দেশবাসীকে একজোট থাকার বার্তা দিয়ে যা বললেন মোদী'মন কি বাত'-এর ১৩২তম পর্বে একাধিক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন পিএম মোদী। এদিন তিনি বলেন, কোভিড-১৯ মহামারির কারণে বিশ্ব ইতিমধ্যেই অনেক দীর্ঘমেয়াদী সমস্যার সম্মুখীন হয়েছে। আশা করা হয়েছিল, মহামারির পর বিশ্ব ধীরে ধীরে আবার সঠিক ভাবে উন্নতি করবে। কিন্তু তা হয়নি। বরং বিশ্বের বিভিন্ন অংশে এখন টানা যুদ্ধ হয়েই চলেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য়ের যুদ্ধের কথা উল্লেখ করেন মোদী।
প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের এই এলাকায় লক্ষ লক্ষ ভারতীয়ের পরিবার ও আত্মীয়-স্বজন বাস করেন। বিশেষ করে বহু ভারতীয় মধ্যপ্রাচ্যের দেশগুলিতে কর্মরত। সেখানে বসবাসকারী এক কোটিরও বেশি ভারতীয়কে সাহায্য করার জন্য তিনি উপসাগরীয় দেশগুলির প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
দেশবাসীকে কী বার্তা দিলেন মোদী?
নরেন্দ্র মোদী জানান, এটা যে অত্যন্ত কঠিন সময়, তাতে কোনও সন্দেহ নেই। তিনি বলেন, এই সঙ্কট কাটিয়ে উঠতে সকল নাগরিককে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি 'মন কি বাত'-এর মাধ্যমে জনগণের কাছে আবেদন জানিয়ে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার উপর জোর দিয়েছেন।
রাজনীতি ও গুজব সম্পর্কে কী বললেন?
প্রধানমন্ত্রী মোদী বলেন, এই বিষয়টির সঙ্গে রাজনীতিকে জড়ানো উচিত না। কারণ এটি ১৪০ কোটি নাগরিকের স্বার্থের সঙ্গে জড়িত। তিনি আরও বলেন, "গুজব রটনাকারীরা দেশের ক্ষতি করছে । জনগণকে সতর্ক থাকতে হবে।" তিনি নাগরিকদের সতর্ক থাকতে এবং গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য আবেদন জানিয়েছেন।
তিনি আত্মবিশ্বাসের সুরে বলেন, অতীতে যেমন দেশ ১৪০ কোটি নাগরিকের শক্তিতে বড় বড় সঙ্কটের মোকাবিলা করেছে, তেমনই এবারও দেশ ঐক্যবদ্ধ হয়ে এই বাধা কাটিয়ে উঠবে। তিনি বলেন, ভারতের প্রকৃত শক্তি দেশের কোটি কোটি নাগরিকের মধ্যেই নিহিত রয়েছে।
এনার্জি সঙ্কট ও ভারতের প্রস্তুতি
প্রধানমন্ত্রী মোদী বলেন, যে অঞ্চলে যুদ্ধ হচ্ছে তা ভারতের জ্বালানি চাহিদার একটি প্রধান কেন্দ্র। এর ফলে পেট্রোল ও ডিজেল নিয়ে বিশ্বব্যাপী সঙ্কট দেখা দিচ্ছে। কিন্তু এক্ষেত্রে বৈশ্বিক সম্পর্ক এবং গত দশকে অর্জিত শক্তির কারণেই ভারত এই পরিস্থিতি দৃঢ়ভাবে মোকাবিলা করছে বলে জানান মোদী।
এছাড়াও এদিন মন কি বাত-এ ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কথা, জম্মু ও কাশ্মীরের রঞ্জি ট্রফি জয়ের কথা উল্লেখ করেন PM। পাশাপাশি, এদিন ফিটনেস, স্বাস্থ্য ও খেলাধুলা নিয়েও বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।