দেশের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী।Pralhad Joshi new education minister: দেশের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী। শনিবার ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন। তারপর কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের গুরুদায়িত্ব তুলে দেওয়া হলো প্রহ্লাদ যোশীর হাতে। প্রধানমন্ত্রীর সুপারিশ মেনে রাষ্ট্রপতি তাঁকে তাঁর বর্তমান মন্ত্রকের পাশাপাশি শিক্ষা মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব প্রদান করার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন।
শনিবার সকালেই ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান। নিট প্রশ্নফাঁস বিতর্কে গত কয়েকদিনে তীব্র আন্দোলন চলেছে। আন্দোলনকারী ককরোচ জনতা পার্টির মূল দাবিই ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ। সরকার পক্ষের সঙ্গে একাধিকবার আলোচনাতেও বসেন CJP র প্রতিনিধিরা। শুরু থেকেই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অনড় ছিলেন। শেষ পর্যন্ত শনিবার পদত্যাগ করেন। তার কয়েক ঘণ্টা পরেই নতুন শিক্ষামন্ত্রী হিসাবে প্রহ্লাদ যোশীর নাম সামনে আসে।
প্রহ্লাদ যোশী কে?
প্রহ্লাদ ভেঙ্কটেশ যোশী কর্ণাটকের বর্ষীয়ান ও প্রভাবশালী BJP নেতা। ধারওয়াদ লোকসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করছেন। ২০০৪ সাল থেকে টানা একাধিকবার এই আসন থেকে জিতেছেন।
নব্বইয়ের দশকের শুরুতে, মূলত আরএসএস (RSS) অনুগামী হিসেবেই প্রহ্লাদ যোশীর পথচলা শুরু। কর্ণাটকের হুবলির ইদগাহ ময়দানে জাতীয় পতাকা উত্তোলনের আন্দোলন থেকে শিরোনামে উঠে আসেন। পাশাপাশি 'কাশ্মীর বাঁচাও' আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। পরে কর্ণাটক বিজেপির রাজ্য সভাপতির দায়িত্বও সামলেছেন।
২০০৪ সালে প্রথমবার লোকসভা ভোটে দাঁড়ান। তৎকালীন কংগ্রেস প্রার্থীকে হারান। এর পর ২০০৯, ২০১৪, ২০১৯ এবং ২০২৪ সালের ভোটেও ধারওয়াদ কেন্দ্র থেকে বিপুল ব্যবধানে জেতেন।
২০১৯ সালে মোদী সরকারের দ্বিতীয় দফায় পূর্ণাঙ্গ ক্যাবিনেট মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। সে সময় তিনি সংসদীয় বিষয় সক্রান্ত মন্ত্রক, কয়লা মন্ত্রক এবং খনি মন্ত্রকের দায়িত্ব সামলেছেন।
প্রশাসনিক দক্ষতা ও অভিজ্ঞতার কারণেই সম্ভবত তাঁকে এবার শিক্ষা মন্ত্রকের মতো স্পর্শকাতর দফতরের দায়িত্ব দেওয়া হল। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।