিস্টিক পরিমণ্ডলকে শক্তিশালী করবে, বহুপাক্ষিক যোগাযোগ বাড়বে, যান চলাচলের সময় কমবে এবং বিভিন্ন অঞ্চলের মধ্যে সুষ্ঠুভাবে পণ্য সরবরাহের সুবিধা হবে।
তবে শুধুমাত্র এই ফ্রেট করিডর নয়, এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউ সানন্দ, নিউ মকরপুরা, নিউ উম্বারগাঁও থেকে নতুন মালগাড়ি ট্রেন পরিষেবার সুচনা করেন। পাশাপাশি সূচনা করা হয় তান্ডারোড এবং বরোদা প্রতাপ নগরের মধ্যে নতুন যাত্রী ট্রেন চলাচল ও জোবাত-তান্ডারোডের নতুন রেল লাইনেরও। ছোটা উদেপুর- ধার প্রকল্পের আওতায় থাকা এই নতুন রেল লাইনটি রেল নেটওয়ার্কের সঙ্গে আদিবাসী অধ্যুষিত আলি রাজপুরের যোগাযোগ ঘটাতে বিস্তর ভূমিকা রাখবে।
এছাড়াও এদিন বরোদা থেকে ১,৭৮০ কোটি টাকার ৩টি ন্যাশনাল হাইওয়ে প্রকল্প ও গুজরাট সরকারের মোট ২৬০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এই প্রকল্পগুলি উদ্বোধনের পর নরেন্দ্র মোদী বলেন, "বিকশিত ভারতকে আরও গতি দিতেই এখানে এসেছি। ৩৫ হাজার কোটি টাকার প্রজেক্টের শিলান্যাস, উদ্বোধন করা হয়েছে। এবছর লালকেল্লা থেকে আমি বিকশিত ভারতের সংকল্প সপ্তধারার কথা বলেছিলাম। এরমধ্যে একটি ধারা গতিশক্তি। বিকশিত বারত গঠন করতে আমাদের এমন কানেক্টিভিটি তৈরি করতে হবে যা সুগম এবং সময়োপযোগী দ্রুতও।"