পডট্য়াক্সি পড ট্যাক্সি। লাগবে না কোনও চালক। অথচ যাত্রীদের প্রতিদিন পৌঁছে দেবে নির্দিষ্ট গন্তব্যে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ভারতে এমন ট্যাক্সি এই প্রথম। প্রাথমিকভাবে যা চলবে মুম্বইয়ের কুর্লা ও বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের মধ্যে।
আজ মঙ্গলবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ এই অত্যাধুনিক চালকবিহীন পড ট্যাক্সি প্রকল্পের ভূমিপুজো করেন। এই প্রকল্পটি মুম্বইয়ের পরিবহণ ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা করবে বলেই মনে করা হচ্ছে। শোনা যাচ্ছে, মুম্বইয়ে সফলভাবে চললে দেশের আরও বড় শহরে এই পডট্যাক্সি চলতে পারে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও সুনেত্রা পাওয়ার।
বিকেসি মুম্বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। সেখানেই রয়েছে অনেক বহুজাতিক সংস্থা, ব্যাঙ্ক, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, হোটেল এবং ডায়মন্ড বোরস। এমন জনবহুল জায়গাতেই চলবে এই ট্যাক্সি।
৮.৮৫ কিমি দীর্ঘ রুট, তৈরি হবে ২২টি স্টেশন
প্রকল্পটির মোট দৈর্ঘ্য ৮.৮৫ কিলোমিটার এবং এটি ধাপে ধাপে নির্মাণ করা হবে। পুরো রুট জুড়ে মোট ২২টি স্টেশন তৈরি হবে, যেগুলি প্রায় ২০০ মিটার অন্তর থাকবে। প্রথম পর্যায়ে বান্দ্রা (পূর্ব) থেকে কুর্লা পর্যন্ত ৩.৩৬ কিলোমিটার পথ তৈরি করা হবে।
আধুনিক প্রযুক্তির ব্যবহার
এই পড ট্যাক্সিগুলি সম্পূর্ণ চালকবিহীন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-নির্ভর হবে। ব্যাটারিচালিত এই পড নির্দিষ্ট ট্র্যাকে চলবে। প্রতিটি পডে সর্বোচ্চ ৬ জন যাত্রী বসতে পারবেন। সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ৪০ কিলোমিটার।
প্রতি ১৫ সেকেন্ড অন্তর একটি করে পড পাওয়া যাবে। যাত্রীরা যে স্টেশন নির্বাচন করবেন, শুধুমাত্র সেখানেই এটি থামবে। ফলে যাতায়াত আরও দ্রুত এবং সহজ হবে।
ট্র্যাফিক কমানোর লক্ষ্য
এই প্রকল্পের জন্য বান্দ্রা পূর্বে একটি ডিপোও তৈরি করা হবে। এই পড ট্যাক্সি চালু হলে মুম্বইয়ের যানজট অনেকটাই কমবে। অনুমান করা হচ্ছে, ২০৩১ সালের মধ্যে প্রতিদিন প্রায় ১.০৯ লক্ষেরও বেশি যাত্রী এই পরিষেবা ব্যবহার করবেন।
কলকাতাতেও যানজটের সমস্যা আছে। অফিস টাইমে লাখ লাখ লোক রাস্তায় নেমে যানজটের মুখে পড়েন। এই শহরেও পড ট্যাক্সি চালু হলে সাধারণ মানুষের উপকার হবে।