PM Narendra Modi : 'খাওয়া-দাওয়া-মস্তি আমাদের সংস্কৃতি নয়', সেভিংসে জোর দেওয়ার আবেদন PM মোদীর

মাদক সমস্যার শিকড় উপড়ে ফেলতে প্রশাসনের সব স্তরকে একযোগে উদ্যোগী হওয়ার আহ্বান জানান মোদী। তাঁর বক্তব্য, দেশ যেভাবে নকশালবাদ মোকাবিলা করতে পেরেছে, একইভাবে মাদক সমস্যার বিরুদ্ধেও জয় সম্ভব।

Advertisement
'খাওয়া-দাওয়া-মস্তি আমাদের সংস্কৃতি নয়', সেভিংসে জোর দেওয়ার আবেদন PM মোদীর নরেন্দ্র মোদী
হাইলাইটস
  • বৈঠকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং মাদক সমস্যাও বিশেষ গুরুত্ব পায়
  • সূত্রের খবর, মাদকের ভয়াবহতা নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী

দেশের অর্থনৈতিক অগ্রগতির ধারাকে ধরে রাখতে সঞ্চয়ের উপর উপর বিশেষ গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ভারতের সংস্কৃতি সঞ্চয়ের উপর নির্ভরশীল। 'খাও, পিও, মৌজ করো' (খাও, পান করো, আনন্দ করো) মানসিকতায় বিশ্বাসী নয় ভারত। একইসঙ্গে তাঁর সতর্কবার্তা, দারিদ্র্য থেকে বিপুল সংখ্যক মানুষকে বের করে আনা সম্ভব হলেও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে না পারলে তাঁরা ফের দারিদ্র্যের মুখে পড়তে পারেন।

সূত্রের খবর, বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ভারতীয় সংস্কৃতি কখনওই 'খাও, পিও অউর মৌজ করো' নীতিতে বিশ্বাস করে না। বরং মানুষের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। কারণ, দারিদ্র্য থেকে বেরিয়ে আসা মানুষেরা যাতে ফের আর্থিক অনটনের মধ্যে না পড়েন, তা নিশ্চিত করতে সঞ্চয়ের বিকল্প নেই।

৫০ কোটি মানুষকে দারিদ্র্যমুক্ত করার সাফল্য

বৈঠকে দেশের দারিদ্র্য দূরীকরণে অগ্রগতির প্রসঙ্গও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনা সম্ভব হয়েছে। এই সাফল্যকে জাতীয় স্তরে উদযাপন করার মতো একটি বড় মাইলফলক হিসেবেও উল্লেখ করেন তিনি।

তবে শুধু মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনাই সরকারের কাজ নয় বলে মনে করিয়ে দেন মোদী। তাঁদের জীবনযাত্রায় স্থায়ী আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। আর সেই লক্ষ্যেই সঞ্চয় এবং আর্থিক শৃঙ্খলার উপর জোর দেওয়ার কথা বলেন তিনি।

বুধবার নয়, মঙ্গলবার গভীর রাতে ফিলিপিন্সের ম্যানিলায় আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে দিল্লিতে ফেরেন প্রধানমন্ত্রী। এরপর বৃহস্পতিবার নয়াদিল্লির ভারত মণ্ডপমে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের নিয়ে সাড়ে তিন ঘণ্টার বৈঠক করেন তিনি। ২০১৪ সালে সংসদের সেন্ট্রাল হলে প্রথম ভাষণের কথাও স্মরণ করেন মোদী। সেই সময় নিজের সরকারকে 'গরিবদের প্রতি দায়বদ্ধ সরকার' বলে উল্লেখ করেছিলেন তিনি। গত এক দশকে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলেও বৈঠকে জানান প্রধানমন্ত্রী।

Advertisement

মাদকমুক্ত করতে হবে দেশ, যুবসমাজকে রক্ষার বার্তা

বৈঠকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং মাদক সমস্যাও বিশেষ গুরুত্ব পায়। সূত্রের খবর, মাদকের ভয়াবহতা নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী। যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষা করার জন্য কেন্দ্রীয় সরকারকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।

মাদক সমস্যার শিকড় উপড়ে ফেলতে প্রশাসনের সব স্তরকে একযোগে উদ্যোগী হওয়ার আহ্বান জানান মোদী। তাঁর বক্তব্য, দেশ যেভাবে নকশালবাদ মোকাবিলা করতে পেরেছে, একইভাবে মাদক সমস্যার বিরুদ্ধেও জয় সম্ভব। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তাঁর গলা ধরে এসেছিল বলেও সূত্রের দাবি।

একইসঙ্গে নকশালবাদ দমনে সাফল্য এলেও আত্মতুষ্টির কোনও জায়গা নেই বলে মন্ত্রী ও আধিকারিকদের সতর্ক করেন প্রধানমন্ত্রী। নকশালবাদ যাতে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, তা নিশ্চিত করতে ধারাবাহিক নজরদারি এবং প্রশাসনিক তৎপরতা বজায় রাখার নির্দেশ দেন তিনি।

এ দিনের বৈঠকে সেপ্টেম্বর মাসে আয়োজিত 'চিন্তন বৈঠক'-এ নির্ধারিত লক্ষ্য ও বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতিও পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী। সরকারের কাজের গতি বজায় রাখা এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণে মন্ত্রীদের আরও সক্রিয় হওয়ার বার্তাও দেন তিনি। 

POST A COMMENT
Advertisement