রাম মন্দিরে প্রধানমন্ত্রী (ফাইল ফটো) অযোধ্যার রাম মন্দিরের চূড়ায় উত্তোলিত হবে বিশালাকৃতির ধ্বজা। প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে পুরোদমে। আর সেই ধ্বজা উত্তোলন করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত থাকবেন RSS প্রধান মোহন ভাগবতও। এই মেগা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগামী ২৫ নভেম্বর।
কী বিশেষত্ব এই ধ্বজার?
জানা গিয়েছে, রাম মন্দিরের মাথায় উত্তোলিত হতে চলা ধ্বজাটি হবে ২২ ফুট লম্বা এবং ১১ ফুট চওড়া। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের কোষাধ্যক্ষ গোবিন্দ দেব গিরি বলেন, 'বাল্মিকীর রামায়ণে উল্লিখিত সূর্য, ওম এবং কোবিদার গাছের প্রতীক সম্বলিত একটি গেরুয়া পতাকা ২৫ নভেম্বর রাম মন্দিরের ১৬১ ফুট উঁচু চূড়ার উপরে ৪২ ফুট উঁচু স্তম্ভের উপর উত্তোলন করা হবে।' ৫ দিনের অনুষ্ঠান ২১ নভেম্বর থেকেই শুরু হবে, চলবে ২৫ তারিখ পর্যন্ত। সেদিনই উত্তোলন করা হবে এই বিশালাকৃতির ধ্বজা।
অযোধ্যা এবং কাশীর আচার্যরা এই অনুষ্ঠানের তত্ত্বাবধানে থাকবেন। রাম মন্দিরের শীর্ষে অবস্থিত এই পতাকার খুঁটি ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘূর্ণায়মান বিয়ারিং বল দ্বারা নিয়ন্ত্রিত হবে। পতাকাটি ৬০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝড় সহ্য করতে পারে। ঝড়ের সময়ে এটি ক্ষতিগ্রস্ত হবে না। পতাকার কাপড়ের গুণমান এবং ঝড় সহ্য করার ক্ষমতা ইতিমধ্যেই পরীক্ষা করা হয়েছে। পতাকা তৈরির সংস্থাটি ২৮ অক্টোবর ভবন কমিটির নির্মাণ সভায় এই আধুনিক ধ্বজাটির একটি ডেমো দেখাবে। এর ভিত্তিতে পতাকার কাপড় চূড়ান্ত করা হবে।
তাৎপর্য
রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উৎসবের মতোই জাঁকজমকপূর্ণ হতে চলেছে এই পতাকা উত্তোলন অনুষ্ঠান। একইসঙ্গে ২৫ নভেম্বর সূচনা হবে রাম মন্দির নির্মাণ সমাপ্তির সূচনাও। এছাড়াও ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিস্বের বৃহত্তম স্কাউট অ্যান্ড গাইড জাম্বোরিতে অংশগ্রহণকারীদের আমন্ত্রণ জানাবেন। যেখানে ৩৫ হাজারের বেশি অংশগ্রহণকারী উপস্থিত থাকবেন বলে অনুমান।