ফাইল ফটোমধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং জ্বালানি সঙ্কটের আশঙ্কার মাঝেই এবার গুরুত্বপূর্ণ বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী। শুক্রবার ঠিক সন্ধ্যা সাড়ে ৬টায় প্রত্যেক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করবেন নরেন্দ্র মোদী।পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশিই এই বৈঠকে ভারতের উপর তার কী কী প্রভাব, তা নিয়েও মতামত ব্যক্ত করবেন তিনি। এ যেন কোভিড কালের স্মৃতি ফেরাচ্ছে, মনে করছেন অধিকাংশই।
ভারতের প্রস্তুতি পর্ব, জ্বালানি সরবরাহ, শক্তি নিরাপত্তা এবং বিদেশ বসবাসকারী ভারতীয় নাগরিকদের সুরক্ষিত রাখার মতো বিষয়গুলিই মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী।
ঐক্যবদ্ধ ভাবে কাজ করার পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'টিম ইন্ডিয়া' স্পিরিটে সকলকে একজোট হওয়ার আহ্বান জানাবেন বলেই মনে করা হচ্ছে। রাজ্যগুলি যেন এই সময়ে কেন্দ্রের সঙ্গে সমন্বয় রক্ষা করে চলে, সে বিষয়টিও অনুরোধ করতে পারেন নমো।
বিশ্বব্যাপী অনিশ্চয়তার আবহে বিকল্প প্রস্তুতি এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখার বিষয় নিয়েও আলোচনা হতে পারে শুক্রবারের এই গুরুত্বপূর্ণ বৈঠকে।
ইরান যুদ্ধের জেরে বিশ্বজুড়ে যে ভয়াবহ মন্দা আসতে চলেছে, তা স্পষ্ট করেই দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইরান, ইজরায়েল ও আমেরিকার যুদ্ধের প্রভাব নিয়ে বলতে গিয়ে করোনার সেই কঠিন অবস্থার প্রসঙ্গ টেনেছেন প্রধানমন্ত্রী। যুদ্ধের আসন্ন প্রভাব নিয়ে দেশবাসীকে সতর্ক থাকা ও শান্ত থাকার বার্তা দিয়েছেন মোদী। বলেছেন, 'এই যুদ্ধের জেরে দুনিয়াজুড়ে যে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে, তার প্রভাব দীর্ঘ সময় ধরে জারি থাকার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় আমাদের তৈরি থাকতে হবে ও আমাদের একজোট থাকতে হবে।' এই প্রসঙ্গে বলতে গিয়েই করোনার সময়ের সেই কঠিন পরিস্থিতির কথা তুলে ধরেন তিনি।