নরেন্দ্র মোদীনিট প্রশ্নফাঁস বিক্ষোভের আবহে পরপর দু'রাত ভিডিও বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার গভীর রাতে প্রকাশিত তাঁর ভিডিও বার্তায় তরুণদের বিপুলভাবে সাড়া দেওয়ার জন্য ধন্যবাদ জানান। তিনি জানান, যুবরা ইতিবাচক পরামর্শ দিয়েছেন। যার ফলে তাঁর সঙ্গে তাঁদের সম্পর্ককে আরও মজবুত হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এই ভিডিওতে প্রধানমন্ত্রী বলেন, 'ধন্যবাদ বন্ধুরা। গত রাতে আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। আমি যে ভিডিওটি পোস্ট করেছিলাম, তাতে আপনারা যেভাবে সাড়া দিয়েছেন এবং ইতিবাচক পরামর্শ দিয়েছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের এই ভালোবাসা অটুট থাকবে। আমাদের সম্পর্ক আরও শক্তিশালী হবে। ধন্যবাদ, ধন্যবাদ বন্ধুরা।'
আর প্রধানমন্ত্রীর এই নতুন ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বিরাট সাড়া ফেলে। পোস্ট হওয়ার মাত্র আট মিনিটের মধ্যেই ভিডিওটি ২৫ লক্ষেরও বেশি ভিউ পায়। শুধু তাই নয়, ইনস্টাগ্রামে ২০ মিনিটের মধ্যে ভিডিওটিতে ১০ লক্ষেরও বেশি লাইক পড়ে।
বৃহস্পতিবারও পোস্ট করেন
আসলে নিট প্রশ্নফাঁস আবহে বৃহস্পতিবার রাত ১১টা ৫২ মিনিটে প্রধানমন্ত্রী মোদী একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি দাবি করেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে এবং দোষীদের আরও কঠোর শাস্তি দিতে একটি খসড়া আইন কেন্দ্রীয় মন্ত্রিসভায় আলোচনা করা হবে।
প্রায় তিন মিনিটের ওই ভিডিও বার্তায় তিনি জানান, চলতি বর্ষাকালীন অধিবেশনেই সংসদে এই বিলটি দ্রুত পাশ করানোর জন্য সরকার সবরকম চেষ্টা করবে সরকার। আর ওই ভিডিও প্রকাশের পর রাতারাতি ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা প্রায় ১০ লক্ষ বেড়েছে।
ওই ভিডিওতে প্রশ্নপত্র ফাঁসকে অত্যন্ত গুরুতর সমস্যা বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'এই ধরনের ঘটনায় লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এবং তাঁদের অভিভাবকরা ভীষণ কষ্ট পেয়েছেন।' তিনি জানান, সরকার এই ধরনের অপরাধের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর।
তাঁর আরও মন্তব্য, 'এটি কোনও ছোটখাটো বিষয় নয়। এর ফলে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এবং তাঁদের পরিবারকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে।'
প্রধানমন্ত্রী জানান, নিট প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর সরকারের প্রথম অগ্রাধিকার ছিল, যাতে কোনও ছাত্রছাত্রীর একটা বছর নষ্ট না হয়। সেই কারণে দ্রুত পরীক্ষার ব্যবস্থা করে সরকার।
মন্ত্রীদের ইনস্টাগ্রামে সক্রিয় হওয়ার পরামর্শ
শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মন্ত্রীদের ইনস্টাগ্রামে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেন। সেখানে তিনি রিলস তৈরির মাধ্যমে তরুণদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর পক্ষে সওয়াল করেন।
বৈঠকে তিনি মন্ত্রীদের জিজ্ঞাসা করেন, তাঁদের মধ্যে কতজন নিয়মিত ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করেন? এরপরই প্রধানমন্ত্রীর পরামর্শ, দেশের বিপুল সংখ্যক তরুণ এই প্ল্যাটফর্মে সময় কাটান। তাই মন্ত্রীদের উচিত এই প্ল্যাটফর্ম ব্যবহার করা।