প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রুচিকা সিং তাঁকে গালিগালাজ করা কিশোরী আন্দোলনকারীকে ক্ষমা করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার রাতে ফের একটি সেলফি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে বলেন, 'ভুল থেকে শিখুন। এগিয়ে চলুন।' জেন জি আন্দোলনকারীদের নিয়ে এই প্রথম সরাসরি মুখ খোলেন তিনি। তাদের 'দুষ্টু বাচ্চা' বলে উল্লেখ করেন। পাশাপাশি তিনি বলেন, 'যন্তর মন্তরে কী হয়েছে আপনারা সকলেই দেখেছেন। এক কিশোরী আমায়, আমার মায়ের নাম তুলে গালাগাল করেছেন। কিন্তু ওকে আমি ক্ষমা করে দিলাম।' মোদীর এই বার্তার পরই ক্ষমা চাইল সেই কিশোরী।
মোদীর বার্তা
তিরিশ সেকেন্ডের বার্তায় 'দুষ্ট বাচ্চাদের' নৈতিকতার পাঠ শেখান নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'যন্তর মন্তরে যা হয়েছে তা দেশ তথা বিশ্বের মানুষ দেখেছেন। কিছু দুষ্টু ছেলেমেয়ে অশ্রাব্য গালিগালাজ করেছে। সমাজের পক্ষে অশোভনীয় এমন শব্দ প্রয়োগ করা হয়েছে। আমাকে তো গালমন্দ করা হয়েইছে, আমার মাকেও কটূক্তি করা হয়েছে। আমাদের মেয়েরা কী করে এমন ভাষা বলতে পারে! তবে আমি মনে করি ছোটবেলায় ভুল হয়েই থাকে। তবে এই সময় ভুল শোধরানোরও। এই ছোট ছোট ছেলেমেয়েদের বুকে টেনে নিয়ে সঠিক রাস্তা দেখানোই আমাদের কর্তব্য। ওদের আদালতে নিয়ে এসে বা শাস্তি দিয়ে পরিস্থিতির বদল হবে না।'
মোদী ব্যাখ্যা করে বলেন, 'দাঁতের নীচে কখনও কখনও জিভ চলে আসে। রক্তও পড়ে কিন্তু আমরা দাঁত ভেঙে ফেলি না। কারণ দাঁত ও জিভ-দুটোই আমাদের। এই বাচ্চারাও তো আমাদেরই। আসুন। দেশের জন্য সবাই একসঙ্গে এগোই। কিছু নতুন শিখি। আমি আপনাদের জন্যই জিতেছি। আপনাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভাবি। আমরা একসঙ্গে সেই কাজ করব।'
প্রধানমন্ত্রীকে গালি
ককরোচ জনতা পার্টির (CJP) বিক্ষোভের সময়ে প্রধানমন্ত্রীর উদ্দেশে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায় এক কিশোরীকে। ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড় বয়ে যায়। এ প্রসঙ্গে আজ তক-কে সাক্ষাৎকারে CJP প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেও বলেন, 'অশালীন মন্তব্য করা, গালিগালাজ বা ব্যক্তিগত আক্রমণ কখনওই আমরা সমর্থন করি না। তবে মিম বা রসিকতা কেন মেনে নিতে পারছেন না প্রধানমন্ত্রী?'
ক্ষমাপ্রার্থী সেই কিশোরী
দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চলাকালীন ২৩ জুলাই রুচিকা সিং নামে এক কিশোরীকে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে গালিগালাজ করতে শোনা গিয়েছিল। তার ভিডিও ভাইরাল হয়। ১৫ বছরের ওই কিশোরী জানিয়েছিল, কনট প্লেস থেকে বন্ধুদের সঙ্গে আন্দোলনস্থলে এসেছিল সে।
নতুন একটি ভিডিওতে তাকে হাত জোড় করে ক্ষমা চাইতে দেখা গেল। সে জানাচ্ছে, আশপাশে সকলেই প্রধানমন্ত্রীকে গালিগালাজ করছিল। সেই আবহে বয়ে গিয়ে সে-ও তাই করে ফেলেছে। তার বক্তব্য, 'আমার বয়স মাত্র ১৫। তবে আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য। অনেক বাজে বাজে কথা বলে ফেলেছি। এটাই আমার প্রথম এবং শেষ ভুল। গোটা দেশের কাছে ক্ষমা চাইছি। আমি লজ্জিত। নিজের চোখ তুলে তাকাতে পারছি না। দয়া করে আমায় ক্ষমা করে দিন।'