একেবারেই উল্টোটা ভাবছেন ভোটকৌশলী প্রশান্ত কিশোর।বিধানসভা নির্বাচনে ভরাডুবি। ভোটের পর দলে ভাঙন। তৃণমূল কংগ্রেস যে এখন এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তা বলাই বাহুল্য। এমনকি তৃণমূলের ভবিষ্য়ত নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। তবে এ বিষয়ে কিন্তু একেবারেই উল্টোটা ভাবছেন ভোটকৌশলী প্রশান্ত কিশোর। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেন। বাংলা তথা সর্বভারতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব যে এত সহজে কমবে না, সে বিষয়ে বেশ আত্মবিশ্বাসী পিকে। সম্প্রতি এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন তিনি।
'মমতা রাজনীতিতে থাকা মানেই তাঁর প্রাসঙ্গিকতা থাকবে'
প্রশান্ত কিশোর বলেন, বর্তমানে পরিস্থিতি নিঃসন্দেহে অস্থির। এর মূল কারণই হল নির্বাচনে দলের এই আকস্মিক খারাপ ফল। এর সুযোগ নিয়ে ভারতীয় জনতা পার্টি (BJP) মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। তৃণমূলকে ভাঙার জন্য ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনটাই দাবি প্রশান্ত কিশোরের।
পিকের পর্যবেক্ষণ, বাংলায় এখনও মমতার পক্ষে অন্তত আড়াই কোটি মানুষের ভোট রয়েছে। প্রশান্তের কথায়, 'যত দিন মমতা বন্দ্যোপাধ্যায় সক্রিয় রাজনীতিতে থাকবেন, তত দিন তাঁর প্রাসঙ্গিকতা বজায় থাকবে। নতুন কোনও দল তৈরি হলেও বা একের পর এক নেতা দলবদল করলেও, মমতার রাজনৈতিক প্রভাব এভাবে রাতারাতি শেষ করা সম্ভব নয়।'
নেত্রী মমতায় আজও মুগ্ধ প্রশান্ত কিশোর
মমতার লড়াইয়ের ইতিহাসও তুলে ধরে পিকে। বলেন, 'দিদির হাজারটা খামতি থাকতে পারে। কিন্তু তিনি নিজের ঘাম ও রক্ত জল করে এই দলটা তৈরি করেছেন।' বলেন, অন্য কোনও নেতা হলে এভাবে একা একটা দল চালাতে পারতেন না। দল গঠন থেকে শুরু করে দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ভীষণ স্ট্রাগলের মধ্যে দিয়ে মমতা উঠে এসেছেন। ঠিক সেই কারণেই আজও সাধারণ মানুষ ও সংগঠনের ওপর মমতার এত জোর রয়েছে।